ছোটবেলা থেকেই বেশ আগ্রহ অনুভব করতাম ফ্যাশন ডিজাইনের ওপর। চেয়েছিলাম নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠা করতে। এই আগ্রহ ধীরে ধীরে মনে গেঁথে যাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশা।
আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে নকশার প্রথম পাতার ছবি। একটি নির্দিষ্ট বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে অসাধারণ সব ডিজাইনের পোশাক, গয়না বা প্রতিবেদনের বিষয়ের ওপর তোলা ছবি দেখতেই আমার ভালো লাগে। মঙ্গলবার পত্রিকা খুলেই আগে নকশার প্রচ্ছদ ছবি দেখি।
পড়াশোনা বা চাকরির পাশাপাশি নকশার বিভিন্ন ডিজাইনের শাড়ি, পোশাক বা গয়না পরা মডেলদের ছবি দেখতে দেখতে নিজের মনে সব সময় একটা স্বপ্নই উঁকি দিত, ‘একদিন নিজের ডিজাইন এভাবে দেখব’।
বর্তমানে হাতে নকশা করা রেশমি সুতার চুড়ি এবং হাতে বানানো গয়না নিয়ে কাজ করছি। একটি ফেসবুক পেজের ( নেম ১৬) মাধ্যমে এটা চালাই আমি। যেকোনো অনুষ্ঠানে বিভিন্ন পোশাকের সঙ্গে মিলিয়ে পরার মতো চুড়ি ডিজাইন করছি। তবে দুই বছর ধরে হাতে নকশা করা রেশমি সুতার বিয়ের চুড়ি তৈরি করছি, যেগুলো কনের বিয়ের শাড়ির সঙ্গে যতটা সম্ভব মিলিয়ে বানানো হয়।
এই বিষয় নিয়ে কাজ করার অনেকটাই অনুপ্রেরণা প্রতিবছর নকশার বিয়ে উৎসব। যেখানে অন্যতম আকর্ষণ থাকে কনের জন্য দেশি ডিজাইনারদের নকশা করা শাড়ি, গয়না এবং আনুষঙ্গিক সাজসজ্জা। প্রতি মাসে বিভিন্ন বয়সের পাঠকের হয়তো নিয়ম করে একটা লাইফস্টাইল ম্যাগাজিন কেনা সম্ভব হয় না। কিন্তু একমাত্র নকশা সে জায়গা পূরণ করেছে, প্রতি সপ্তাহে সহজে লাইফস্টাইল সমাধান দিয়ে।