দেশি কাপড়ে দেশের পোশাক
এই ডিসেম্বরের এক দিন। ছুটির আমেজে হাতে নিয়েছিলাম পূর্ণেন্দু দস্তিদারের লেখা বীরকন্যা প্রীতিলতা। একটি বর্ণনা আলাদাভাবে চোখে পড়ল, যেখানে মাস্টারদা সূর্য সেনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর গায়ে অ্যান্ডির চাদর। এ যেন শত শত বছরের শোষণের ইতিহাসের মধ্যে দেশাত্মবোধকে নিজের মধ্যে ধারণ করার এক অনুপ্রেরণা। ধাপে ধাপে কত মানবের আত্মত্যাগে মিলেছে মুক্তি, আমরা পেয়েছি লাল-সবুজ পরিচয়।
বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল দিনগুলোকে সামনে রেখে ফ্যাশন হাউসগুলোতে তাই অনেকেই খোঁজেন লাল-সবুজের সমাহার। বিশেষ দিবস উদ্যাপনের পোশাকে লাল-সবুজের সমন্বয়ই প্রাধান্য পায়। তা ছাড়া পোশাকে ফুটিয়ে তোলা হয় এমন কোনো নকশা, যা এ দেশেরই অনন্য কোনো বৈশিষ্ট্য। মানচিত্র, পতাকার লাল বৃত্ত কিংবা বর্ণমালার খানিক পরশ যে বাংলাদেশি হিসেবে গর্বিত হওয়ার অসামান্য উপকরণ। মা-বাবা-ছেলে-মেয়ে সবার জন্যই থাকে দেশাত্মবোধক আয়োজন।
ঐতিহ্যে-আরামে
ফ্যাশন হাউস কে ক্র্যাফটের প্রধান নির্বাহী খালিদ মাহমুদ খান বলেন, ‘অনেক বছর ধরেই আমরা বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিশেষ পোশাক নিয়ে আসছি। এসব পোশাকের ক্ষেত্রে আরামদায়ক সুতি কাপড়ই প্রাধান্য পায়। পোশাকে এমন মোটিফ ব্যবহার করা হয়, যাতে দেশের প্রতি মমত্ববোধ ফুটে ওঠে। মুক্তিযুদ্ধের প্রতীক কিংবা বাংলাদেশের পরিচয় বহনকারী কোনো ঐতিহ্যকে ‘থিম’ হিসেবে ব্যবহার করা হয়।’ স্বাধীনতার সূর্যোদয়ের সামনে ছুটন্ত শিশু এমনই এক রূপক। তিনি আরও জানালেন, প্রিন্টের কাজই বেশি থাকে এসব পোশাকে, যাতে দাম থাকে নাগালের মধ্যে। কোনো কোনো পোশাকে থাকে হাতের কাজ বা এমব্রয়ডারি। কোনোটিতে কেবল লাল-সবুজের সমন্বয়। পোশাকের ডিজাইনেও থাকে নতুনত্ব।
লাল-সবুজের বাইরেও
পোশাকে লাল-সবুজের বাইরেও পাবেন বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক থিম। ফ্যাশন হাউস নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান বললেন, ‘আবেগকে সব সময় রং দিয়ে বেঁধে রাখা যায় না। লাল-সবুজ যেমন বাংলাদেশের প্রতীকী রং, তেমনি বাংলাদেশের শিল্প-সাহিত্যও আমাদের অনুপ্রেরণার উৎস।’ নিত্য উপহারের টি-শার্টের নকশায় যেমন আছে শামসুর রাহমানের কবিতার চরণ। শিল্পী কাইয়ুম চৌধুরীর একটি চিত্রকর্মকে ভিত্তি করে শাড়ি এনেছে তারা। বাংলাদেশ থিমভিত্তিক টি-শার্ট আর চাদরও রয়েছে।
সবার জন্য পোশাক
ফ্যাশন হাউসগুলোতে মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি; ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। শাল বা চাদর, মাফলার, স্কার্ফ, ব্যান্ডানাও পছন্দ করেন কেউ কেউ। সাধারণ একটি লাল পেড়ে সবুজ শাড়িতেই হতে পারে মনের গহিনে থাকা অসাধারণ আবেগের বহিঃপ্রকাশ।
অনেক মেয়ে আজকাল কটি বা শ্রাগ পরতে পছন্দ করেন। সবুজ কামিজের সঙ্গে এমন কোনো অনুষঙ্গ পরা যেতে পারে, যাঁর রংটা টকটকে লাল। আবার লাল জামার সঙ্গে সবুজ অনুষঙ্গের সমন্বয়ও করতে পারেন। শিশুদের জন্যও নিতে পারেন বাহারি জামা, পাঞ্জাবি বা টি-শার্ট।