মাস্টারবাবু গলা খাঁকারি দিলেন, ‘হরিপদ, কথাটথা বন্ধ করি দিলি হঠাৎ! গলা পর্যন্ত খায়ে পেটটা নামি গেল নাকি রে!’ হরিপদ মাস্টারবাবুর পেছনে পেছনে টর্চ জ্বেলে হাঁটছে ধীরপায়ে। আকাশে ভরা পূর্ণিমার চাঁদ। হরিপদ উদাস হয়ে জবাব দেয়, ‘মনডা বড় বিবাগি আছে গো, মাস্টারবাবু।’ মাস্টারবাবু লঘু চালে বলেন, ‘চাঁদের আলো কি কবিদের মতন তোর মনডারেও উদাসীন বানায়া ফেলল নাকি!’ হরিপদ দীর্ঘক্ষণ নিশ্চুপ থাকে; তারপর একসময় অনেক দূর থেকে ভেসে আসে তার কণ্ঠ, ‘ছোকরা মাস্টারের বউডা বড় সোন্দর হইছে গো, বাবু।’ মাস্টারবাবু মাথা নাড়েন, ‘ঠিক কয়েছিস। দুইডাই রাজযোটক।’ আনন্দ দয়াময় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণকমল দত্ত, বিকম আর দপ্তরি হরিপদ স্কুলের অঙ্কশিক্ষক বিভূতিভূষণ রায়ের শুভবিবাহ অনুষ্ঠানে ভরপেট খেয়ে বাড়িতে ফিরছিলেন। তাঁদের বাড়িতে ফেরার কোনো তাড়া নেই। পঞ্চাশোর্ধ্ব মাস্টারবাবু আর চল্লিশোর্ধ্ব হরিপদ এখনো অকৃতদার। তাঁদের ফেরার আশায় বাড়িতে কেউ অপেক্ষা করে থাকে না কখনো। মাস্টারবাবু আবার লঘু চালে বলেন, ‘তোর জঘন্য রান্না খায়ে খায়ে খাওয়ার ওপর রুচি উঠে গিয়েছিল, আইজ কোরমা, পোলাও খায়ে রুচি আবার ফেরত আসিছে।’ হরিপদ একটু রুষ্ট হয়, ‘এই কাম কি ব্যাডা মাইনষেরে দিয়া হয়নি, কন?’ মাস্টারবাবু কিছু বলেন না। হরিপদ হঠাৎ কেমন যেন আগ্রাসী গলায় বলে, ‘আচ্ছা বাবু, আপনি জীবনে বিয়ে থা কইরলেন না ক্যান?’ কৃষ্ণকমল দত্ত হঠাৎ করে যেন এক পাহাড়সমান পাথরের নিচে চাপা পড়ে গেলেন। অতল সমুদ্রে খড়কুটো হাতড়ে ফেরা মানুষের মতো অসহায় হয়ে তিনি বলেন, ‘কোনো দিন কাউরে কই নাই, ভুলি থাকতি চেষ্টা করিছি। যতই তারে ভুলতি চাই, সে ততই তার অস্তিত্ব নিয়া হাজির হয় বারবার। এই জীবনে আর কোনো দিন তারে ভুলতি পাইরব না মনে হয়।’ হরিপদ কৌতূহলী হয়, ‘সে কি বড় সোন্দর ছেল গো, বাবু; অঙ্ক স্যারের বউটার মতন?’ মাস্টারবাবুর মুখে হঠাৎ একঝলক আলো দেখা দেয়, ‘হয়, বড় সোন্দর ছেল সে। আশপাশের দু-দশ গেরামে তার মতন সোন্দর মেইয়া আর একটাও ছেল না। মেঘের মতন কালো ছেল তার চুল। আর সে কী গায়ের রং, যেন স্বর্গ থেকে নেমে আসা প্রতিমাঠাকুর।’ হরিপদ আস্তে আস্তে বলে, ‘তারে বিয়ে কইরলেন না ক্যান?’ আনন্দ দয়াময় উচ্চবিদ্যালয়ের জাঁদরেল প্রধান শিক্ষক কৃষ্ণকমল দত্তকে বড় গোবেচারা মনে হয়, ‘সে তো অন্য ধর্মের ছেল। বিধর্মীর সঙ্গে তার বাপ কি তারে বিয়ে দেবে?’ হরিপদ মাথা নাড়ে, ‘বুঝিছি মাস্টারবাবু। তারে ভুইলতে না পারি কি আর বিয়ে করেননি কোনো দিন?’ মাস্টারবাবুর বয়স যেন এক মুহূর্তেই আরও দশ বছর বেড়ে যায়, ‘ভুলাভুলির জন্যি না। বিয়ে করিনি তার ওপর জেদ করি। একবার সে আমারে কয়েছিল, ব্যাডা মাইনষের কুনো বিশ্বাস নেই, মেইয়া মাইনষেরে ভুলি যাওয়া দুই দিনের মামলা। তার জন্যি তার বিয়ে হয়ে যাবার পরেও আর বিয়ে করিনি। তার কথারে মিথ্যে করে দিয়ে আমি জিতি গেলাম। সে আমার কাছে হারি গেল।’ হরিপদ হাসে, ‘ভালোবাসার মইধ্যে কি হারজিত আছে নাকি গো, বাবু! বড় অবুঝের মতো কথা কইলেন।’ অষ্টম শ্রেণী পাস দপ্তরি হরিপদের কথায় মাস্টারবাবু বেশ অবাক হন। তিনি হাসেন, ‘বুড়ো হচ্ছি তো। আসলে ভালোবাসাতে হারজিত নেই, সবাই জেতে আবার সবাই হারে।’ হরিপদ গলা খাঁকারি দেয়, ‘মনে একখান কথা ছেল গো, বাবু। কইতে লইজ্জা করে।’ মাস্টারবাবু বিরক্ত হন, ‘তোরও তো বয়স কম হয়নি রে, এই বয়সে কথা কইতে আবার লইজ্জা কিসের!’ হরিপদ বলে ‘আর একা একা থাইকতে ইচ্ছে করে না গো, মাস্টারবাবু। বাপ-মা নাই, ছোডকাল থাকি আপনের কাছে আছি, আপনেরেই কিছু কইরতে হবে।’ মাস্টারবাবু উচ্চ স্বরে হাসেন, ‘বুঝিছি, তুই বিয়ে কইরতি চাস। কিন্তু এই বুড়ো বয়সে তোরে মেইয়া দিবে কোন আহাম্মক!’ হরিপদ লাজুক স্বরে জবাব দেয়, ‘ব্যাডা মাইনষের আবার বয়স কী গো, বাবু!’ মাস্টারবাবু বুঝতে পারেন হরিপদের মনে প্রেম জেগেছে। প্রেম বড় অদ্ভুত জিনিস। মাস্টারবাবু আনমনে হাসেন, ‘ঠিক আছে, যা ব্যাটা বুরবক, তোরে আর একলা থাকতি হবে না। যত তাড়াতাড়ি পারি তোরে একখান বিয়ে করানোর জন্যি আমি চেষ্টা কইরব।’ হরিপদ হঠাৎ করে সামনে এসে মাথা ঝুঁকে মাস্টারবাবুকে প্রণাম করে ফেলে। তার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, আবার বুকের বাম দিকে কেমন যেন অজানা এক ভালো লাগার অনুভূতি হয়, কেমন যেন বুক ঢিপঢিপ করা এক আনন্দ। পৃথিবীটা তার কাছে বড় সুন্দর মনে হয়। এই গ্রাম, এই চাঁদের আলোও তার বড় আপন লাগে। তার হঠাৎ করে মনে হয়, বিয়ে হওয়ার পর যেদিন এ রকম অপার্থিব জোছনা থাকবে, সেদিন সে তার বউয়ের হাত ধরে হাঁটবে গ্রামের এই নিশুতি রাস্তায়। হাঁটবে তো হাঁটবে, কোথাও থামবে না। জুয়েল দেব চট্টগ্রাম।