অ ন্য দি গ ন্ত

দ্য উলফ অব ওয়াল স্ট্রিট
মার্টিন স্করসেসি ভক্তরা নড়েচড়ে বসুন। সম্ভবত সামনের বড়দিনেই মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন ছবি দ্য উলফ অব ওয়াল স্ট্রিট। আবার কেউ কেউ মনে করছেন, ছবিটি প্রেক্ষাগৃহে আসতে আগামী বছর শুরু হয়ে যাবে। মোদ্দা কথা, আগামী বছরের শুরুর মধ্যে এই ছবি আসছে প্রেক্ষাগৃহে, এটা নিশ্চিত।

জ্যাজ কিংবদন্তির জীবন
জ্যাজ কিংবদন্তি ডিউক অ্যালিংটন মারা গেছেন প্রায় ৪০ বছর হয়ে গেল। কিন্তু তাঁকে নিয়ে জ্যাজ-ভক্তদের আগ্রহের কমতি নেই এখনো। তাঁদের আগ্রহের আগুনে ঘি ঢালবে এই জ্যাজ শিল্পীর সদ্য প্রকাশিত একটি জীবনী। ডিউক: এ লাইফ অব ডিউক অ্যালিংটন নামের এই জীবনী জ্যাজ আইকনের জীবনের নানা রহস্যঘেরা দিকের ওপর আলো ফেলেছে। বইটির লেখক টেরি টিচআউট।

আবুধাবি চলচ্চিত্র উৎসবে ফরেস্ট হুইটেকার
এবারের আবুধাবি চলচ্চিত্র উৎসবে সম্মাননা পাচ্ছেন মার্কিন অভিনেতা ও নির্মাতা ফরেস্ট হুইটেকার। চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য তিনি পাচ্ছেন ব্ল্যাক পার্ল ক্যারিয়ার অ্যাচিভমেন্ট সম্মাননা। মধ্যপ্রাচ্যের সামনের সারির এই চলচ্চিত্র উৎসবে হাজির থাকবেন আরব্য চলচ্চিত্র জগতের তারকারা। ফরেস্ট হুইটেকার অভিনীত আলোচিত ছবিগুলোর মধ্যে আছে বার্ড, ব্যাটলফিল্ড আর্থ, দ্য লাস্ট কিং অব স্কটল্যান্ড, ফোন বুথ ইত্যাদি। উৎসবের উদ্বোধনী ছবি লাইফ অব ক্রাইম।
আবুধাবি চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে আগামী ২ নভেম্বর।
সূত্র: হাফিংটন পোস্ট ও ফক্স নিউজ