শুরু হলো ফিউচারনেশনের যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিউচারনেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
ছবি: সাবিনা ইয়াসমিন

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো ফিউচারনেশনের। গ্রামীণফোন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অংশীদারত্বমূলক কর্মসূচি এটি। গতকাল রোববার অনুষ্ঠানটির আয়োজন করা হয় রাজধানীর হোটেল শেরাটনে। দেশের ভবিষ্যৎ উন্নয়নে সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন খাতের একসঙ্গে কাজ করার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে ফিউচারনেশন।

‘ফিউচারনেশন: গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্ট ইন প্রাইভেট সেক্টর প্রোগ্রাম’ শীর্ষক এ অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, একই প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন, ইউএনডিপির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি ও গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দক্ষ জনশক্তি তৈরিতে সাহায্য এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ফিউচারনেশন গঠনের মূল লক্ষ্য। ফলে স্নাতক সম্পন্ন করা তরুণদের জন্য উন্মোচিত হবে টেকসই অর্থনৈতিক সুযোগ। আশা করা হয়, এই তরুণেরা শিল্প খাতের নতুন ধারার সঙ্গে মানিয়ে নিতে পারবেন। এ কর্মসূচির মাধ্যমে ডিজিটাল ও আর্থিক সাক্ষরতা, যোগাযোগ, ব্যবসায়িক মূল্যায়নসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে তরুণদের প্রশিক্ষণ দেওয়া হবে। যার ফলে বেকারত্বের হার কমে আসবে বলেও আশা করেন ফিউচারনেশনের উদ্যোক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ
ছবি: সাবিনা ইয়াসমিন

দেশের তরুণ ও সম্ভাবনাময় মানবসম্পদকে শক্তিশালী ইকোসিস্টেমের মাধ্যমে দক্ষ করে তোলাও ফিউচারনেশনের অন্যতম লক্ষ্য, যেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশে সবার জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করা সম্ভব হয়। এ কর্মসূচির মাধ্যমে নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করে তরুণেরা দেশ ও দেশের বাইরে উচ্চ বেতনের চাকরিতে যোগ দিতে পারবেন বলে আশা করে হচ্ছে। আর তা হলে দেশের অর্থনীতির অগ্রগতিতে ভূমিকা রাখতে পারবেন তরুণেরা।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জির স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘সঠিক নীতি প্রণয়ন থেকে বাস্তবায়ন ও মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঠিক পরিকল্পনায় আমরা ব্রডব্যান্ড কানেকশন ইউনিয়ন, এমনকি গ্রাম পর্যায়েও নিয়ে যেতে পেরেছি। গ্রাম পর্যায়েও এখন ফোরজি নেটওয়ার্ক পাওয়া যায়। আমাদের সব ডিজিটাল ইউনিয়ন কেন্দ্র উচ্চ ক্ষমতাসম্পন্ন রিলায়েবল অপটিক্যাল কেব্‌লের আওতাভুক্ত। তাই যেকোনো তরুণ, যেকোনো ছাত্র সেখানে বসেই অনলাইনে কাজ করতে পারে। অনেক তরুণই এখন অনলাইন ফ্রিল্যান্সিং কাজ করে ভালো টাকা উপার্জন করছে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান
ছবি: সাবিনা ইয়াসমিন

অনুষ্ঠানের প্রধান অতিথি সালমান এফ রহমান পেশাভিত্তিক লেখাপড়ার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘চিকিৎসক, প্রকৌশলী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এমবিএসহ পেশাজীবী ডিগ্রি নেওয়া শিক্ষার্থীরা খুব কমই বেকার থাকেন। তাই সাধারণ ডিগ্রি নেওয়া শিক্ষার্থীদের মূল ডিগ্রির পাশাপাশি অন্যান্য দক্ষতা বাড়াতে হবে। প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের যোগাযোগ থাকে। তাদের সঙ্গে কথা বলে এ রকম কাঠামো দাঁড় করানো উচিত, যেখানে চাকরির প্রয়োজনীয় দক্ষতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো পাঠ্যক্রম সাজাবে। ফলে খুব সহজেই স্নাতক শেষ করেই তরুণেরা চাকরিতে প্রবেশের জন্য তৈরি হবে। এটা সম্ভব করতে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়টা জরুরি।’

ফিউচারনেশন প্রোগ্রামের সঙ্গে একাডেমিয়া হিসেবে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটিসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান।