মহালছড়ি থেকে পাঁচ টুকরি কমলা নিয়ে খাগড়াছড়িতে বিক্রির জন্য এসেছিলেন চাষি অমিয় চাকমা। দাম হাঁকছেন হালি ১৫ টাকা, একটু ছোট আকারের কমলার হালি ১০ টাকা। কমলাগুলো পরিপক্ব হয়নি। খোসা মোটা, রস কম। তাঁর গাছে এবার প্রচুর কমলা ধরলেও পাকার আগেই ঝরে যাছে। তাই সস্তায় কমলা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অমিয় চাকমা বললেন, ‘গাছে প্রচুর কমলা ধরলেও ঝরে যাচ্ছে অকালে। তাই সস্তায় কমলা বিক্রি করতে বাধ্য হচ্ছি।’ কেবল অমিয় চাকমা নন, খাগড়াছড়ির বহু কমলাচাষি এবার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন কমলা ঝরে পড়ার কারণে। বর্তমানে খাগড়াছড়ির বাজারে যেসব কমলা পাওয়া যাচ্ছে তার অধিকাংশই অপরিপক্ব। এসব কমলার মিষ্টতাও কম। খাগড়াছড়ি জেলা সদর, মহালছড়ি ও পানছড়ি উপজেলার কয়েকটি কমলাবাগানের চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিপক্ব হওয়ার আগেই কমলা ঝরে পড়ছে।এক চাষি জানালেন, বর্তমানে বাজারে যেসব কমলা পাওয়া যাচ্ছে সেগুলো আরও চার থেকে পাঁচ সপ্তাহ পর পরিপক্ব হওয়ার কথা। অকালে ঝরে না পড়লে এসব কমলা বিক্রি করে ভালো দাম পেতেন চাষিরা।মহালছড়ি উপজেলার লেমুছড়ি গ্রামের শান্ত চাকমা জানান, তাঁর বাগানের দেড় শ কমলা গাছের নিয়মিত পরিচর্যা করলেও ঝরে পড়া ঠেকানো যাচ্ছে না। হাড়ভাঙা পরিশ্রম করার পর কমলা যখন সস্তায় বিক্রি করতে হয় তখন খুবই খারাপ লাগে। খাগড়াছড়ি সদরের আলুটিলা পাহাড়ে কমলার বাগান করেছেন শক্তিনন্দ চাকমা। তিনি জানান, কৃষিবিদদের থেকে নিয়মিত পরামর্শ নিয়ে কমলা চাষ করছেন। কিন্তু এখন অকালে কমলা ঝরে পড়ার কারণে তিনি হতাশ।খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল করিম বলেন, পার্বত্য এলাকায় ফল ঝরে পড়া কমলা চাষে বিরাট সমস্যা। ঠিক কী কারণে এটা ঘটছে তা এখনো জানা যায়নি। তিনি বলেন, কমলা ঝরে পড়ার বেশ কয়েকটি কারণ থাকে। অতিরিক্ত তাপমাত্রা, পানির অভাব হলে, গাছে পোকামাকড়ের উপদ্রব বাড়লে ও গাছে পুষ্টি উপাদানের অভাব হলে কমলা অপরিপক্ক অবস্থায় ঝরে পড়ে।’