‘অ্যাকোয়াংরো আবাগো খ্যইতে’

আজ জুন মাসের তৃতীয় রোববার, বাবা দিবস। এ উপলক্ষে আমার পাঠকের কাছে আহ্বান করেছিলাম ‘বাবার কাছে খোলা চিঠি’। এই চিঠিটি লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী শৈহাইনু মার্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই সন্তানের সঙ্গে বাবা (মাঝে)

প্রিয় বাবা,

গতকালই যেহেতু ফোনে আমাদের কথা হলো, ধরে নিচ্ছি তুমি ভালো আছ এবং সবাইকে ভালো রাখছ। যদিও বাইরে থেকে একজন মানুষের ভেতরটা বোঝা যায় না। বাবাদের বোঝা বোধ হয় আরও কঠিন। তাই তোমার মনের ভেতর এখন কী চলছে, জানি না।

বাবা, তুমি কি জানো, তুমি অনেক স্মার্ট, সুদর্শন? আমার বন্ধুরা বলে, তুমি দিন দিন জোয়ান হচ্ছ, আর আমরা দুই ভাই নাকি বুড়ো হয়ে যাচ্ছি। ওরা বলে, তুমি নাকি রুমাবাজারের নায়ক! হাসছ কেন? আমি কিন্তু বিশ্বাস করি, তুমি সত্যিই একজন নায়ক। তোমার মতো বলিষ্ঠ চরিত্র আমি খুব কম মানুষেরই দেখেছি। নায়কের মতোই শত প্রতিকূলতাকে হার মানিয়ে নিজেকে রাঙিয়ে যাচ্ছ, আর প্রতিটি মুহূর্ত উপভোগ করছ।

তুমি সময় পেলেই নিজের গল্প বলতে। বলতে তোমার ছাত্রজীবনের কথা। কত সংগ্রাম করে তুমি নিজেকে একজন সৎ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছ। তোমার ছেলে বলে অনেকেই আমাকে সমীহ করে। অনেকে বলে, ‘আমি তোমার বাবার ছাত্র ছিলাম।’ কেউ দুষ্টুমি করে বলে, ‘তোমার বাবার হাতে মার খেয়েছি বলেই এই পর্যায়ে আসতে পেরেছি!’ তখন কী যে সুখ আর আনন্দ আমাকে ঘিরে ধরে!

তুমি বলতে তোমার বাবার (দাদু) কথা। তোমরা ছিলে চার ভাই-বোন। সংসারে অভাব ছিল বলে দাদু শুধু তোমাকেই পড়াশোনা করিয়েছিলেন। সেই সময় তুমি যেসব সুযোগ পাওনি, চেষ্টা করেছ সেই সব যেন আমরা পাই। তোমার শুধু একটাই চাওয়া ছিল—পড়াশোনা ঠিক রাখতে হবে। আমরা কি পেরেছি তোমার কথা রাখতে?

আমরা দুই ভাই আজ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি। কিন্তু তোমার মতো মেধাবী হতে পারলাম কই? কোনো দিন বলা হয়নি তোমাকে কত ভালোবাসি। কেন যেন ভালোবাসি শব্দটা ঠিক আসে না। কিন্তু মনে রেখো, ‘অ্যাকোয়াংরো আবাগো খ্যইতে’ (মারমা ভাষায়: আমরা বাবাকে ভালোবাসি)।

ইতি, তোমার আদুরে ছেলে—শৈহাই

আরও পড়ুন