অ ন্য দি গ ন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাৎসিদের লুণ্ঠিত ওলন্দাজ শিল্প

চার বছর ধরে গবেষণা চলেছে হল্যান্ডের ৪০০ জাদুঘর ও চিত্রশালা ঘিরে। গবেষণা শেষে দেখা গেছে, ১৯৩৮ সালে লুট হওয়া ১৩৯টি চিত্রকর্মের কোনো খোঁজ নেই। হল্যান্ড থেকে চিত্রকর্মগুলো লুট করেছিল নাৎসি বাহিনী। পরে ১৯৪০ থেকে ১৯৪৮ সালের মধ্যে কিছু চিত্রকর্ম ফিরিয়ে আনা হয় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে। কিন্তু তার পরও ১৩৯টি চিত্রকর্মের কোনো কিনারা করতে পারছেন না দেশটির শিল্পসংগ্রাহকেরা। এই তথ্য চাপা পড়ে ছিল এত দিন। ওলন্দাজ চিত্রকর্ম নিয়ে একটি ওয়েবসাইট বানাতে গিয়েই উঠে এসেছে পুরোনো এই ইতিহাস।

হত্যাযজ্ঞের বিশ্লেষণ

সন্ত্রাসবাদী আক্রমণের কবলে পড়েছিল ভারতের মুম্বাইয়ের তাজমহল প্যালেস হোটেল। ২০০৮ সালে ওই আক্রমণে প্রাণ গিয়েছিল নিরপরাধ ৩৩ জন মানুষের। পুরো ঘটনাটি উঠে এসেছে দ্য সিজ: ৬৮ আওয়ার্স ইনসাইড দ্য তাজ হোটেল বইয়ে। লিখেছেন ক্যাথি স্কট-ক্ল্যার্ক ও আদ্রিয়ান লেভি। সাংবাদিকের চোখে লস্কর-ই-তাইয়েবার হত্যাযজ্ঞ ও ভারতের রাজনীতির বিশ্লেষণ পাওয়া যাবে এই বইয়ে। বইটির প্রকাশক পেঙ্গুইন।

মরেলিয়া চলচ্চিত্র উৎসবে ট্যারানটিনো

১১তম বারের মতো আয়োজিত হলো মেক্সিকোর মরেলিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তারুণ্যে ভরপুর এই উৎসবে হাজির হলেন বিখ্যাত মার্কিন পরিচালক কুয়েন্টিন ট্যারানটিনো। এর আগেও তাঁর পদধূলি পড়েছিল মেক্সিকোর এই উৎসবে। এ বছর ট্যারানটিনো এই উৎসবে উপহার দিলেন ব্যক্তিগত সংগ্রহে থাকা কিছু নামকরা ছবি। ছবিগুলো আবার মেক্সিকোকেন্দ্রিক। সেগুলোর মধ্যে ছিল আরতুরো দি করদোভা অভিনীত মিচেল লেইসেনের ফ্রেঞ্চম্যানস ক্রিক ও স্যামুয়েল ফুলারের শার্ক ছবি দুটি।

গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমস অবলম্বনে