লিংকডইনে এই প্রোফাইলগুলো অনুসরণ করছেন কি?

লিংকডইনকে বলা হয় পেশাদারদের সামাজিক যোগাযোগমাধ্যম। নবীন শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায় আলোচিত ব্যক্তিত্ব, বরেণ্য প্রযুক্তিবিদ, উদ্যোক্তা কিংবা প্রভাবশালী ব্যক্তিরা লিংকডইনে পেশাদার লেখাগুলো তুলে ধরেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা আলোচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করে পেশা-দুনিয়ার হালনাগাদ তথ্য ও ভবিষ্যতের চ্যালেঞ্জসহ নানা খোঁজখবর পেতে পারেন। লিংকডইনে অনুসরণ করতে পারেন, এমন ৯টি প্রোফাইলের তথ্য থাকল এখানে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিল গেটস
ছবি: গেটস নোটস

বইপড়ুয়া বিল গেটস

বিল গেটসকে সবাই মাইক্রোসফটের সহ–উদ্যোক্তা হিসেবেই চেনেন। লিংকডইনে বিল তাঁর পরিচয় দিয়েছেন বইপড়ুয়া হিসেবে। বিল গেটস লিংকডইনে নিজের পড়া নানা বই সম্পর্কে নিয়মিত পোস্ট দেন। টেকসই উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কাজ ও ভবিষ্যতের পৃথিবীর চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। বিলের লিংকডইনের ঠিকানা পাবেন এখানে।

কাজের মানুষ সত্য নাদেলা

মাইক্রোসফটের সিইও ও চেয়ারম্যান সত্য নাদেলা। নিজের সম্পর্কে লিখেছেন, ‘পৃথিবীর প্রতিটি মানুষ, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ক্ষমতায়িত করতে আমি ও মাইক্রোসফট কাজ করে যাচ্ছি।’ তাঁর লিংকডইন প্রোফাইলের অনুসারী ১ কোটি ১৮ লাখের বেশি। সত্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের নানা চ্যালেঞ্জ, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নানা পরিবর্তন সম্পর্কে লেখা, চিঠি ও নিবন্ধ লিংকডইনে প্রকাশ করছেন। সত্য নাদেলাকে পাবেন এই লিংকে।

অভিযাত্রী রিচার্ড ব্র্যানসন

ব্রিটিশ ব্যবসায়ী ও ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন। নিজের সম্পর্কে লিংকডইনে লিখেছেন, ‘আমি একজন একরোখা অভিযাত্রী, রোমাঞ্চপ্রিয় মানুষ, কেউ যাঁকে পছন্দ করে না। বিশ্বাস করি, যেকোনো আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। ভার্জিনে অনেকে আমাকে ডক্টর ইয়েস বলেও ডাকে!’ ১ কোটি ৯৭ লাখের বেশি অনুসারী তাঁকে লিংকডইনে অনুসরণ করছেন। তরুণ উদ্যোক্তাদের নানা সুযোগ, সম্ভাবনা আর ভবিষ্যতের পৃথিবীর নানা বিষয় নিয়ে লিংকডইনে লেখেন রিচার্ড। তাঁকে খুঁজে পাওয়ার লিংক এখানে।

রিচার্ড ব্র্যানসন

বিনিয়োগকারী রিড হফম্যান

লিংকডইনের সহ–উদ্যোক্তা, পণ্য ও ব্যবসা কৌশলী, বিনিয়োগকারী রিড হফম্যান। প্রতিষ্ঠান পরিচালনা, পণ্য ও মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসা মডেল, কৌশল, অর্থ ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে লেখেন তিনি। রিডের লিংকডইন প্রোফাইল পাবেন এখানে।

জেনারেল মটরসের ম্যারি ব্যারা

ব্যবসার দুনিয়াতে নারী নির্বাহী কর্মকর্তা হিসেবে ম্যারি ব্যারা বেশ আলোচিত। জেনারেল মটরসের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন তিনি। প্রায় ১৩ লাখ অনুসারী তাঁকে অনুসরণ করছেন। লিংকডইনে ভবিষ্যতের চ্যালেঞ্জ, প্রযুক্তি খাতে মেধার সম্পৃক্ততা নিয়ে লিখছেন তিনি। মেন্টরিং বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ম্যারি। লিংকডইনে তিনি লিখেছেন, ‘আমি যে এখন এই পর্যায়ে কাজ করছি, তার একটা বড় কারণ আমার মেন্টররা আমাকে বিশ্বাস করেছেন। কঠিন কঠিন কাজ করতে উৎসাহ দিয়েছেন। আমাকে সুযোগ দিয়েছেন। তাই আমার পরামর্শ হচ্ছে, সব সময় মেন্টর খুঁজুন।’ ম্যারির লিংকডইন প্রোফাইল দেখতে ক্লিক করুন এখানে।

লেখক সাইমন সিনেক

ব্যবসার কৌশল সম্পৃক্ত আলোচিত বই স্টার্ট উইথ হোয়াই-এর লেখক সাইমন সিনেক। করপোরেট ও ব্যবসা দুনিয়ার মেধা উন্নয়ন, দক্ষতা বিকাশ, উদ্ভাবন সংশ্লিষ্ট নানা বিষয়ে লেখেন তিনি। সাইমনকে অনুসরণ করলে শুধু যে সুখপাঠ্য লেখা পাবেন, তা-ই নয়, অনেক কিছু শিখতেও পারবেন। লিংক রইল এখানে।

মনস্তাত্বিক অ্যাডাম গ্র্যান্ট

যুক্তরাষ্ট্রের বিখ্যাত এমবিএ স্কুল হোয়ার্টন স্কুলের অধ্যাপক অ্যাডাম গ্র্যান্ট। থিংক এগেইন, অপশন বি, অরিজিনালস আর গিভ অ্যান্ড টেক-এর মতো আলোচিত বইয়ের লেখক অ্যাডাম। টেড বক্তা হিসেবেও তিনি আলোচিত। লিংকডইনে বুদ্ধিমত্তা বিকাশ, উদ্ভাবন, ব্যক্তিত্ব উন্নয়নসহ নানা বিষয়ে লেখেন অ্যাডাম। তাঁর প্রোফাইলের লিংক পাবেন এখানে।

স্ট্যানফোর্ড বিজনেস স্কুল

চার লাখ অনুসারী দেখা যায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসের লিংকডইন প্রোফাইলে। তরুণ শিক্ষার্থীদের ইমোশনাল ইন্টেলিজেন্স, ইন্টারভিউ কৌশল, ব্যবসার ধারণা, প্রেজেন্টেশনের নানা পরামর্শসহ বিভিন্ন বিষয়ে শেয়ার করা হয় এই প্রোফাইল থেকে। গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসের লিংকডইন প্রোফাইল দেখুন এখানে।

হার্ভার্ড বিজনেস রিভিউ

ব্যবসা দুনিয়ার নানা বিষয়, তরুণ উদ্যোক্তাদের ব্যবসা কৌশল, মানবসম্পদ ব্যবস্থাপনা, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসার ধরন অনুসন্ধানসহ ক্যারিয়ারবিষয়ক পোস্ট শেয়ার করা হয় হার্ভার্ড বিজনেস রিভিউয়ের লিংকডইন প্রোফাইলে। দেখতে পারেন এই লিংকে।