প্রথম আলোর কাটিং সংগ্রহে রাখেন প্রদীপ
প্রথম আলোর অকৃত্রিম পাঠক প্রদীপ সাহা। পত্রিকাটির নানা সময়ের খবর কেটে রেখেছেন নিজের কাছে। সিরাজগঞ্জ শহরে তাঁর সঙ্গে দেখা করে এসেছেন সাজেদুল আলম
সিরাজগঞ্জ শহরের সিরাজী সড়কের শুরুতেই প্রদীপ সাহাদের বাড়ি। নিচতলায় নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান। ব্যাগ, টিস্যু, মাস্ক, শিশুদের পড়ার টেবিলসহ নানা পণ্যের পাইকারি বিক্রেতা তিনি। তবে দোকানের এসব বাহারি পণ্যের চেয়ে দৃষ্টি কাড়ল প্রথম আলো! পত্রিকাটিতে বিভিন্ন সময় প্রকাশিত খবর ও ছবি শোভা পাচ্ছে দেয়ালে। এর মধ্যে যেমন আছে ‘সিরাজগঞ্জ সরকারি কলেজ: শেরেবাংলার হাতে উদ্বোধন’ নামে ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত খবরটি। তেমনই ২০১৫ সালের ৪ এপ্রিল ‘ভাইবোনের বিদ্যানন্দ’ নামের খবরটিও। প্রতিবেদন, ফিচার, সম্পাদকীয়, আন্তর্জাতিক, বাণিজ্য, উপসম্পাদকীয়সহ প্রথম আলোতে প্রকাশিত নানা বিষয়ের প্রায় ৬০০ পেপার কাটিং প্রদীপের সংগ্রহে আছে।
প্রথম আলো প্রকাশের দিন থেকেই পত্রিকাটির পাঠক প্রদীপ। দিনে দিনে গাঢ় হয়েছে এ সম্পর্ক। প্রদীপ সাহা বলেন, প্রথম আলোতে প্রকাশিত জাতীয়, আঞ্চলিক, সম্পাদকীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করে লেমিনেটিং করে রাখা আছে। তিনি জানান, বিষয়টি তাঁর নেশার মতো হয়ে গেছে। পত্রিকা পড়া শেষে অনেক সময় হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাই এসব গুরুত্বপূর্ণ বিষয় এভাবে আগামী দিনের জন্য সংরক্ষণ করছেন।
প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার সঙ্গেও যুক্ত প্রদীপ সাহা। দুই মেয়াদে সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সিরাজগঞ্জ শহরে আয়োজিত গণিত উৎসব, জাতীয় বন্ধু সমাবেশে যোগ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের বন্ধুসভার বন্ধুদের সঙ্গেও তাঁর পরিচয় হয়েছে। ২০১৬ সালে রাজধানীর হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের স্মরণে সিরাজগঞ্জে গড়ে তুলেছেন ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ।
প্রদীপ সাহা সত্যিকারের প্রথম আলো ভক্ত হয়ে এভাবেই কাজ করে যেতে চান, বাড়াতে চান পছন্দের খবরের সংগ্রহ।