জমজমাট নকশার স্টল

নকশার ফটো বুথের সামনে পাঠকেরা ছবি তুলেছেন দিনভর।ছবি: কবির হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪ নভেম্বর বাংলা একাডেমিতে দিনভর ছিল নানা আয়োজন। পত্রিকাটির মঙ্গলবারের লাইফস্টাইল ক্রোড়পত্র ‘নকশা’র স্টলের প্রতি মানুষের আকর্ষণ যেন একটু বেশিই ছিল। সকাল থেকেই স্টলে ভিড় করতে শুরু করেন সব বয়সী পাঠকেরা। নকশাকে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন অঙ্গনের মানুষ। স্টলেও দর্শকদের জন্য ছিল নানা আয়োজন। ছিল চোখ সাজানো, মেহেদি পড়ানো ও নখ সাজানোর আয়োজন।

নকশার স্টলে চোখ সাজিয়ে দিয়েছে অরা বিউটি লাউঞ্জ
ছবি: কবির হোসেন

এসব আয়োজনে ভিড় সামলাতে স্বেচ্ছাসেবকদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে। পুরো আয়োজনে পাঠকদের সাজানোর দায়িত্বে ছিল অরা বিউটি লাউঞ্জ এবং জারাস বিউটি লাউঞ্জ। দিনভর শত শত পাঠকের চোখ সাজিয়েছেন এবং মেহেদি পড়িয়েছেন তারা।

আমিনা রহমান নিজের নকশা করা শাড়িতে তুলে ধরেছেন প্রথম আলো পত্রিকা
ছবি: নকশা

পাশেই ছিল ছবি তোলার বুথ। সেখানে কেউ একা, কেউ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ছবি তুলেছেন। নকশার স্টলে দিনভর উপস্থিত ছিলেন রেসিপিবিদ সিতারা ফেরদৌস। ঘুরতে এসেছিলেন শুভাগতা দেবাশীষ, আফরোজা নাজনীন ও জেবুন্নেসা বেগম।

নেইল পলিশ, মেহেদি লাগানোর পাশাপাশি পাঠকের হাতে পেইন্ট করে দিয়েছে জারাস বিউটি লাউঞ্জ
ছবি: কবির হোসেন

ছিলেন রূপবিশেষজ্ঞ শারমিন কচি ও আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা। সরাসরি তাঁদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন পাঠকেরা। চট্টগ্রামের পাঠক আমিনা রহমান নিজের নকশায় প্রথম আলো পত্রিকার নকশা করা শাড়ি পরে আসেন। নকশা বিষয়ে বিভিন্ন ধরনের মতামত জানান পাঠকেরা।

নকশামঞ্চে ছিল পাঠকদের জন্য ফ্যাশন শোর ব্যবস্থা
ছবি: কবির হোসেন

বিকেল বেলার মূল আকর্ষণ ছিল বিভিন্ন তারকাদের উপস্থিতি। তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন মডেল আজিম উদ দৌলা, মডেল পিয়া জান্নাতুল ও অভিনেত্রী রুনা খান। নকশা মঞ্চে ছিল পাঠকদের জন্য ফ্যাশন শোর ব্যবস্থা। পিয়া ও আজিমের কোরিওগ্রাফিতে মঞ্চে হাঁটেন পাঠকেরা। দর্শকদের মধ্যে একজন জানান যে বহু বছর আগে তাঁর এমন ইচ্ছা ছিল, কোনো একদিন মঞ্চে এমন অনেক মানুষের সামনে হাঁটবেন। তাঁর সেই ইচ্ছা আজ পূরণ হলো।

এভাবেই দিনভর আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হয় প্রথম আলোর পাঠক উৎসব।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির সৌজন্যে ফ্যাশন শোর আয়োজন করা হয় হাল ফ্যাশন থেকে
ছবি: কবির হোসেন