বোস্টন বাংলা মেলায় শৈশবে ফেরার আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে গান গাইছেন শিল্পী। তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন শত শত দর্শক। বিপুল উপস্থিতির ভিড়ে নজর কাড়েন এক বাবা। ভিড় থেকে খানিকটা দূরে তিনি তাঁর ছোট সন্তানকে কাঁধে তুলে দাঁড়িয়ে আছেন। ছেলেটাও বাবার কাঁধে দুই পা ঝুলিয়ে বসে অনুষ্ঠানে শামিল। বাংলাদেশের মেলা-খেলার চিরায়ত দৃশ্যটি মার্কিন মুলুকের বোস্টন বাংলা মেলায়ও দেখা গেল।

সন্তানকে কাঁধে নিয়ে অনুষ্ঠান উপভোগ করছেন একজন বাবা
ছবি: রিদম ভিনোবেন

ফেসবুকে নিজের ওয়ালে এরকম একটা ছবিই পোস্ট করেছেন মেলার অন্যতম আয়োজক মহিতোষ তালুকদার। ক্যাপশনে লিখেছেন, ‘ছবিটা দেখার পর বুকটা হু হু করে উঠেছে। আমি নিশ্চিত, আমরা সবাই শৈশবে আমাদের বাবা, দাদু, মামা, চাচার ঘাড়ে চেপে এভাবেই মেলা দেখতে গিয়েছি।’

বোস্টনের বাতাসে ভেসেছে বাংলা গানের সুর
ছবি: রিদম ভিনোবেন

২৩ জুলাই হয়ে গেল বোস্টন বাংলা মেলা। যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের অ্যান্ড্রু মিডল স্কুলের মাঠে বসে ছিল এই আসর। স্থানীয় সময় দুপুর ১২টায় মেলা শুরু হয়ে চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। বাংলার ইতিহাস-ঐতিহ্য আর গানের সুরে ভাসতে যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য থেকে উপস্থিত হয়েছিলেন প্রায় ৫ হাজার মানুষ। যেন স্মৃতিজাগানিয়া শৈশবকেই ফিরে পেয়েছিলেন তাঁরা। মেলায় ছিল এক্কাদোক্কা, লুডু, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, মার্বেল, লাটিম, গুলতি, ঘুড়ি উড়ানো, হাডুডু খেলাসহ নানা আয়োজন। নিজেদের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়েছে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম।

বোস্টন বাংলা মেলা সেদিন শিশুদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল
ছবি: রিদম ভিনোবেন

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণ হয়ে উঠে একখণ্ড বাংলাদেশ। জনসমাগম দেখে কে বলবে প্রথমবার বসেছে এই মেলা। মেলা প্রাঙ্গণে ছিল বাংলাদেশের নানা পণ্যের স্টল। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা ঘুরে ঘুরে পণ্য কেনেন। উপভোগ করেন দেশি নানা খাবারের স্বাদ। শিশুদের যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান বড়দের কাছেও হয়ে ওঠে আকর্ষণীয়। শিশুদের জন্য আরও ছিল আর্টক্যাম্প। এতে শিশুরা আঁকে বাংলাদেশের স্মৃতিময় নানা ছবি।

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা
ছবি: রিদম ভিনোবেন

মহিতোষ তালুকদার বলেন, ‘বোস্টন বাংলা মেলা সেদিন শিশুদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল। ছবি আঁকা ক্লাসের পরই যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা। তারপরই ঝাঁপিয়ে পড়ে খেলাধুলায়। ওদের এই আনন্দ দেখে আমরাও ফিরে গিয়েছিলাম ফেলে আসা শৈশবে।’

শৈশবের সাক্ষাৎ পেতে এমন আয়োজন নিয়মিত চান প্রবাসী বাংলাদেশিরা। বোস্টন বাংলা মেলার ধারাবাহিক আয়োজনের প্রত্যাশা আয়োজকদেরও।