অকৃত্রিম এক বন্ধুর জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ের গায়ে বিকেলের পড়ন্ত রোদ। তারই পাশে রঙিন ভাটিয়ারি প্লে পার্কে আজ কালো ব্যানার। ঢুকতেই চোখে পড়ল শামিয়ানার নিচে সুশৃঙ্খল সারিবদ্ধভাবে বসা শিশুর দল। ফাঁকে ফাঁকে চলছে নিজেদের মধ্যে খুনসুটি। কেউ কাউকে নাহি ছাড়ি অবস্থা। তবে অতিথি দেখলেই একেবারে সুবোধ। দাঁড়িয়ে সালাম দিচ্ছে, সঙ্গে শুভেচ্ছা বিনিময়। আদবকেতা দেখে মনে হচ্ছে এইমাত্র কেউ একজন যেন শিখিয়ে দিয়ে গেছে এসব। প্যান্ডেল ছেড়ে পার্কের ভবনের দিকে এগোতে চোখ আটকে যায় দরজার পাশে পাতা টেবিলে। ড. ক্যারোলিন বাওয়ারের হাস্যোজ্জ্বল ছবি, সঙ্গে স্বামী পিটার বাওয়ার। ছবির গায়ে ফুলের মালা। পাশে শোকবই। অকৃত্রিম বন্ধু ক্যারোলিনকে স্মরণ করতেই এই আয়োজন। ১৫ এপ্রিল ৭৮ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানেন অদম্য ইচ্ছাশক্তির এ মানুষটি।মমতাময়ী এই নারীকে হারিয়ে যেন কাঁদছে তাঁর প্রিয় প্রতিষ্ঠানের প্রতিটি ইট, বালুকণাও। কারণ, এর পরতে পরতে ক্যারোলিনের হাতের পরশ আর স্মৃতি। তাই অনুষ্ঠানের শুরুতে ক্যারোলিনের জন্য এক মিনিট নীরবতার সময় কোমলমতি সেই শিশুরাও নিশ্চুপ। তাদের এমন আদবকেতা দেখে আরও একবার বিস্ময়। আদতে ছিন্নমূল এই শিশুগুলোকে কোথায় কখন কী করতে হবে সেই শিক্ষা দিয়ে গেছেন ক্যারোলিন নিজেই। ছিন্নমূল এই শিশুরা শুধু আচরণে নয়, গান গায়, নাচে, ছবি আঁকে, বই পড়ে, তাইকান্দ অনুশীলন করে আবার কম্পিউটারও ব্যবহার করে। ক্যারোলিন অধ্যাপনা করতেন ইউনিভার্সিটি অব অরিগনে। পিএইচডি করেছেন গ্রন্থগার বিজ্ঞানে। স্বামীর চাকরিসূত্রে বাংলাদেশে আসা। রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের ইয়ং ওয়ান গ্রুপের প্রেসিডেন্ট ছিলেন। ভেবেছিলেন বছরখানেক কাটিয়ে আবার ফিরবেন নিজের দেশ যুক্তরাষ্ট্রে। কিন্তু পারলেন না। বাঁধা পড়লেন আষ্টেপৃষ্ঠে। পাহাড়-সমুদ্রঘেরা চট্টগ্রাম যেন জাদু করল এই বিদেশিনীকে। চট্টগ্রাম হয়ে উঠল তাঁর দ্বিতীয় আবাসস্থল। ভাটিয়ারি গ্রামটির সঙ্গে ক্যারোলিনের পরিচয় গলফ খেলতে এসে। খেলার মাঠে অল্প দিনেই সখ্য গড়ে ওঠে গ্রামের যুবক আবুল কালামের সঙ্গে। সন্তানের স্নেহ পেয়ে কালামও আপন করে নেন তাঁকে। কালামের গ্রামের অবস্থা দেখে সেখানকার শিশুদের জন্য কিছু চিন্তা মাথায় আসে। স্বপ্ন দেখেন পড়াশোনার বাইরে শিশুদের প্রতিটি দিন আনন্দময় করে তোলার। যেখানে বাচ্চাদের নিজের একটা ভুবন থাকবে। সে তার ইচ্ছেমতো সময় কাটাবে। ২০০২ সালে ক্যারোলিন তাঁর ভাবনা বাস্তবায়নের কাজ শুরু করেন। প্রথম দিকে ছোটখাটো প্রতিবন্ধকতা তৈরি হয়। তবে ক্যারোলিনের ইচ্ছাশক্তির কাছে হার মানে সব। দাঁড়িয়ে যায় ব্যতিক্রমী শিক্ষা ও বিনোদনকেন্দ্র ভাটিয়ারি প্লে পার্ক। সময়টা ২০০৭ সালের মার্চ মাস। বন্ধুর স্মৃতিতর্পণে...ক্যারোলিন বাওয়ার স্মরণে তাঁর প্রতিষ্ঠিত ভাটিয়ারি প্লে পার্কে গত শুক্রবার আয়োজন করা হয় শোকসভা। বিকেল সাড়ে চারটায় শুরু হলো অনুষ্ঠান। কোনো আনুষ্ঠানিকতা নেই। উপস্থাপক আবদুল্লাহ আল নোমানের ডাকে একে একে মঞ্চে এসে স্মৃতিচারণা করেন স্থপতি বিধান বড়ুয়া, শেখ শাহীনুর রহমান, নাফিসা ইস্পাহানি, নন্দিতা বড়ুয়া, তানভীর মাদার, এম এইচ মুরাদ, আলী আহমেদ, আবুল কালাম ও জেরিন নিজাম। সভায় ক্যারোলিনের মেয়ে হিলারি বাওয়া ও তাঁর পরিবারের পাঠানো চিঠি পাঠ করেন মনজুরুল হায়দার, তানহা মতিন ও তানজিয়া মতিন। মর্মস্পর্শী সেই চিঠি হূদয় ছুঁয়ে যায় সবার। চিঠিতে তিনি তাঁর মায়ের স্বপ্নের এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।সভায় বক্তারা বলেন, ‘ক্যারোলিন আমাদের যা দিয়ে গেছেন, তা অনন্য, অসাধারণ। আমাদের কাঁধে এখন তাঁর প্রতিষ্ঠানের দায়িত্ব।’ তাঁরা সব সময় এই প্রতিষ্ঠানের পাশে থেকে সাহস জোগানোর অঙ্গীকার করেন।