অয়ন ভাইয়াকে প্রথম দিন দেখেই মনে হয়েছিল অহংকারী। ভালো ছাত্র। মেডিকেলে পড়েন। তাতে যেন কী হয়ে গেল! যেন কারও দিকে ঠিকমতো তাকালেও সব পড়া ভুলে যাব! আমাকে দেখলেই হলো, শুধু পড়াবিষয়ক একগাদা উপদেশ দেন। আমার মনোযোগ অন্যদিকে। এত সুন্দর করে মানুষ কথা বলে কীভাবে সেটাই ভাবি শুধু।একদিন হঠাৎ আমাদের বাসায় আসা বন্ধ। ভাইয়ার কাছ থেকে জানলাম, ওনার ফাইনাল পরীক্ষা চলছে, তাই খুব ব্যস্ত। বহু কষ্টে ভাইয়ার মোবাইল থেকে ওনার নম্বর চুরি করেছি। কষ্ট হয়েছে, কারণ ওনার নম্বরটা অন্য একটা নামে সেভ করা ছিল। ‘পটলা’ নামে! ছি! কী বিশ্রি নাম! বাসায় নাকি ওনাকে এ নামেই ডাকে। নিজের নম্বর থেকে কল করতে সাহস পেলাম না। মাথায় আইডিয়া এল নতুন সিম কেনার। ভাইয়াকে গিয়ে বললাম, ‘আমার একটা সিম লাগবে।’ প্রথমে কাঁইকুঁই করে শেষে এনে দিল। সিম হাতে পেয়েই দিলাম একটা মিসকল। ওমা! কোনো সাড়া নেই। বুঝলাম ব্যাটা আস্ত কিপটুস। তারপর দেখি রাত নয়টায় ফোন করেছে। রিসিভ করলেও কথা বললাম না। শুধু ওনার ‘হ্যালো’ শুনলাম। মনটা ভালো হয়ে গেল। এর পর থেকে প্রায়ই এভাবে ওনার ‘হ্যালো’ শুনি। আমি যে কথা বলি না, তার পরও ফোন করেন ‘হ্যালো হ্যালো’ করে, কাশি দেন, ওনার ছোট বোন মৌলিকে পানি আনতে বলেন, আমি শুধু শুনি। কিছুই বলি না। এই লুকোচুরিই ভালো লাগে আমার। আমি কী চাই তা ওকে হয়তো কোনো দিনই জানানো হবে না। তাতে কী হলো, আমি দূর থেকেই ওকে চিরদিন...।ইদানীং মনে হয় উনি যেন মোবাইল নিয়েই বসে থাকেন। কল দিতে না দিতেই রিসিভ করে ফেলেন। আর ‘হ্যালো হ্যালো’ করেন। পরীক্ষা শেষে আমাদের বাসায় এলেন একদিন। ভাইয়ার সঙ্গে আমার রুমে চলে এলেন। ভাইয়া বলল, ‘অ্যাই, সেদিন তোকে যে সিমটা কিনে দিলাম ওটা দে তো!’ আমার তো আত্মারাম খাঁচাছাড়া হওয়ার অবস্থা! ঢোক গিলে বললাম, ‘কেন?’ ‘ওটার ইন্টারনেট সার্ভিসটা চালু করে নিয়ে আসি। তুই মোবাইলেও ফেসবুকিং করতে পারবি। সিমটা তো সেদিন অয়নই কিনেছিল, কিন্তু গাধাটা জিপিআরএস ঠিক করেনি।’ আমি চোখ গোল গোল করে অয়ন ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু ওনার রহস্যময় মুচকি হাসির মাথামুণ্ডু কিছুই বুঝতে পারলাম না...।রেজওয়ানা আফরিন, বিমানবন্দর, যশোর।