অ ন্য দি গ ন্ত

স্ক্র্যাপবুকে হেমিংওয়ের জীবন
১৮৯৯-এর জুলাই মাসের যে দিনটিতে জন্মেছিলেন আর্নেস্ট হেমিংওয়ে, সেই দিনসহ তাঁর বালকবেলা, কৈশোর আর যৌবনের অনেক কথা একটি সাঁটাখাতায় লিখে রেখেছিলেন গ্রেইস হল হেমিংওয়ে, এই দিকপাল লেখকের মা। সম্প্রতি এ রকম পাঁচটি সাঁটাখাতার সংগ্রহ পাঠক, গবেষক আর ভক্তদের জন্য অনলাইনে উন্মুক্ত করা হয়েছে। উদ্যোগটি নিয়েছে যুক্তরাষ্ট্রের বোস্টনের জন এফ কেনেডি প্রেসিডেনশিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়াম। জনাকয়েক গবেষক ছাড়া এগুলো এর আগে কেউ কখনো দেখেনি। অনেকের মতে, এর মধ্য দিয়ে বেরিয়ে আসবে হেমিংওয়ের লেখক হয়ে ওঠার অজানা অনেক তথ্য। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

চিমামান্দা এনেগাজি আদিচি-র ‘আমেরিকানাহ্’
চিমামান্দা এনেগাজি আদিচি (জন্ম ১৯৭৭) এই সময়ের আফ্রিকান গদ্যসাহিত্যের একজন বিশিষ্ট কথাসাহিত্যিক। এই নারী লেখকের তৃতীয় উপন্যাস আমেরিকানাহ্ বিলেতের দ্য গার্ডিয়ান পত্রিকার করা ২০১৩ সালের সেরা বইগুলোর তালিকায় স্থান পেয়েছে। নাইজেরিয়ার প্রেক্ষাপটে লেখা এই উপন্যাসে ফুটে উঠেছে আধুনিক সময়ে বর্ণবাদের রূপ। নাইজেরিয়ায় বেড়ে ওঠা বাল্যকালের দুই প্রেমিক-প্রেমিকার জীবন পরবর্তীকালে ইউরোপ আর আমেরিকায় কীভাবে পাল্টে যায়, তারই চমকপ্রদ কাহিনি আমেরিকানাহ্। উল্লেখ্য, চিমামান্দার প্রথম উপন্যাস পার্পল হিবিস্কাসও ২০০৩ সালে বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায় স্থান পেয়েছিল। সূত্র: দ্য গার্ডিয়ান
রফিক-উম-মুনীর চৌধুরী