বিপদেও পাশে ছিল প্রথম আলো
একটু ভাবুন তো, গত ২৬ বছর প্রথম আলো আপনার কী কী উপকার করেছে? হয়তো আপনি প্রথম আলোকে কখনো ধন্যবাদ জানিয়েছেন সত্য উন্মোচন করার জন্য, হয়তো প্রথম আলো আপনার জানার তেষ্টা মিটিয়েছে কিংবা হয়তো আপনার এলাকায় প্রথম আলো পৌঁছে গেছে ত্রাণ নিয়ে। প্রচলিত অর্থে সংবাদপত্রের দায়িত্বের যে সীমানা, তা পেরিয়ে বহুদূর বিস্তৃত প্রথম আলোর কর্মকাণ্ড। এসব তো সবাই জানেন, যা আপনি জানেন না, তা-ই বরং আজ বলি।
তখন করোনাকাল
আমি চিকিৎসক, আট বছর ধরে আছি এই পেশায়। আর প্রথম আলোর ফিচার বিভাগে প্রদায়ক হিসেবে কাজ করছি ১১ বছর ধরে। বুঝতেই পারছেন, প্রথম আলোর সঙ্গে পথচলার শুরু আমার শিক্ষাজীবনে। করোনাকালীন বিপর্যয়ে প্রথমবারের মতো উপলব্ধি করেছিলাম, প্রথম আলো পরিবারের সদস্যরা আমার বিপদে পাশে আছেন সব সময়। এখানে আমি কোনো ‘চাকরি’ করি না, এখানে আমার কোনো ‘চুক্তিপত্র’ নেই, কেবল ‘ফ্রিল্যান্স’ লেখালেখি করি। তবু আমার প্রতি স্নেহ-মমতার হাত বাড়িয়ে রেখেছেন তাঁরা। আমিও এই পরিবারেরই একজন হয়ে উঠেছি সবার ভালোবাসায়। ভয়াবহতম বিপদেও নিঃস্বার্থভাবে আমার পাশে ছিল প্রথম আলো।
একটি সড়ক দুর্ঘটনা এবং…
আড়াই-তিন বছর আগের কথা। ঢাকার কারওয়ান বাজার এলাকায় আকস্মিকভাবে সড়ক দুর্ঘটনার শিকার আমি। প্রথম ধাক্কাটা সামলে মুঠোফোন থেকে ডায়াল করি ফিচার বিভাগের একজন কর্মীকে। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলেন তিনি। অথচ আমার নিজের কর্মস্থলও সেখান থেকে খুব একটা দূরে নয়। পান্থপথ। স্কয়ার হাসপাতাল লিমিটেড। আহত অবস্থায় সেখানে পৌঁছানোও আমার পক্ষে সম্ভব ছিল। পরে ভেবে দেখেছি, ওই সময় তো চিকিৎসক হিসেবে নিজের চিকিৎসার জন্য নিজ কর্মস্থলে যাওয়ার ব্যবস্থা করাই আমার প্রথম চিন্তা হওয়ার কথা। তাহলে কেন আমি প্রথম আলোতে ফোন করলাম? সেটা কি দুর্ঘটনাস্থল থেকে নিকটতম অবস্থানের জন্য? নিজের কাছে যে উত্তর আমি পেয়েছি, তা হলো পথের দূরত্বের চেয়ে মনের দূরত্বটাই দুর্ঘটনার ওই সময়টায় বোধ হয় আমার কাছে মুখ্য হয়ে উঠেছিল। আমার শারীরিক পরিস্থিতি বেশি খারাপ হলে প্রথম আলোই যে আমাকে প্রাতিষ্ঠানিক সেবার জন্য দ্রুততম সময়ে আমার কর্মস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করত, এ ব্যাপারেও আমার সন্দেহ নেই।
প্রিয় প্রাণের সন্ধানে
এই ঘটনা এ বছরেরই জুন মাসের। ক্ষমতাসীন কিছু ব্যক্তির ক্ষোভের শিকার হয় আমার পোষা কয়েকটি কুকুর। ধরে নিয়ে যাওয়া হয় তাদের। এ কাজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি অনৈতিকভাবে ব্যবহার করা হয়। এখানে বলে রাখা প্রয়োজন, কুকুরকে আঘাত করা, হত্যা করা, এমনকি এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার ব্যাপারেও কিন্তু আইনগত বাধা আছে। এই অন্যায়ের অংশীদার ব্যক্তিরাও তা জানতেন। তাই প্রত্যক্ষদর্শী সাধারণ মানুষ যখন ঘটনাটির ভিডিও করতে চেয়েছেন, তাঁদের বাধা দেওয়া হয়েছিল। প্রিয় কুকুরদের ধরে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে পাগলপ্রায় হয়ে পড়লাম। খুব সকালেই ফোন করলাম প্রথম আলোর ফিচার বিভাগের আরেক কর্মীকে। তিনি তাঁর জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করলেন কুকুরগুলোর অবস্থান জানতে। কোনোভাবেই খোঁজ মিলছিল না।
তবে ততক্ষণে ফিচার বিভাগের সবাই জেনে গেছেন আমার এই বিপদের কথা। এবার ফিচার বিভাগের আরেক কর্মী নিজেই ফোন করলেন আমাকে। নতুন উপায় খুঁজে দিলেন। আশার আলো দেখতে পেলাম। আবারও উপলব্ধি করলাম, আমি সত্যিই এই পরিবারের সঙ্গে ভালোবাসার বন্ধনে জড়িয়ে আছি।
পুনশ্চ: দুটি কুকুরকে শেষ পর্যন্ত কীভাবে ফেরত পেয়েছি, তা আরেক গল্প। শুধু এটুকু জেনে রাখুন, এ দেশের কোনো জায়গা থেকে কুকুরকে অপসারণ করার ক্ষমতা কোনো নগরপিতার নেই। কোনো মন্ত্রী, আমলা, কোটিপতি কেউই সেই অধিকার রাখেন না। এ হলো আইনের চোখে গর্হিত অপরাধ। আর পথেঘাটে কুকুর দেখে ভয় পাওয়ারও কিছু নেই। আমরা ওদের ‘বিরক্ত’ করলে ওরা ‘ঘেউ ঘেউ’ করে প্রতিবাদ জানায়। অকারণে কুকুর কখনো কামড়ায় না। একটু উচ্ছিষ্ট পেলেই ওরা দারুণ খুশি হয়ে যায়। তবে কুকুরের সঙ্গে ভুল আচরণ করার কারণে কেউ যদি কুকুরের কামড় খেয়েও বসেন, তাহলেও ভয় পাবেন না। সাবান-পানি দিয়ে ভালোভাবে ১৫ মিনিট ক্ষতস্থান ধুয়ে ফেলে দ্রুত জলাতঙ্কের টিকা নিন। এই টিকা কিন্তু ভয়ংকর কিছু নয়। ১৪ দিন নয়, মাত্র তিনটি দিন টিকা নিতে হয়। সেটিও কিন্তু নাভির গোড়ায় নয়, হাতে। তবে খুব কম বয়সীদের ক্ষেত্রে ঊরুতে। এসব বিষয় নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। প্রথম আলোর মাধ্যমে কিন্তু সেই ভুলগুলোও ভাঙিয়ে দেওয়া গেল।