অকৃতজ্ঞ পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন ছিল বৃহস্পতিবার। ঈশান কোণে মেঘ জমল। সে কী মেঘ! ঘন কালো। কিছুক্ষণের মধ্যেই কালো অন্ধকারে ছেয়ে গেল পৃথিবী। বিশালকায় এক দৈত্য যেন পৃথিবীটাকে গিলে ফেলল। মুহূর্তেই আকাশ কাঁপিয়ে ঝড় উঠে এল। সেই সঙ্গে মেঘের মুহুর্মুহু গর্জন আর ঝাঁপিয়ে বৃষ্টি। বরফসম বৃষ্টি আর জোরসে তার ফোঁটা। গায়ে কাঁটার মতো বিঁধছে। সবাই যে যার মতো গরু-ছাগল, ছেলেপুলে ঘরে তুলছে। আমরা কিন্তু ঘরে বসে নেই। দৌড়ে চলে গেছি আমতলায়। গিয়ে দেখি, জোছনা ও আছিয়াও যে যার গাছতলায় দাঁড়িয়ে আম কুড়াচ্ছে। ওরা দুজনই আমার বান্ধবী ও চাচাতো বোন। পূর্ব-পশ্চিমে লম্বালম্বি বাড়ি। ছয়টা বাড়ি একই লাইনে সাজানো। আবার সবার আমবাগান যার যার বাড়ির সামনে। তাই এক বাড়ি থেকে অন্য বাড়ি সবার গাছই দেখা যায়।জোরসে ঝড়। ঘন ঘন বিদ্যুৎ। মুহুর্মুহু গর্জন। অবিরাম বর্ষণ। বাতাস আর বৃষ্টির বীভৎস খেলা। রীতিমতো ভয়ংকর প্রকৃতি। এই ঝড়কে কী বলা যেত, জানি না। হারিকেন, লাইলি কিংবা সিডর। আমরা কতগুলো ঝড়ের পাখি, ভয়ডর সবকিছুই বিসর্জন দিয়ে বৃষ্টিতে ভিজে আম কুড়িয়ে যাচ্ছি। ভিজে একাকার হয়ে কাঁপছি। দাঁতে দাঁত লেগে ঠকঠক শব্দ। তবু থেমে নেই। মা বারবার খবর পাঠাচ্ছেন বাড়ি যেতে। কে শোনে কার কথা। মা বলেন, ঝড়ে নাকি দৈত্য চলাচল করে। দৈত্যরা সব ধোঁয়া হয়ে আকাশ ছেয়ে ফেলেছে। পৃথিবীকে অন্ধকার করে ফেলেছে। দুই গজ সামনেও কিছু দেখা যায় না। ওরা ওদের সর্বশক্তি দিয়ে সব গাছকে মাটিতে নুইয়ে দিচ্ছে। আর গাছেরা তার সর্বশক্তি প্রয়োগ করে উঠে দাঁড়াচ্ছে। বাতাস মড়মড় করে গাছের ডাল ভাঙছে, আবার কোনো কোনো গাছ উপড়ে দিচ্ছে। কোনো কোনো বাড়ির চালা উড়ে যাচ্ছে। এ যেন দানবের পৃথিবী উল্টানো খেলা।আমরা কিন্তু থেমে নেই। আম কুড়িয়ে পালা মেরে ফেলেছি। আমাদের আমগাছগুলো নইন্যা, ফজলি, গুরিটা, কাঁচামিঠা, ক্যালিতা, ঘিয়াফজলি, দুধরাজ। ঘিয়াফজলি গাছটি বিশাল একটা এলাকা দখল করে আছে। হঠাৎ করেই দৈত্যরাজের আক্রোশ হলো আমাদের ফজলিগাছটায়। এক ঝটকায় ওই গাছটার বড় একটা ডাল ভেঙে দিয়ে গেল। আমি ছিলাম গাছের তলায়। অল্পের জন্য বেঁচে গেলাম। প্রকৃতির সঙ্গে ঝড়, বৃষ্টি আর দৈত্যের এই বীভৎস লড়াই চলল পৌনে এক ঘণ্টা। তারপর একসময় ঝড় থেমে গেল। মুষলধারে বৃষ্টি। আর আমি তখনো গাছতলায়। হঠাৎ দেখি, ভাঙা ডালটায় একটা পাখির বাসা। বাসায় একটি বাচ্চা। ভিজে চুপচাপ হয়ে কাঁপছে। আমি ওকে তুললাম। দৌড়ে বাড়ি গেলাম। একটা শুকনো কাপড় দিয়ে পাখিটিকে মুছে দিলাম। তারপর তুলায় জড়িয়ে রেখে দিলাম। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও থেমে গেল। বিধ্বস্ত প্রকৃতি তখন পুরোপুরি শান্ত। আমি একটু পরপর দেখছি, আহত পাখিটি ঠিক আছে কি না। দেখলাম, সে এখন পুরোপুরি সুস্থ। তাই তাকে হাতে নিয়ে একটু আদর করছি। আহ্লাদে গদগদ পাখি তখন আমার হাতের মুঠোয়। হঠাৎ পাখিটি, আমার হাতের আঙুলে আচ্ছা করে ঠোকর দিয়ে ফুড়ুৎ করে উড়ে গেল। আর ওই অকৃতজ্ঞ পাখির জন্য আমার মনটা পুড়ে গেল! হায় অকৃতজ্ঞ পাখি!সোহেলী হকগ্রিন রোড, ঢাকা।