অকূল দরিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছিলেন আবুল কালাম আজাদ। কিন্তু আচমকা নেমে এল বিপদ। মাঝ দরিয়ায় বিকল হয়ে গেল ট্রলার। তারপর?ঈদে বাড়িতে যাওয়ার পরপরই মুঠোফোনটি বিগড়ে গিয়েছিল আবুল কালাম আজাদের। ভেবেছিলেন, ঢাকায় ফিরে সারিয়ে নেবেন। কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারেননি, সেই বিকল মুঠোফোনই মাঝ নদীতে বিশাল এক দুর্ঘটনা থেকে উদ্ধার পেতে সাহায্য করবে তাঁকে!এ মাসের ১৪ তারিখের কথা। ঈদের ছুটি শেষ, ফের ঢাকার ডাক। রাজধানীর শিশুমেলার নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন ৪২ বছর বয়সী আজাদ। বরিশালের আগৈলঝাড়ায় তাঁর ভিটে। বাড়িতে আছেন তাঁর স্ত্রী শিল্পী ও চার বছরের কন্যা আনিকা। ঢাকায় ফেরার কালে অন্য সময়ের মতো এবারও ছোট্ট মেয়েটা কান্না জুড়ে দিয়েছিল বেদম। তাই সেদিন মেয়েকে অনেক বুঝিয়ে-সুঝিয়ে বাড়ি থেকে বিদায় নিতে পেরেছিলেন শেষমেশ।বিদায় তো নিলেন; কিন্তু বাস কাউন্টারে এসে যে চক্ষু চড়কগাছ! দূরপাল্লার সব বাসই বলছে—ঠাঁই নেই, ঠাঁই নেই! এখন উপায়? পরদিন অফিস। অগত্যা ভেঙে ভেঙে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। আগৈলঝাড়া থেকে একটা রিকশা ঠিক করলেন গৌরনদী পর্যন্ত। তারপর সেখানে নেমে উঠে বসলেন ফরিদপুরগামী একটি বাসে। বাস বলতে মুড়ির টিন! ফরিদপুর নেমেই চলে গেলেন সোজা পাটুরিয়া ঘাটে। সেখানকার পরিস্থিতিও তথৈবচ। লোকে লোকারণ্য! ঘাটে তখন আজাদের মতোই ঢাকাগামী কয়েকজন দিশাহীন যাত্রী একটা ট্রলার ঠিক করছিলেন। সেটা নাকি ঢাকার গাবতলী পর্যন্ত যাবে।‘আল্লাহ ভরসা বলে উঠে পড়লাম তাতে। কিন্তু সেটাতেও দেখি মহা হুলুস্থূল! শ খানেক লোক উঠেছিল সেই ট্রলারে। সেখানে উঠে একটু স্থির হতেই দেখি, পায়ের কাছে অনেক খড়-বিচালি, বিষ্ঠার গন্ধ। বুঝলাম, এই ট্রলার গরু আনা-নেওয়া করে। ঈদের বাজারে খ্যাপ মারছে। হঠাৎ মোবাইলটা হাতে নিয়ে নাড়াচাড়া করতেই অবাক হলাম। কেমন কেমন করে যেন মোবাইলটা ঠিক হয়ে গেছে! তো তাতে করে একটু মন ভালো হলো। ভাবলাম, যাক, এখন অন্তত বাড়ির সঙ্গে যোগাযোগ করা যাবে।’ আজাদ বলছিলেন। নদীর বুকে মন ভালো হয়ে যাওয়ার কথা। কিন্তু সেই মন ভালো অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি সে যাত্রা!শুরুতে বাতাস বইছিল মাঝারি বেগে। আকাশে কালো মেঘের দাপটও তেমন ছিল না। ঘড়িতে তখন সময় দুপুর সাড়ে ১২টার মতো। কালো রঙের ট্রলারটি তখন পেটের মধ্যে ১০০ জনের মতো যাত্রী নিয়ে পুরো ভরভরন্ত হয়ে ছুটছে জল কেটে। মিনিট বিশেকের মতো পেরিয়ে গেছে ততক্ষণে। ‘হঠাৎ কী যে হলো, প্রবল একটা ঝাঁকুনি! ট্রলারের ইঞ্জিন নাকি বন্ধ হয়ে গেছে! নিচে চেয়ে দেখি, ভীষণ স্রোত! শান্ত নদী হঠাৎ অশান্ত রূপ নিয়েছে। কয়েক দিন ধরেই অনবরত বৃষ্টি হচ্ছিল। বুঝলাম, এটা তারই ফল। যাত্রীরা তা দেখেই ভীষণ আতঙ্কিত। শুরু হলো আর্তনাদ, ‘বাঁচাও, বাঁচাও!’ ট্রলারে ছোট্ট শিশু থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধও ছিলেন। স্বভাবতই অজানা আশঙ্কায় সবার মুখ শুকিয়ে এতটুকু। মাঝি ও তাঁর সহকারীরা অনেক চেষ্টা-চরিত করেও ট্রলারটিকে বাগে আনতে পারছিলেন না। আর নদীর সে কী স্রোত! সেই স্রোতের টানে খড়কুটোর মতো ভেসে চলেছে ট্রলারটি। দেখলাম, অবস্থা ক্রমেই খারাপের দিকে। যে যেভাবে পারছে সৃষ্টিকর্তাকে ডাকছে। কাছেপিঠে একটা নৌযানও নেই যে ডেকে সাহায্য চাইব। বলতে গেলে পুরো অকূল দরিয়ায় পড়ে গেলাম। একজন বুদ্ধি দিলেন লাল রঙের একটা কাপড় উড়িয়ে দিতে। সঙ্গে সঙ্গে তা-ই করা হলো। কিন্তু কোথায় কী!’ রুদ্ধশ্বাস মুহূর্তগুলোর কথা বলছিলেন আজাদ।ঠিক সে সময় কাকতালীয়ভাবে ঠিক হয়ে যাওয়া মুঠোফোনটির কথা মনে হয় আজাদের। ফোন করেন ভাইপোকে, ‘...আমাদের অবস্থা তো ভালো না। প্রায় মাঝ নদীতে স্রোতের টানে ভেসে যাচ্ছি! কোথাও কোনো দুর্ঘটনার কথা শুনতে পেলে পদ্মার তীরে এসো!’ ছোট্ট আনিকাও খবরটি শুনেছিল তখনই। সব শুনে মেয়েটার জ্বর এসে গিয়েছিল সে রাতে।তবে স্বজনদের সঙ্গে কথা বলার পরেই হঠাৎ করে একটা বুদ্ধি খেলে যায় আজাদের মাথায়। মনে পড়ে, মুঠোফোনের ফোনবুকে নৌপরিবহনমন্ত্রীর একটা নম্বর সেভ করা আছে। সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফোন দেন তিনি। মন্ত্রীর পিএ ফোন রিসিভও করেন, তবে জানিয়ে দেন, ‘মন্ত্রী মহোদয় এখন মিটিংয়ে।’ আশার বেলুন প্রায় চুপসেই গিয়েছিল। কিন্তু ফের তা আগের অবস্থায় ফিরে আসে। আজাদের মনে পড়ে, মাদারীপুর পৌরসভার কমিশনার ইউসুফ হোসেনের নম্বরও আছে তাঁর কাছে। সেই নম্বরেই ফোন দেন সঙ্গে সঙ্গে। হ্যাঁ, এবার তাঁকে পাওয়া যায়। নিজেদের বিপদের কথা জানিয়ে দেন আজাদ। একসময় ঠিকই বড় একটি দুর্ঘটনা থেকে রেহাই মেলে সবার। আজাদ বলছিলেন সেই কথা, ‘অবশেষে স্রোতের টানে ওভাবে ভাসতে ভাসতে বেশ অনেক দূর চলে যাই আমরা। ততক্ষণে সময় গড়িয়েছে প্রায় দেড় ঘণ্টার মতো। কোথায় আছি, তা ঠিক ঠাওর করতে পারছিলাম না কেউ। তাই যাঁদের কাছে সাহায্য প্রার্থনা করছিলাম, তাঁরা ঠিক বুঝতে পারছিলেন না, কোথায় খুঁজবেন আমাদের। একসময় দেখি একটি ট্রলারে করে কয়েকজন পুলিশ এগিয়ে আসছেন আমাদের দিকে। তাঁরা এসে আমাদের ট্রলারটি তাঁদের ট্রলারের সঙ্গে বেঁধে নিলেন। হাঁফ ছাড়লাম সবাই। আর একসময় পেলাম ডাঙার দেখা!’