অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেয় এই ১১ প্রতিষ্ঠান, বেতন ৫০ হাজারের বেশি

আন্তর্জাতিক সংস্থা ব্র্যাক থেকে শুরু করে বেশ কয়েকটি প্রতিষ্ঠানেই ‘ইয়ং প্রফেশনাল’ নিয়োগের প্রকল্প আছেছবি: শামীম হোসেন, ব্র্যাক

গ্র্যাজুয়েটরা বলছেন, বাজারে চাকরি নেই। আবার চাকরিদাতারা বলছেন, তাঁরা যোগ্য লোক পাচ্ছেন না। এ সংকটের মধ্যেও নিয়মিতই ফ্রেশারদের (সদ্য স্নাতক) চাকরির সুযোগ দিচ্ছে দেশের বেশ কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান। এ সুযোগগুলো কাজে লাগিয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই সরাসরি ম্যানেজমেন্ট (ব্যবস্থাপনা) বা লিডারশিপ (নেতৃত্ব) পর্যায়ে পেশাজীবন শুরু করা যায়। ম্যানেজমেন্ট ট্রেইনি, ফিউচার লিডার, ইয়ুথ লিডারশিপ—এমন নানা নামে প্রোগ্রামগুলো চালু আছে। চলুন কয়েকটির খোঁজ জানা যাক।

নিয়োগের যোগ্যতা

এ প্রোগ্রামগুলোতে আবেদনের ক্ষেত্রে সাধারণত চাকরির অভিজ্ঞতার চেয়ে একাডেমিক ফল, সহশিক্ষা কার্যক্রম কিংবা ব্যক্তিগত দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদনের সুযোগ পান। বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থীর অ্যানালিটিক্যাল (বিশ্লেষণ) ক্ষমতা, যোগাযোগদক্ষতা ও দ্রুত খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা যাচাই করা হয়। বিশেষ করে ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ প্রার্থীদের এখন আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

আগামীর নেতৃত্ব গড়ার পাঠশালা

একটি সাধারণ এন্ট্রি-লেভেল চাকরির সঙ্গে এ প্রোগ্রামগুলোর মূল পার্থক্য হলো এর প্রশিক্ষণের পদ্ধতি। মানবসম্পদ বিশেষজ্ঞ রুবিনা খান বলেন, ‘নির্বাচিত হওয়ার পর একজন প্রার্থীকে সরাসরি একটি ডেস্কে বসিয়ে দেওয়া হয় না। বরং ১২ থেকে ২৪ মাসব্যাপী একটি রোটেশনাল প্রশিক্ষণ দেওয়া হয়। একজন ট্রেইনিকে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, যেমন ফিন্যান্স, মার্কেটিং, অপারেশনস ও হিউম্যান রিসোর্সে নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে হয়। এতে তিনি পুরো প্রতিষ্ঠানের কাজের ধরন সম্পর্কে একটি সামগ্রিক ধারণা পান। প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে কাজ শেখার সুযোগ মেলে। অনেক সময় জটিল ব্যবসায়িক সমস্যা সমাধানের জন্য তাঁদের বিশেষ প্রজেক্টে যুক্ত করা হয়, যা সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ায়।’

সুযোগ-সুবিধা

অভিজ্ঞতা না থাকলেও এ প্রোগ্রামগুলোতে বেতনকাঠামো অত্যন্ত আকর্ষণীয়। বর্তমান বাজারে ম্যানেজমেন্ট ট্রেইনি বা ফিউচার লিডারদের শুরুতেই মাসে ৫০ হাজার টাকার বেশি বেতন দেওয়া হচ্ছে। এক বছরের প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর তাঁদের সরাসরি সিনিয়র অফিসার বা এক্সিকিউটিভ অফিসার পদে স্থায়ী করা হয়, যেখানে বেতন লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে। এ ছাড়া বিমা–সুবিধা, বোনাস ও বার্ষিক ছুটির মতো করপোরেট সুবিধাদি তো আছেই।

আরও পড়ুন

একনজরে দেশের শীর্ষ প্রতিষ্ঠানের লিডারশিপ প্রোগ্রাম

  • আইডিএলসি: প্রতিষ্ঠানটির ইয়ুথ লিডারশিপ প্রোগ্রাম একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। সিজিপিএ–৩.০০ হলে সদ্য স্নাতকেরা এখানে আবেদনের সুযোগ পান। নির্বাচিতদের প্রশিক্ষণকালে মাসিক ৭৫ হাজার টাকা বেতন দেওয়া হয়। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

  • ব্র্যাক ব্যাংক: সদ্য স্নাতকদের জন্য ব্র্যাক ব্যাংকের আছে ইয়াং লিডারস প্রোগ্রাম। এর মাধ্যমে নির্বাচিত তরুণেরা ব্যাংকের ১৭টি ভিন্ন বিভাগে কাজ করা ও সরাসরি শেখার সুযোগ পান। আকর্ষণীয় বেতন ও বিশ্বমানের কর্মপরিবেশ তো আছেই, সফলভাবে প্রশিক্ষণ শেষে সরাসরি প্রিন্সিপাল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিস্তারিত দেখুন এখানে

  • মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি): এমটিবিতে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগ দিলে শুরুতে ৭৫ হাজার টাকা বেতন পাওয়া যায়, যা প্রশিক্ষণ শেষে ৯৩ হাজার ৫০০ টাকায় উন্নীত হয়। সিজিপিএ–৩.২৫ হলে আবেদন করা যায়। এ প্রোগ্রামে এক বছরের নিবিড় মেন্টরশিপের মাধ্যমে একজন তরুণকে ব্যাংকিং খাতে আগামীর নেতা হিসেবে গড়ে তোলা হয়। বিস্তারিত দেখুন এখানে

  • ইস্টার্ন ব্যাংক (ইবিএল): ইবিএলের আছে ফিউচার লিডার প্রোগ্রাম। প্রশিক্ষণ শেষে পারফরম্যান্স অনুযায়ী সরাসরি সিনিয়র বা প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগ দেওয়া হয়।

  • এবি ব্যাংক: এমটিও প্রোগ্রামে মাসিক ৭৫ হাজার টাকা বেতন দেয় এবি ব্যাংক। ২৪ মাসের প্রশিক্ষণ সফলভাবে শেষ হলে বেতন বেড়ে হয় ৯০ হাজার টাকা। এখানে জেনারেল ব্যাংকিং থেকে শুরু করে ট্রেজারি পর্যন্ত সব বিভাগে কাজের অভিজ্ঞতা পাওয়ার সুযোগ থাকে। বিস্তারিত দেখুন এখানে

  • গ্রামীণফোন: টেলিকম খাতে নবীনদের সুযোগ করে দিতে গ্রামীণফোনের আছে ‘নেক্সট বিজনেস লিডার’ প্রকল্প। ১২ মাসের এ প্রোগ্রামে পুরো টেলিকম ইকোসিস্টেম শেখানো হয়। এখানে অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে কাজ করার সুযোগ থাকে। বিস্তারিত দেখুন এখানে

  • ইউনিলিভার: ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রাম একটি গ্লোবাল লিডারশিপ প্রোগ্রাম। ১৫ মাসের এ প্রোগ্রামে আন্তর্জাতিক এক্সপোজারের সুযোগ থাকে। মানবসম্পদ থেকে শুরু করে সাপ্লাই চেইন—সব বিভাগেই সদ্য স্নাতকদের কাজের সুযোগ আছে। বিস্তারিত দেখুন এখানে

  • সিটি ব্যাংক: সিটি ইয়ুথ লিডারশিপ প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ডিজিটাল ব্যাংকিং বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলে সিটি ব্যাংক। প্রশিক্ষণকালে বেতন ৮০ হাজার টাকা। এক বছর পর স্থায়ী হলে বেতন হয় এক লাখ টাকা। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও ফিনটেক (ফাইন্যান্সিয়াল টেকনোলজি) ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হয়। বিস্তারিত দেখুন এখানে

  • বিকাশ: প্রতিষ্ঠানটির জেন-নেক্সট লিডারশিপ প্রোগ্রামে ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ আছে। ফিনটেক খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ দেওয়া হয় এ প্রোগ্রামের মাধ্যমে। বিকাশ বলছে, জেন-নেক্সট হলো একটি ‘ফাস্ট ট্র্যাক লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’। বেশ কয়েকটি ধাপ পেরিয়ে নিয়োগ সম্পন্ন করতে হয়। প্রাথমিকভাবে যাচাই করা হয় প্রার্থীদের গাণিতিক ও যৌক্তিক দক্ষতা। বিস্তারিত দেখুন এখানে

  • আইপিডিসি ফিন্যান্স: আইপিডিসি ফিন্যান্সের ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামটি ‘আনবাউন্ডার্স’ নামে পরিচিত। দেড় বছর মেয়াদি এ প্রোগ্রামে নির্বাচিত ট্রেইনিরা প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগে রোটেশনের মাধ্যমে হাতে-কলমে কাজ শেখার সুযোগ পান। আবেদনকারীর এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ–৪.৫০ এবং স্নাতক পর্যায়ে সিজিপিএ–৩.০০ থাকা আবশ্যক। বেতন মাসে ৭৫ হাজার টাকা। এ প্রোগ্রামের ক্ষেত্রে দেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকা জরুরি। বিস্তারিত দেখুন এখানে

  • ব্র্যাক: সামাজিক উন্নয়নে আগ্রহী গ্র্যাজুয়েটদের জন্য ব্র্যাকের ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম একটি অনন্য সুযোগ। বিশেষ করে মাইক্রোফাইন্যান্স খাতে মাঠপর্যায়ে কাজ করে সামাজিক সমস্যা সমাধানের চ্যালেঞ্জ নিতে আগ্রহী যাঁরা, তাঁদের অগ্রাধিকার দেওয়া হয়। বিস্তারিত দেখুন এখানে