অকালিক শিশু কমানোর পাঁচ উপায়
নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেওয়া বা অকালিক শিশুর সংখ্যা (প্রিম্যাচিউর বার্থ) কমাতে সোজাসাপটা পাঁচটি উপায় বেছে নিলে পৃথিবীর সর্বোচ্চ আয়ের দেশগুলো ৩০০ কোটি ডলার সাশ্রয় করতে পারবে। প্রভাবশালী চিকিৎসা ও স্বাস্থ্য সাময়িকী ল্যানসেট-এর এক প্রবন্ধে এ কথা বলা হয়েছে। ১৭ নভেম্বর ওয়ার্ল্ড প্রিম্যাচিউর দিবসে এই গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়। এই উপায়গুলো হচ্ছে: গর্ভাবস্থায় ধূমপান না করা, অস্ত্রোপচারে সন্তান জন্মদান কমানো, কৃত্রিমভাবে প্রসব বেদনা তৈরি কমানো, প্রয়োজনে প্রোগ্যাসটোরেন সম্পূরক ব্যবহার করা এবং শল্য পদ্ধতিতে পূর্ণ সময় পর্যন্ত গর্ভাশয়ের সংকীর্ণ অংশ (সারভিক্স) বন্ধ রাখা।ওই প্রবন্ধের পেছনে আছে দাতব্য প্রতিষ্ঠান সেভ দ্য চিলড্রেনের ‘সেভিং নিউবর্ন লাইভস’ কর্মসূচির গবেষণা। গবেষণা বলছে, পৃথিবীর ৩৯টি সর্বোচ্চ আয়ের দেশ নির্দিষ্ট সময়ের আগে শিশুদের জন্ম নেওয়ার হার কমাতে পাঁচটি উপায় নিতে পারে। এর ফলে ওই ধরনের শিশু জন্মগ্রহণের হার প্রায় পাঁচ শতাংশ কমবে। আর তাতে ৩০০ কোটি ডলার সাশ্রয় হবে। এসব শিশুর বাড়তি যত্নের ব্যয় ও পারিবারিক খরচ এই হিসাবের অংশ। অস্ত্রোপচারের মাধ্যমে শিশু জন্মানোর একটি প্রধান ঝুঁকি হচ্ছে, এতে নির্দিষ্ট সময়ের বেশি আগেই শিশুটির জন্ম হয়ে যেতে পারে। গবেষক দলের প্রধান জয় লন বলেন, নির্দিষ্ট সময়ের দুই সপ্তাহ আগে জন্ম নেওয়া শিশুর নানা ধরনের আচরণগত সমস্যার ঝুঁকি থাকে। নিউ সায়েনটিস্ট।