আপনিও কি ই–মেইল ‘ভয়’ পান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক কর্মীর সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছিলেন, ‘ভর্তিসংক্রান্ত নানা জিজ্ঞাসা নিয়ে অনেকেই আমার কাছে আসে। যখনই বলি তোমার যা কিছু জানার, লিখে একটা ই–মেইল করে দাও; তখনই অনেকে পিছিয়ে যায়। ই–মেইল লিখতে কেন যেন সংশয়ে থাকে।’

আরও পড়ুন

এটা সত্যি। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যাঁরা ই-মেইল লিখতে, এমনকি পড়তেও ভয় পান। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে ‘ই–মেইল ফোবিয়া’ বা ‘ই–মেইল অ্যাংজাইটি’। ফোবিয়া হলো একধরনের মানসিক অবস্থা, যার কারণে মানুষ সামান্য ব্যাপারেও অহেতুক ভয় পান। আমরা কম–বেশি সবাই কোনো না কোনো ফোবিয়ায় আক্রান্ত। পৃথিবীর ছোট-বড় অসংখ্য ফোবিয়ার একটি হলো এই ই–মেইল অ্যাংজাইটি।

‘ই–মেইল উদ্বেগ’ সামাজিক ভীতির (সোশ্যাল ফোবিয়া) অন্তর্ভুক্ত। এই উদ্বেগের কিছু লক্ষণ শারীরিক উপসর্গের মাধ্যমেও প্রকাশ পায়। লন্ডনের ডিএইচ কনসাল্টিংয়ের প্রধান মনোবিজ্ঞানী ড্যানিয়েল হাইগের মতে, এটি ভয়, নেতিবাচক চিন্তা, দ্রুত হৃৎস্পন্দন, মাথা ঝিমঝিম, মাথা ঘোরানো, বমি বমি ভাব, দ্রুত শ্বাস–প্রশ্বাস, ঘাম ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায়।

‘ই–মেইল উদ্বেগ’ সৃষ্টি করতে পারে এমন কিছু সাধারণ কারণ হলো—

ই–মেইল পড়তে ভয়: নতুন কোনো ই–মেইল পেলে সেটিতে কেমন ধরনের তথ্য থাকতে পারে, তা নিয়ে নেতিবাচক চিন্তা। সেই চিন্তা থেকে সৃষ্ট উদ্বেগ ই–মেইলটি পড়তে বাধা দেয় এবং মানসিক চাপ সৃষ্টি করে।

ই–মেইল পাঠাতে ভয়: কাউকে ই–মেইল পাঠানোর ক্ষেত্রে ‘সেন্ড’ অপশনটি চাপার আগে এই উদ্বেগ কাজ করে। সে ক্ষেত্রে ই–মেইলটি কীভাবে গৃহীত হবে কিংবা কারও ই–মেইলের প্রত্যুত্তর দেওয়ার ক্ষেত্রে কী ধরনের ই-মেইল লেখা উচিত তা নিয়ে বারবার পর্যালোচনা, পুনর্লিখনও এই উদ্বেগ সৃষ্টি করে।

‘রিপ্লাই’ নিয়ে উদ্বেগ: কখনো কোনো গুরুত্বপূর্ণ ই–মেইলের উত্তর না পেলে কিংবা উত্তর পেতে প্রত্যাশিত সময় পার হয়ে গেলে তা নিয়ে স্বভাবতই অনেক নেতিবাচক চিন্তা শুরু হয়, যা মানসিক চাপ সৃষ্টি করে। উত্তর না পাওয়া পর্যন্ত এই উদ্বেগ সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে পারে।

অতিরিক্ত ই–মেইল চেক: সমীক্ষায় জানা গেছে, সাধারণত একজন মানুষ দিনে গড়ে ১৫ বার ই–মেইল চেক করেন। তবে ই–মেইল উদ্বেগ দিনে শতবার ই–মেইল চেক করতে বাধ্য করে, যার ফলে মস্তিষ্কে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।

ই–মেইল খুলতে ভয়: ব্যস্ততার কারণে পর্যাপ্ত সময়ের অভাবে অনেক সময় ই–মেইল চেক করার সুযোগ পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে ই–মেইলের উত্তরে কী লেখা যায়, সেটি ভাবতে গিয়েও সময় চলে যায়। এসব কারণে ইনবক্সে অসংখ্য ‘আনরিড ই–মেইল’ জমতে শুরু করে, যা পরে মানসিক চাপ ও উদ্বেগ সৃষ্টি করে।

ইন্টারনেট সংযোগে বিঘ্ন: ই–মেইল–সংক্রান্ত কাজ করার সময় ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হলে কাজে বাধার সৃষ্টি হয়। তখনো এই উদ্বেগ সৃষ্টি হতে পারে।

ই–মেইল উদ্বেগ দূর করতে

ই–মেইল অ্যাংজাইটি দূর করতে হলে প্রথমত আপনার উদ্বেগের কারণটি খুঁজে বের করতে হবে। সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সময় মেনে কাজ করা, গুরুত্বপূর্ণ ই–মেইলগুলো আগে দেখা আপনার উদ্বেগ কমাতে সাহায্য করবে। সঠিক আদবকেতা মেনে পেশাদারির সঙ্গে ই–মেইল লেখা হলে এবং ই–মেইল পাঠানোর আগে একবার প্রুফ রিড করে নিলে ছোট-বড় কিংবা ভাষাগত ভুলের আশঙ্কা অনেকটাই কমে যায়। কর্মক্ষেত্রে নেতিবাচক উত্তরকে ব্যক্তিগতভাবে না নিয়ে পেশাদারির সঙ্গে মোকাবিলা করা উচিত। সব সময় বাস্তবসম্মত প্রত্যাশা, ইতিবাচক চিন্তা এবং ধৈর্যশীলতা আপনার এই উদ্বেগ কমাতে সাহায্য করবে।

সূত্র: সাইকিসেন্ট্রাল ডটকম