জীবনের গল্প
সুমন বই বিক্রি ছেড়ে দিলেন
ফুটপাতে বইপত্র বিক্রি করতেন সিদ্দিকুর রহমান। বাবার হাত ধরে এ ব্যবসায় এসেছিলেন। ২২ বছর পর ব্যবসাটা ছেড়ে দিতে বাধ্য হলেন। কেন? তাঁর কাছ থেকে শুনলেন জাওয়াদুল আলম
রাজধানীর পুরানা পল্টনে মণি সিংহ ভবনের পাশে যে ফুটপাত, তারই পাশে সিদ্দিকুর রহমানের অস্থায়ী দোকান। ৩৭ বছর বয়সী এই মানুষকে সবাই সুমন নামেই চেনে বেশি। কদিন আগেও তাঁর দোকানের প্লাস্টিকের টুলের ওপর কিশোর আলো, সানন্দা, আনন্দলোকসহ কত ম্যাগাজিন সাজানো থাকত। আরেক পাশে পুরোনো বই। ১৭ আগস্ট একই জায়গায় এসেছে নতুন এক কাঠের বাক্স। ম্যাগাজিন আর বইয়ের জায়গাও দখল করে নিয়েছে চাবির রিং, কটন বাড, টুথব্রাশ, নেইলকাটার আর চিরুনি। তাঁর মুখের চেনা হাসিটাও নেই। কণ্ঠেও কিছুটা বিষাদের সুর।
জিজ্ঞাসা করি, ব্যবসা বদল করলেন যে?
‘বইয়ের ব্যবসায় সংসারের খরচ মেকআপ দেওয়া যাচ্ছে না। সব জিনিসের দাম বাড়তি। তাই এ ব্যবসা শুরু করলাম,’ দীর্ঘশ্বাস ফেলেন সুমন।
বাবার ব্যবসায় এলেন ছেলে
আশির দশকের পুরানা পল্টন মোড়। পূর্ব দিকে মণি সিংহ ভবন। ভবনের সামনের ফুটপাতে ম্যাগাজিনের দোকান দিলেন কয়েকজন, যাঁদের একজন সুমনের বাবা সিরাজ মিঞা।
সুমনদের বাড়ি মুন্সিগঞ্জ। তবে নারায়ণগঞ্জে কেটেছে তাঁর শৈশব। পরিবারের সবাই নারায়ণগঞ্জে থাকতেন। ঢাকায় থাকতেন শুধু সিরাজ মিঞা। মাঝেমধ্যে বাবার কাছে বেড়াতে আসতেন সুমন। ঢাকায় এলে দোকানে আনতেন তাঁর বাবা। সুমন দেখতেন তাঁদের দোকানে বিচিত্রা, চিত্রবাংলা, ছায়াছন্দ, তারকালোকসহ দেশি-বিদেশি বিভিন্ন ম্যাগাজিন। দেদার বিক্রি হচ্ছে।
২০০০ সাল। দিনে দিনে বড় হয়েছেন সুমন। পরিবারের বড় ছেলে হিসেবে দায়িত্বও বেড়েছে। সিরাজ মিঞা ভাবলেন, ছেলের একটা হাল করা দরকার। সুমনেরও ব্যবসায় আগ্রহ। সহজ সমাধান—বাবার ব্যবসায় যুক্ত হলেন সুমন।
মায়ের অনুমতি নিয়ে বদল
২০১১ সালে সুমনের বাবা মারা গেছেন। তাঁর বাবার নিয়মিত ক্রেতাদের অনেকেই দিনে দিনে নাই হয়ে গেলেন। মানুষের হাতে হাতে এল মুঠোফোন। ইন্টারনেটও সহজলভ্য হতে শুরু করল। মানুষ পিডিএফ, ই-বুকে ঝুঁকল। বই-ম্যাগাজিন পড়ার আগ্রহ কমল। সুমনের ব্যবসায় ভাটা পড়ল। তবু বাঁধা কিছু ক্রেতার কারণে খেয়েপরে চালিয়ে নিচ্ছিলেন ব্যবসাটা।
এর মধ্যে এল করোনা। বিধিনিষেধে দীর্ঘদিন দোকান বন্ধ রাখতে হলো। জমানো অর্থে চলল সংসার। করোনার পর আবার যখন সব স্বাভাবিক হলো, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেন সুমন। কিন্তু সেই দম আর পেলেন না। সুমন বলছিলেন, ‘দিনে আগে দেড় থেকে দুই হাজার টাকার ব্যবসা হইছে। কিন্তু এখন ওই টাকা তুলতে দু-তিন দিন লাগে। এটা দিয়ে আর পোষায় না। সংসারের খরচ বাইড়া গেছে।’
নিরুপায় সুমন সিদ্ধান্ত নিতে পারেন না। মায়ের সঙ্গে কথা বলেন, ‘বাপের ব্যবসাটা ছাড়তেও মন চায় না। পরে মায়ের পারমিশন নিয়ে সিদ্ধান্তটা নিছি।’
পরিবার নিয়ে এখন ডেমরায় ভাড়া থাকেন সুমন। তিন মেয়ে স্কুলে যায়। সুমনের স্ত্রী সাথি স্থানীয় পোশাক কারখানায় কাজ করেন। তাঁর মা শেফালি আক্তার তাঁদের সঙ্গে থাকেন।
কথার ফাঁকে নতুন বাক্সের ভেতরের অংশ খুলে দেখালেন সুমন। সেখানে এক পাশে কিছু ম্যাগাজিন আর বই রেখে দিয়েছেন। সহজ হাসি দিয়ে বললেন, ‘কয়েকটা ম্যাগাজিন আর বই রাইখা দিছি। এ ব্যবসা তো রক্তে মিশে আছে। সুযোগ পাইলে ওইগুলা বের করব।’