প্রতিযোগিতা ছিল প্লাস্টিকের বিরুদ্ধে
প্রতিযোগিতাটির নাম ছিল ‘গ্লোবাল এনভায়রনমেন্ট সলিউশন চ্যালেঞ্জ’। ১৫ মার্চ শুরু হয়ে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে শেষ হয় এ আয়োজন। এ বছর আয়োজক ছিল চীনের থংজি বিশ্ববিদ্যালয়।
প্রতিবছর এ প্রতিযোগিতায় পরিবেশসংশ্লিষ্ট একটি সমস্যা নির্ধারণ করা হয়। অংশগ্রহণকারীরা সমস্যা সমাধানের প্রস্তাব জমা দেন। কয়েক ধাপ পেরিয়ে ছয়টি দলকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়। এই ছয় দল আন্তর্জাতিক পরিবেশ দিবসে সপ্তাহব্যাপী একটি সম্মেলনে যোগ দেওয়ার দাওয়াত পায় এবং সেখানেই তারা তাদের সমাধানটি তুলে ধরে। এবারের প্রতিযোগিতায় ১২২টি বিশ্ববিদ্যালয় থেকে ৮৫টি প্রকল্প জমা হয়েছিল। নানা ধাপ পেরিয়ে ছয়টি প্রকল্পকে পুরস্কৃত করা হয়েছে।
দ্বিতীয় অবস্থান নিশ্চিত করে এ বছর পুরস্কৃত হয়েছে আমার দল। আমি অবশ্য বাংলাদেশ থেকে নয়, চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবেই অংশ নিয়েছিলাম। আমাদের দলটাকে মোটামুটি ‘আন্তর্জাতিক’ বলা যায়। দলের দুজন বাংলাদেশি (আমি ও মোহাম্মদ সাজিদুশ শকেরীন), একজন পাকিস্তানি (মোহাম্মদ আজমল) এবং একজন যুক্তরাষ্ট্রের বাসিন্দা (হেলেন পার্ক)।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) দেওয়া ‘বিট প্লাস্টিক পলিউশন’ অর্থাৎ ‘প্লাস্টিক দূষণকে পরাজিত করুন’ স্লোগান মাথায় রেখেই তৈরি হয়েছিল আমাদের প্রকল্প। নাম দিয়েছিলাম ডিজিটাল প্লাস্টিক কালেক্টর (ডিপি কালেক্টর)। আমাদের প্রকল্পে আমরা একটি নতুন ব্যবসায়িক ধারণা দিয়েছি। ‘ডিপি কালেক্টর’ নামে একটি মোবাইল অ্যাপের মডেল দাঁড় করিয়েছি, যার মাধ্যমে উন্নয়নশীল ও অনুন্নত দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা প্লাস্টিক দূষণ রোধে ভূমিকা রাখতে পারেন। এ ছাড়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্লাস্টিকের পুনর্ব্যবহার সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। বিচারকেরা আমাদের কাজটা বেশ পছন্দ করেছেন। চীনের একাডেমি অব সায়েন্সের অধ্যাপক ইয়াং ইউ লিন এবং ইউএনইপির ইকোসিস্টেম বিভাগের সমন্বয়ক মাহেশ প্রধান বেশ আগ্রহ নিয়ে বিস্তারিত শুনেছেন।
অন্য দলগুলোর ভাবনা জানতে পেরেছি, এটিও এই প্রতিযোগিতায় আমাদের বড় প্রাপ্তি। এবার প্রথম পুরস্কার পেয়েছে সাংহাই জিয়াওথং বিশ্ববিদ্যালয়ের একটি দল। আমাদের দল ও যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় পেয়েছে দ্বিতীয় পুরস্কার। চীনের থংজি বিশ্ববিদ্যালয়, ফুজৌ বিশ্ববিদ্যালয় এবং সার্বিয়ার ইউনিভার্সিটি অব নোভি সাদ পেয়েছে তৃতীয় পুরস্কার। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকেও প্রকল্প জমা পড়েছিল। সেরা ২০-এ জায়গা করে নিয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি দল।
এ বছর ৫০টির বেশি দেশ ও অঞ্চলের ৪ হাজারের বেশি তরুণ শিক্ষার্থী ও গবেষক সম্মেলনে অংশ নিয়েছেন।