অকৃতকার্য হওয়ার ১০ কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষায় পাস করেছে ৮৬.৩২%, মানে অকৃতকার্য হয়েছে ১৩.৬৮%। ১৩.৬৮% শিক্ষার্থী কেন অকৃতকার্য হলো, জবাবে অনেকেই হয়তো বলবেন, শিক্ষার্থীদের মেধার অভাব, যোগ্য শিক্ষকের সংকট ইত্যাদি। কিন্তু এসব কারণের কোনোটাই সঠিক নয় বলে রস+আলো বিশ্বাস করে। রস+আলোর মতে অকৃতকার্য হওয়ার পেছনে কী কী কারণ রয়েছে তা সফলভাবেই জানিয়েছেন নূর সিদ্দিকী১প্রতিবছরই পরীক্ষার ফল প্রকাশের পর পত্রিকায় প্রতিবেদন দেখা যায়, অমুক এলাকায় মিষ্টির সংকট। আর এই সংকট হয় অতিরিক্ত শিক্ষার্থী কৃতকার্য হওয়ায়। মিষ্টির দোকানদারেরা যে পরিমাণ শিক্ষার্থী পাস করবে ধরে নিয়ে মিষ্টি তৈরি করেন, তার চেয়ে বেশি পাস করায় এই সংকট তৈরি হয়। তবে কিছুসংখ্যক শিক্ষার্থী কোনো দিনই দেশে কোনো রকম সংকট দেখতে চায় না। তাই তারা অকৃতকার্য হয়ে সংকট মোচনের চেষ্টা করে। এমন দেশপ্রেমিক শিক্ষার্থীদের অকৃতকার্য বলে অবহেলা করা ঠিক নয়।২‘তোকে দিয়ে কিচ্ছু হবে না’—এমন কথা প্রায় সব শিক্ষার্থীকেই কোনো না কোনো কারণে শুনতেই হয়। মা-বাবা কিংবা মুরব্বিরা যখন এমন কথা বলেন, তখন নিশ্চয়ই কোনো কারণ থাকে। তাঁরা তো আর ফালতু কথা বলতে পারেন না। ফলে যাকে উদ্দেশ করে এ কথা বলা হয়েছে, সেই শিক্ষার্থী যদি পাস করে যায়, তাহলে মা-বাবা-মুরব্বির কথা মিথ্যা প্রমাণিত হবে। মুরব্বিদের কথা যাতে মিথ্যা প্রমাণিত না হয়, সে জন্যই কেউ কেউ অকৃতকার্য হয়ে বড়দের প্রতি ভক্তি প্রদর্শন করে।৩কেউ অকৃতকার্য হলে কিছু মানুষ যেমন ভর্ৎসনা করে, তেমনি কিছু মানুষ কিন্তু সান্ত্বনাও দেয়। আজকাল সান্ত্বনা কিন্তু সহজে কেউ কাউকে দিতে পারে না। আর প্রায় শতভাগ পরীক্ষার্থী কৃতকার্য হলে সান্ত্বনা নেওয়ারও খুব বেশি মানুষ থাকে না। তাই বলে কি আমাদের প্রবীণ ব্যক্তিরা সান্ত্বনা দেওয়া ভুলে যাবেন? ‘সান্ত্বনাৎ কথাটা উঠে যাবে আমাদের অভিধান থেকে? না, তা হতে দেওয়া যায় না বলেই কেউ কেউ অকৃতকার্য হয়ে জাতীয় দায়িত্ব পালন করেন।৪ছোটবেলায় রচনা লিখতে হয়—এইম ইন লাইফ বা আমার জীবনের লক্ষ্য। কিন্তু সবাই কি লক্ষ্য ঠিক করতে পারে? পারে না বলেই রচনা বই মুখস্থ করে পরীক্ষায় লিখে দেয়—ডাক্তার হয়ে গ্রামের মানুষের সেবা করব, ইঞ্জিনিয়ার হয়ে খালের ওপর ব্রিজ বানাব ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিজের লক্ষ্য যারা নিজেরা ঠিক করতে চায়, তাদের ভাবতে হয়, রচনা বইয়ের বাইরেও কিছু লক্ষ্য থাকতে পারে। ফলে তারা তা অনুসন্ধানে আত্মনিয়োগ করে। পরীক্ষার সময় চলে এলেও লক্ষ্য ঠিক করতে না পেরে, বড় হয়ে তারা কী হবে অপরিষ্কার রেখে পাস করা ঠিক হবে না বলেই কিছু ক্রিয়েটিভ শিক্ষার্থী মাঝেমধ্যে অকৃতকার্য হয়। ৫কবিতায় পড়ানো হয়েছে, ‘একবার না পারিলে দেখো শতবার’। কবিতায় যা লেখা হয় তা সত্য কি না বা শতবার চেষ্টা করেও পাস করা যায় কি না, এই সত্য প্রমাণ করতেই অনেকে অকৃতকার্য হয়। এ জন্য তাদের দোষ দেওয়া ঠিক নয়। যদি এমন কবিতা না লেখা হতো, তাহলে এই ভাবনাই তো মাথায় আসত না। ফলে পাস হতো শতভাগ।৬পরীক্ষার রেজাল্টের পর পত্র-পত্রিকা ও টেলিভিশনের খবরে গ্রাফ বা রেখচিত্র অঙ্কন করে দেখানো হয় এত ভাগ পাস করেছে, এত ভাগ পাস করেনি। যদি শতভাগ পাস করে ফেলে, তাহলে গ্রাফ বা রেখচিত্র অঙ্কনের কথা সবাই ভুলে যাবে। এভাবে চলতে থাকলে একসময় রেখচিত্র বিষয়টাই পত্রিকা-টিভি থেকে উঠে যাবে। রেখচিত্র যাতে হারিয়ে না যায়, সে জন্যই কেউ কেউ অকৃতকার্য হয়।৭পরাজয়ে ডরে না বীর। কথাটার মধ্যে শক্তির একটা ব্যাপার আছে। যে বীর, সে পরাজয়ে ডরে না বা ভয় পায় না। যারা বীর, তারাই অকৃতকার্য হয়। জয়ে ডরে না বীর—এমন কথা তো কেউ কখনো বলেনি। বললে সবাই পাস করত। সবাই পাস করলে পরাজিত বীরকে খুঁজে পেত কেউ? দেশ থেকে এমনিতেই বীরের সংখ্যা কমে যাচ্ছে। এটা উদ্বেগের কারণ বলেই কেউ কেউ অকৃতকার্য হয়ে বীরের সংখ্যা বাড়িয়ে চলেছে।৮ইংরেজিতে বলা হয়, ‘ফেইলর ইজ দ্য পিলার অব সাকসেস।’ মানে ব্যর্থতাই সাফল্যের খাম্বা। এ কথায় প্রমাণিত হয়, যারা ব্যর্থ, তারাই কেবল সফলতার খাম্বা স্থাপন করতে পারে। আর দেশে যত বেশি সাফল্যের খাম্বা স্থাপিত হবে, দেশ তত এগিয়ে যাবে, গণতন্ত্রের ভিত তত মজবুত হবে। তাই গণতন্ত্রের স্বার্থেই অকৃতকার্য হওয়া জরুরি বলে মনে করে কোনো কোনো মেধাবী শিক্ষার্থী।৯মা-বাবা ধৈর্য ধরে রাত জেগে সন্তানকে পড়াশোনা করান। বিদ্যুৎ না থাকলে পাখা দিয়ে বাতাস করেন। নিজেরা মন্দটা খেয়ে সন্তানকে ভালোটা খাওয়ান। মা-বাবা কিন্তু এসব করেই আশা করেন যে তাঁর সন্তান পাস করবে। কিন্তু মা-বাবারও যে মাঝেমধ্যে ধৈর্যের পরীক্ষা দেওয়া উচিত তা হয়তো সবাই ভাবে না। কেউ কেউ মা-বাবাকেও পরীক্ষার আওতায় আনার জন্য অকৃতকার্য হয়।১০যারা সামান্য চেষ্টাতেই পাস করে, তাদের কথা কি সবাই মনে রাখে? রাখে না। কিন্তু আমাদের পাড়ার হাবু যে সাতবারের চেষ্টায় পাস করেছে—এটা কিন্তু এখন একটা ইতিহাস। ইতিহাস তৈরির জন্য হাবুকে কত কষ্টই না করতে হয়েছে, বছরের পর বছর পরীক্ষা দিতে হয়েছে। এখন পাড়া তা পাড়া, জেলার অনেক মানুষই তাকে চেনে, সমীহ করে কথা বলে। তাহলে কে বেশি গুরুত্বপূর্ণ—যে ইতিহাস সৃষ্টি করে সে, না যে সহজেই পাস করে? উত্তরটা একবার ভাবলেই বুঝবেন, কেন কেউ কেউ অকৃতকার্য হয়।