অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানো
বাবা নেই। মা অন্যের বাসায় কাজ করেন। সারা দিন কাজ করে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হয় মাকে। ঘরে তাঁর একমাত্র মেয়ে। সন্ধ্যাপ্রদীপ জ্বালিয়েই সুযোগ করে দেন মেয়েকে পড়ার জন্য। মেয়েটিরও অনেক পড়াশোনা করার ইচ্ছা। বড় হয়ে সে চিকিৎসক কিংবা প্রকৌশলী হবে—এমন ইচ্ছাও নেই। তবে পরবর্তী জীবনে অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেই এমন কিছু করতে চায়, যাতে অন্যেরও কর্মসংস্থান হয়। হোক না তা ছোট কিছু। আর তাই বাণিজ্য বিভাগে পড়া। ‘আমার মা অন্যের বাড়িতে কাজ করেও আমার পড়াশোনা করার সুযোগ করে দিয়েছেন। আমি প্রথমবার নানা প্রতিকূলতার কারণে উত্তীর্ণ হতে পারিনি। অনেক কষ্ট পেয়েছিলাম। আমার জন্য নয়, মায়ের জন্য। তবে প্রথমবারের কষ্টকে শক্তি হিসেবে নিয়ে আবার শুরু করি এবং এ বছর আমি আমার মায়ের পরিশ্রমের মূল্য দিতে পেরেছি।’ বলতে বলতে মায়ের কর্মঠ হাত দুটো শক্ত করে চেপে ধরে হেলেনা আক্তার।নিজের অজান্তে চোখের কোণে প্রবাহিত পানি যেন তার অদম্যতাকে ঝরনার মতো আনন্দের ফোয়ারা দিয়ে ভাসাতে চাইছে। বলছিলাম দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ মুন্সিগঞ্জের হেলেনা আক্তারের কথা। হেলেনার মতো এমন অনেক শিক্ষার্থী এসেছিল বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। তাদের অর্ধেক এ বছরের চ্যালেঞ্জড স্টুডেন্ট। বাকি অর্ধেক গত বছর অনুত্তীর্ণ হলেও এ বছর সফল হয়েছে। এসেছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, এসএসসির সদস্য (স্কুল ম্যানেজিং কমিটি), অভিভাবক, সমাজের বিশিষ্ট ব্যক্তি, ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক মেহতাব খানম এবং এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমসহ অনেকে। আর সবাইকে একত্র করেছিল গণসাক্ষরতা অভিযান। তাদের লক্ষ্য একটাই—সবার জন্য শিক্ষা। ৮ আগস্ট আয়োজিত এই সম্মেলনে এ বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা তাদের অকৃতকার্য হওয়ার পেছনের কারণগুলো তুলে ধরে। তুলে ধরে সামাজিক, পারিবারিক, মনস্তাত্ত্বিক ইত্যাদি কারণ।খাগড়াছড়ি থেকে এসেছে হারেছ মিয়া। অন্ধকার যার চিরসঙ্গী। দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও অংশ নিয়েছিল ২০০৯ সালের এসএসসি পরীক্ষায়। সব বিষয়ে উত্তীর্ণ হলেও ভূগোলে খারাপ করে। তবে পৃথিবীটা তার অন্ধকার হলেও নিজের ভেতরে আলো জ্বালানোর প্রচেষ্টায় হাল ছাড়ে না হারেছ। নিজের ভেতরে গড়ে তুলতে থাকে অন্য রকম আত্মবিশ্বাস। অংশ নেয় ২০১০ সালের এসএসসি পরীক্ষায়। এবার বিজয়ের হাসি হেসেই ছাড়ে। কুষ্টিয়ার মিরপুর থেকে এসেছিল রমিজ হাসান। মানবিক বিভাগের এই ছাত্র গত বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় মনোবল ভেঙে পড়ে। নিজের ভেতর এমন ধারণা তৈরি হয় যে ‘আমাকে দিয়ে কিছু হবে না।’এ সময় গণসাক্ষরতা অভিযানের ডাকে সাড়া দিয়ে ঢাকায় আসে সে। সমাজের বিশিষ্ট ব্যক্তিদের কথা তাকে ঘুরে দাঁড়াতে সহায়তা করে। তার মতে, ‘এ সময়ই আমি আমার ভেতরকার “আমি”কে খুঁজে পাই। নিজের সমস্যার দিকগুলো খুঁজে বের করি। এ ছাড়া শিক্ষকদের বাড়তি যত্ন আমাকে ভালো কিছু করার অনুপ্রেরণা জোগায়। কাটিয়ে উঠি নিজের দুর্বলতা এবং সবশেষে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ-মাইনাস গ্রেডে উত্তীর্ণ হই। এখন মনে হয় আমিও পারি।’নীলফামারী থেকে এসেছিল এবারের এসএসসি পরীক্ষায় চ্যালেঞ্জড শিক্ষার্থী শম্পা। খারাপ করেছে অঙ্ক ও ইংরেজিতে। সম্মেলনে এসে কতটা ভালো হলো? উত্তরে শম্পা বলে, ‘নিজেকে আরও বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। নিজের দুর্বলতা কাটিয়ে উঠতে পারব বলে মনে মনে প্রতিজ্ঞা করেছি। আমি পারবই।’ নীলফামারী থেকে আসা আরেক শিক্ষার্থী তপন কুমার রায়। তার জীবন আরও বিচিত্র। গত বছর এসএসসিতে অনুত্তীর্ণ শিক্ষার্থী সে। অভাব আর দারিদ্র্য তার শিক্ষাজীবনে দেয়াল হয়ে দাঁড়াতে চেয়েছিল। কিন্তু স্থায়ী হতে পারেনি সে দেয়াল। নিজের গড়ে তোলা মনোবল মাইনের মতো শক্তিতে আঘাত করে গুঁড়িয়ে দিয়েছে সে দেয়াল। আশা জাগিয়েছে নতুনভাবে ঘুরে দাঁড়ানো তপনের ভেতরে। বাবাকে বাদ্যযন্ত্র হারমোনিয়াম তৈরিতে সহায়তা করে সে। অন্যের কণ্ঠকে বিকশিত করে তুলতে গিয়ে নিজের প্রচেষ্টা, মনোবল ও সঠিক নির্দেশনা দিয়ে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তপন। অন্যের কণ্ঠের সুর তোলা যন্ত্র এখন যেন নিজের হূদয়ে জায়গা করে নিয়েছে অশিক্ষাকে জয় করার আনন্দে। ‘গত বছর সম্মেলনে এসে আমার অন্য রকম মনোবল এবং ভুলগুলো শুধরে নিয়ে সামনে এগিয়ে চলার প্রেরণা তৈরি হয়। আসলে আমরাও পারি, তবে তার জন্য দরকার উপযুক্ত পরিবেশ।’ সম্মেলনে শিক্ষক, অভিভাবকসহ সবার কথা শুনে একটা সারসংক্ষেপ করে শিক্ষামন্ত্রীর সামনে পেশ করা হয়। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, মাধ্যমিক পর্যায়ের চ্যালেঞ্জড শিক্ষার্থীদের সমস্যা সরাসরি শুনে কারণগুলো চিহ্নিত করে উত্তরণের জন্য প্রাপ্ত সুপারিশগুলো শিক্ষা উন্নয়নের জন্য গঠিত কমিটি ও নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা এবং একটি কৌশল নির্ধারণ করা।এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও পরামর্শ দেন সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা। সফল ব্যক্তিদের কথা শুনে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা খুঁজে পায় ঋতু, তানিয়া, শিমুল, গীতা সরকারের মতো অনেক শিক্ষার্থী। পণ করে, মেধার আলোয় নিজেকে আলোকিত করার।