অকর্মণ্য সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে ইট ও বালু। কোনো কোনো কাটা রাস্তার ওপর বালু ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই বালুর ওপর দিয়ে গাড়ি চলাচল করলে বয়ে যায় ধুলোঝড়। পথচারী নাকাল সেই ধুলাবালুর অত্যাচারে। নাকে রুমাল চাপা দিয়েও রেহাই নেই। সারা শহরের যখন এই অবস্থা, তখন সিটি করপোরেশন নির্বিকার। গত তিন মাসজুড়ে নগরের এই হাল। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই সেবা প্রতিষ্ঠানটির কাজ কী?
কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের কাজ চলছে। তার জন্য নগরের ২৭টি সড়কে পাইপলাইন বসাতে কাটাকুটি হচ্ছে। ওয়াসা রাস্তা খু্ঁড়ে পাইপ বসিয়ে কাজ সারছে। রাস্তা খোঁড়ার আগেই সেগুলো মেরামতের জন্য ওয়াসা সিটি করপোরেশনের কাছে টাকা পরিশোধ করে রেখেছে। বারো মাসের নানা দুর্ভোগের সঙ্গে সম্প্রতি যুক্ত হওয়া এই আপদ থেকে অকর্মণ্য সিটি করপোরেশন কবে মুক্তি দেবে সেই প্রশ্ন এখন নগরবাসীর মুখে মুখে।
সিটি করপোরেশন নাগরিকদের কী কী সেবা দিতে পারে? তাদের আওতায় বা কার্যতালিকায় কোন কোন কাজগুলো অগ্রাধিকার পাবে। সে সম্পর্কে প্রায় প্রতিটি নাগরিকই অবগত আছেন। কিন্তু নগরের বর্তমান অবস্থা দেখে মনে হয়, নিজেদের দায়িত্ব সম্পর্কে একমাত্র সিটি করপোরেশনেরই কোনো ধারণা নেই। তাদের প্রধান কাজ রাস্তাঘাট মেরামত বা সংরক্ষণ, নালা-নর্দমা পরিষ্কার ও দখলমুক্ত, ফুটপাত দখলমুক্ত রাখা ও খাল সংস্কার। এসব কাজ যথাযথভাবে যে সিটি করপোরেশন করতে পারেনি তা নগরের যেকোনো স্থানেই গিয়ে চোখে পড়বে। চট্টগ্রামের সব সড়কের ফুটপাত এখন দখলদারদের হাতে। শুধু ফুটপাত নয়, ফুটপাত ছাড়িয়ে এই দখল রাস্তা পর্যন্ত বিস্তৃত হয়েছে অনেক জায়গায়। মুরাদপুর মোড়, ইপিজেডের আশপাশ, নিউমার্কেট, রেয়াজুদ্দিন বাজার, স্টেশন রোড, সিরাজুদ্দৌলা সড়ক, নতুন ব্রিজ মোড় এলাকা, চাক্তাই-খাতুনগঞ্জ, কর্নেল হাট ও অলংকার মোড়ে এই দখলবাজি মারাত্মক আকার ধারণ করেছে।
ডিসি পাহাড় ঘেঁষে মোমিন রোডের ফুটপাতটির দখল কাহিনি শুধু প্রথম আলোতেই প্রকাশিত হয়েছে তিনবার। তার পরও এ ফুটপাতের ওপর জেঁকে বসা আসবাবপত্রের দীর্ঘ দোকানটি তুলতে পারেনি। ডিসি পাহাড়ে প্রাত আর বৈকালিক ভ্রমণে আসা হাজার হাজার মানুষের চলাচল নির্বিঘ্ন করার জন্য এই ফুটপাতটি দখলমুক্ত করা যে জরুরি, তা বোঝানো যাচ্ছে না করপোরেশনের কর্তা ব্যক্তিদের। শুধু মোমিন রোড নয়, ফুটপাতগুলোকে দখলমুক্ত করে অবাধ চলাচল নিশ্চিত করার জন্য গত তিন বছরে কোনো উদ্যোগই নেওয়া হয়নি।
জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হতে সব খালের প্রকৃত আয়তন ও নাব্যতা ফিরিয়ে আনার ব্যাপারে কোনো উৎসাহ নেই করপোরেশনের। কদিন আগে মহেশখাল ও মরিয়ম খালকে দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে করপোরেশন। কিন্তু দখল এত ব্যাপক ও বিস্তৃত যে এক-দুই দিনের অভিযানে যথেষ্ট নয়। চাক্তাই খালের কিছুটা সংস্কার হলেও আরও ১৫টি খাল প্রকৃত আয়তন হারিয়ে আজ বিলীনের পথে, শুধু অবৈধ দখলের কারণে। মৃতপ্রায় সেই সব খাল এখন আবর্জনার ভাগাড়।
নালা-নর্দমা পরিষ্কারের ক্ষেত্রেও অদক্ষতার পরিচয় দিয়েছে করপোরেশন। ভরাট নর্দমাগুলো পরিষ্কার তো দূরের কথা, সিটি করপোরেশন এখন নালার ওপর বিপণিকেন্দ্র নির্মাণ করছে। এলাকার মানুষের প্রতিবাদ আপত্তিকে তোয়াক্কা করছে না।
আবর্জনা ব্যবস্থাপনায়ও কোনো শৃঙ্খলা নেই। কোথাও কোথাও সড়কের ওপর দিনের পর দিন পড়ে থাকে আবর্জনা। ডাস্টবিন উপচে ছড়িয়ে-ছিটিয়ে যায়। এর কোনো প্রতিকার পরিলক্ষিত হচ্ছে না।
পরিবেশ দূষণ রোধেও কোনো উদ্যোগ নেই। চট্টগ্রাম মহানগর এখন নানা রকম দূষণের শিকার। ধুলো, ধোঁয়া, ময়লা আবর্জনা, জলাবদ্ধতা আর শব্দদূষণ-কবলিত একটি শহর। মানুষ বসবাসের জন্য ক্রমশ অযোগ্য হয়ে উঠছে।
পত্রপত্রিকায় বিভিন্ন লেখালেখির কারণে অবৈধ বিলবোর্ড অপসারণের জন্য কদিন তৎপর হয়ে উঠেছিল করপোরেশন। সেই তৎপরতাও এখন বন্ধ। বরং ইদানীং নতুন করে বিলবোর্ড স্থাপনের অনুমতি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সিটি করপোরেশনের স্বাস্থ্যসেবাও মুখ থুবড়ে পড়েছে। এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আমলে স্বাস্থ্যসেবায় সুনাম কুড়িয়েছিল করপোরেশন। তাঁর মেয়াদের শেষ দিক থেকে সেবার মান কমতে থাকে। বর্তমানে মেনন মাতৃসদনসহ সিটি করপোরেশন পরিচালিত হাসপাতাল ও ক্লিনিকগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, সেবিকা, অন্যান্য লোকবল সরঞ্জাম সংকট চরম আকার ধারণ করেছে। ফলে কাঙ্ক্ষিত সেবাও পাচ্ছে না নগরবাসী।
বর্তমান মেয়রের দায়িত্ব নেওয়ার পর সাড়ে তিন বছর অতিক্রান্ত হয়েছে। এই কয়েক বছরে নগরবাসীর চাওয়া-পাওয়ার হিসাবে অপ্রাপ্তির বেদনাটুকুই বেশি। যে বিপুল উৎসাহ আর আশা-আকাঙ্ক্ষা নিয়ে নাগরিকেরা তাঁকে নির্বাচিত করেছেন, সেই আশা হতাশায় পরিণত হয়েছে। আরেকটি নির্বাচন আসার আগেই আগামী দেড় বছরে নাগরিকদের হতাশা ঘোচানোর দায় কিন্তু মেয়রের কাঁধের ওপরই বর্তায়।