চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনীর ‘পদক্ষেপ’
ক্যাম্পাসে বিক্ষিপ্তভাবে অনেকেই ছবি আঁকেন, কেউ কেউ ভালো ক্যালিগ্রাফি করেন। তাঁদের সবাইকে এক করতে একটি সংগঠন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীপ্র বনিক। চারুকলা ইনস্টিটিউটের এই শিক্ষার্থীর প্রতিষ্ঠিত সংগঠনটির নাম ‘চিটাগং ইউনিভার্সিটি আর্ট ক্লাব’।
এই আর্ট ক্লাবের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর গ্যালারিতে হয়ে গেল ‘প্যসো গ্রুপ আর্ট এক্সিবিশন’ শীর্ষক একটি দলীয় শিল্পকর্ম প্রদর্শনী। এটি ২০ জুন শুরু হয়ে শেষ হয় ২২ জুন। ছোট-বড় প্রায় ১০০টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। এর মধ্যে পেইন্টিং, ল্যান্ডস্কেপ পেইন্টিং, অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং ছাড়াও টেরাকোটা, আলোকচিত্র, ক্যালিগ্রাফি, কাচ, ব্রোঞ্জের ভাস্কর্যসহ নানা কিছু ছিল।
প্রদর্শনীর নাম ‘প্যসো’ কেন? দীপ্র বলেন, ‘এটি স্প্যানিশ শব্দ। এর অর্থ পদক্ষেপ। দলীয় প্রদর্শনীটি ছিল আমাদের আর্ট ক্লাবের প্রথম পদক্ষেপ। এ জন্য এই নাম রাখা হয়েছে।’ সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকত। প্রতিদিন প্রায় দুই হাজার দর্শনার্থী প্রদর্শনীটি উপভোগ করেছেন। দীপ্র বলেন, ‘ভেবেছিলাম, গ্যালারি হয়তো খালিই থাকবে, ২-৩ জন এসে দেখে যাবে। তা কিন্তু হয়নি। প্রচুর দর্শনার্থী এসেছেন। একটা সেকেন্ডের জন্য গ্যালারি ফাঁকা ছিল না।’
আর্ট ক্লাবকে সবার সঙ্গে পরিচয় করানো এবং নিজ উদ্যোগে যাঁরা শিল্পকর্ম করেন, তাঁদের কাজ সামনে নিয়ে আসা—এই ছিল প্রদর্শনীটি করার উদ্দেশ্য। সেই জায়গায় নিজেদের শতভাগ সফল মনে করছেন ক্লাব–সংশ্লিষ্টরা। জানালেন, প্রতিবছরই চারটি প্রদর্শনী, কর্মশালা ও আর্ট ক্যাম্প করার পরিকল্পনা তাঁদের আছে।