২০১৪ সালের ফাইনালে সেই হারের পর যা লিখেছিলেন দি মারিয়া

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের অন্যতম নায়ক দি মারিয়া। কিন্তু ২০১৪ সালে জার্মানির কাছে ফাইনালে ১–০ গোলে হারার পর তিনিই রীতিমতো ‘ভিলেন’ বনে গিয়েছিলেন। সেবার ভীষণ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। পরে ‘দ্য প্লেয়ারস ট্রিবিউনে’ বলেছিলেন তাঁর দীর্ঘ সংগ্রামের গল্প। সংক্ষিপ্ত অনুবাদ ছাপা হলো আজ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের বিপক্ষে জয়ের অন্যতম নায়ক তিনি
ছবি: এএফপি

আমাদের বাড়ির দেয়ালের রংটা সাদা হওয়ার কথা। কিন্তু কখনো সাদা দেখেছি বলে মনে পড়ে না। শুরুতে ধূসর। এরপর ধীরে ধীরে কয়লার ধুলোয় কালো হয়ে যেতে দেখেছি। আমার বাবা ছিলেন কয়লাশ্রমিক। কয়লার খনিতে কাজ করতেন, তা নয়। তিনি কয়লা তৈরি করতেন বাড়ির পেছনে। ব্যাগভর্তি যে কয়লা আপনারা বারবিকিউ করার জন্য কিনে নেন, নিশ্চয়ই সেটা কোথাও না কোথাও তৈরি হয়।

আমাদের বাড়ির পেছনে, টিনের চালার নিচে বাবা কাজ করতেন। অবশ্য তিনি একা নন। তাঁর সঙ্গে দুজন খুদে সহকারী ছিল—আমি আর আমার ছোট বোন। ৯-১০ বছর বয়সটাই বস্তায় কয়লা ভরার জন্য সবচেয়ে ভালো। কারণ, কাজটাকে তখন একটা খেলা বানিয়ে নেওয়া যায়। যখন ট্রাক আসত, বাড়ির পেছন থেকে শোবার ঘর পেরিয়ে সামনের দরজা পর্যন্ত কয়লার বস্তা টেনে নিয়ে যেতে হতো। এ কারণেই আমাদের ঘরটা দিনে দিনে কালো হয়ে গিয়েছিল।

আরও পড়ুন

কিন্তু এভাবেই তো আমাদের ঘরে খাওয়া জুটত। এভাবেই বাবা আমাদের ঘর টিকিয়ে রাখার বন্দোবস্ত করেছিলেন।

 

ফুটবলের কাছে ঋণ

বাবা যে শুরু থেকেই কয়লার ব্যবসা করতেন, তা নয়। বাড়ির সামনের ঘরটাকে তিনি একটা দোকান হিসেবে ব্যবহারের চেষ্টা করেছিলেন। ড্রামভর্তি সাবান, ব্লিচ, ক্লোরিন—এমন নানা উপকরণ এনে পানির সঙ্গে মিশিয়ে ছোট ছোট বোতলে ভরে বিক্রি করতেন। আমাদের খাবার ঘরটা ছিল বিক্রয়কেন্দ্র। আপনি যদি আমাদের শহরে থাকতেন, তাহলে বুঝতেন, থালা-বাসন-ঘরদোর পরিষ্কার করার জন্য বাজারের তরল সাবানের চেয়ে ডি মারিয়ার মায়ের দোকানের বোতলটাই সাশ্রয়ী ছিল।

সব ঠিক চলছিল। কিন্তু একদিন বিরাট গন্ডগোল বাধাল বাড়ির ছোট ছেলে। মরতে মরতে সে বেঁচে গিয়েছিল সেদিন।

হ্যাঁ, সেই দস্যি ছেলে আমি। না না, অত দুষ্টুও ছিলাম না। একটু চঞ্চল আর খুব বেশি অস্থির ছিলাম, এই যা। একদিন দোকানে মা বিকিকিনি করছিলেন, আমি ওয়াকারে খেলছিলাম। সামনের দরজা খোলা ছিল। যেন ক্রেতারা সোজা ভেতরে ঢুকতে পারে। মায়ের একটু অমনোযোগিতার সুযোগ নিয়ে আমি সেই দরজা দিয়েই সোজা বের হয়ে গেলাম। একটু ভ্রমণে বেরোতে চেয়েছিলাম, এই আর কী!

চিরচেনা ভঙ্গিতে দি মারিয়া
ছবি: এএফপি

হাঁটতে হাঁটতে আমি রাস্তার মাঝখানে চলে যাই। একটা গাড়ি আমাকে আঘাত করার ঠিক আগমুহূর্তে মা ছোঁ মেরে আমাকে কোলে ‍তুলে নেন। ঘটনাটা ভীষণ নাটকীয়। অন্তত মায়ের বর্ণনা শুনলে তা-ই মনে হয়। এই ঘটনার পর দোকান বন্ধ হয়ে গেল। বাবাকে মা বলেছিলেন, দোকান করা খুব ঝুঁকিপূর্ণ। আমাদের অন্য পথ খোঁজা দরকার।

এরপর কয়লার কাজ শুরু।

মনে আছে, একদিন বাবার সঙ্গে ব্যাগে কয়লা ভরছিলাম। সেদিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আর বৃষ্টি হচ্ছিল। আমাদের মাথার ওপর ছিল কেবল একটা পাতলা টিনের ছাদ। কিছুক্ষণ পর স্কুলের সময় হলে আমি হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। কারণ, স্কুলঘরে খানিকটা উষ্ণতা ছিল। বাবাকে অবশ্য ওই ঠান্ডার মধ্যেই দিনভর কাজ করতে হয়েছে। কারণ, কাজ না করলে হয়তো আমাদের সেদিনের খাবার জুটত না। সে সময় ছোট্ট আমি ভাবতাম, নিশ্চয়ই একদিন সব ঠিক হয়ে যাবে।

এ কারণেই আমি ফুটবলের কাছে ঋণী।

 

মা-বাবা দুজন দুই দলে

আমি ফুটবল খেলা শুরু করেছিলাম খুব ছোটবেলায়। কারণ, আমাকে সামলাতে গিয়ে মা পাগল হয়ে যাচ্ছিলেন। চার বছর বয়সে তিনি আমাকে নিয়ে গেলেন চিকিৎসকের কাছে। বললেন, ‘ডাক্তার, আমার ছেলের দৌড়াদৌড়ি তো থামতেই চায় না। কী করি বলেন তো?’

আর্জেন্টিনার ডাক্তার। বুঝতেই পারছেন। আমার দিকে ফিরে তিনি বলেছিলেন, ‘বড় হয়ে কী হতে চাও তুমি? ফুটবলার?’

ব্যস, এভাবেই শুরু।

মনে আছে, আমি এত পাগলের মতো খেলতাম যে প্রতি দুই মাসে আমার বুট জুতা আক্ষরিক অর্থেই ভেঙে দুই ভাগ হয়ে যেত। মা আঠা দিয়ে জোড়া দিয়ে দিতেন। কারণ, নতুন জুতা কেনার মতো টাকা ছিল না। সাত বছর বয়সে নিশ্চয়ই বেশ ভালো খেলতে শুরু করেছিলাম। স্থানীয় দলের হয়ে সেই মৌসুমে ৬৪টি গোল করেছিলাম। আর সে কারণেই একদিন মা হন্তদন্ত হয়ে আমার ঘরে ঢুকে বলেছিলেন, ‘একটা রেডিও তোমার সাক্ষাৎকার নিতে চায়!’ রেডিও স্টেশনে গিয়েছিলাম বটে। কিন্তু আমি এত লাজুক ছিলাম যে প্রায় কিছুই বলতে পারিনি।

সে বছরই রোজারিও সেন্ট্রালের ছোটদের দলের কোচের ফোন আসে বাবার কাছে। কোচ চাইছিলেন, আমি তাঁর দলে খেলি। ঘটনাটা খুব মজার। কারণ, আমার বাবা ছিলেন নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের পাঁড় সমর্থক। অন্যদিকে মা সমর্থন করতেন সেন্ট্রাল। আপনি যদি রোজারিওর বাসিন্দা না হন, তাহলে এই দুই দলের সমর্থকদের রেষারেষি কতটা প্রবল, ভাবতেও পারবেন না। যখন খেলা হতো, প্রতিটি গোলের পর মা কিংবা বাবা তাঁর স্বরতন্ত্রীর সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করতেন। যে জয় পেত, পরাজিত দলের সমর্থককে সে পুরো মাস খেপাত। অতএব বুঝতেই পারছেন, সেন্ট্রাল থেকে ডাক আসায় মা ভীষণ রোমাঞ্চিত ছিলেন।

কিন্তু বাবা বলে বসলেন, ‘আমি কিছু জানি না বাপু। জায়গাটা অনেক দূরে—৯ কিলোমিটার! আমাদের গাড়িও নেই। আমরা ওকে কীভাবে নিয়ে যাব?’

মা বললেন, ‘না না! একদম ভেবো না। আমি ওকে নিয়ে যাব।’

সাইকেলের নাম গ্রেসিয়েলা

গ্রেসিয়েলা হলো একটা হলুদরঙা, পুরোনো, ভাঙাচোরা সাইকেল। মা রোজ সাইকেল চালিয়ে আমাকে প্রশিক্ষণে নিয়ে যেতেন। সাইকেলের সামনে একটা ছোট্ট ঝুড়ি ছিল। পেছনে একজন বসার মতো জায়গা। কিন্তু সমস্যা হলো, আমার ছোট বোনকেও সঙ্গে নিয়ে যেতে হতো। অগত্যা বাবা কাঠ দিয়ে একটা আসন বানিয়ে সাইকেলের সঙ্গে লাগিয়ে দিলেন। আমার বোন সেখানে বসত।

কল্পনা করুন। সাইকেল নিয়ে ছুটছেন এক নারী। পেছনে তাঁর ছেলে বসা। এক পাশে তাঁর মেয়ে। সামনের ঝুড়িতে ছেলের খেলার সরঞ্জাম আর টুকটাক খাবার। পাহাড়ি রাস্তা। কখনো উঁচু, কখনো নিচু। কখনো বৃষ্টি। কখনো প্রচণ্ড ঠান্ডা। কখনো অন্ধকার। কিছুতেই কিছু যায়–আসেনি। মা প্যাডেল ঘুরিয়ে গেছেন। যেখানেই যেতে হোক, গ্রেসিয়েলা আমাদের নিয়ে গেছে।

আজকের দিনে লোকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে কেবল ফলটা দেখে, এর দামটা দেখে না। গন্তব্যটা দেখে, যাত্রাটা দেখে না। তারা দেখে, এক হাতে আমার কন্যা, আরেক হাতে চ্যাম্পিয়নস লিগের ট্রফি হাতে আমি হাসছি। তারা ভাবে, কী দারুণ! কিন্তু তারা জানে না, ছবিটা তোলার ঠিক এক বছর আগেই প্রিম্যাচিওর অবস্থায় আমার মেয়েটা জন্মেছে। একগাদা তার, টিউব শরীরের সঙ্গে লাগিয়ে দুই মাস তাকে হাসপাতালে কাটাতে হয়েছে।

হয়তো ট্রফিসহ আমার কান্নারত ছবি দেখে সবাই ভাবে, আমি ফুটবলের জন্য কাঁদছি। কিন্তু বাস্তবে, আমি তো কাঁদি আমার মেয়ের জন্য। আমার মেয়ে ট্রফি জেতার দৃশ্য দেখার সুযোগ পাচ্ছে, এর চেয়ে বিশেষ আর কী হতে পারে!

সবাই শুধু বিশ্বকাপের ফাইনালটা দেখে। ফলটা দেখে।

০-১।

কিন্তু এই মুহূর্তটা পাওয়ার আগে আমাদের কঠিন সময়গুলো দেখে না।

আমাদের ঘরের দেয়াল সাদা থেকে কালো হয়ে যেতে দেখে না।

দেখে না একটা টিনের ছাদ মাথায় নিয়ে আমার বাবা কীভাবে দিনের পর দিন কাজ করে গেছেন।

গ্রেসিয়েলার পিঠে চড়ে আমার মা কীভাবে শীতে-বৃষ্টিতে তাঁর দুই সন্তানকে নিয়ে ছুটেছেন, কেউ জানে না। (সংক্ষেপিত)

ইংরেজি থেকে অনূদিত