অক্টোপাস পল একটি সাধারণ জাতের পুরুষ অক্টোপাস। ২০০৮ সালে ইংল্যান্ডের ওয়েইমাউথের সি লাইফ পার্কে ডিম ফুটে এর জন্ম। পরবর্তীকালে এটিকে জার্মানির সি লাইফ সেন্টারে স্থানান্তর করা হয়। কারও কারও মতে, পলকে ধরা হয়েছে ইতালির এলবা দ্বীপের সমুদ্র সৈকত থেকে। আমেরিকার স্পোর্টস চ্যানেল ইএসপিএন এ ব্যাপারে জার্মানির বিলড ম্যাগাজিনের একটি রিপোর্টকে প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে। অক্টোপাসটির নাম পল রাখা হয় জার্মান শিশুসাহিত্যিক বয় লার্নসেনের একটি কবিতার শিরোনাম অবলম্বনে। সাম্প্রতিক সময়ে ২০১০ ফুটবল বিশ্বকাপে সঠিক ভবিষ্যদ্বাণী করে (বিশেষ করে জার্মানির ম্যাচে) পল বিখ্যাত হয়ে ওঠে। ২০১০ বিশ্বকাপে পলের আটটি ভবিষ্যদ্বাণী পুরোপুরি মিলে গেছে। এর মধ্যে ফাইনালের হলান্ড-স্পেন ম্যাচটিও ছিল। ভবিষ্যদ্বাণীর ক্ষেত্রে এবারের বিশ্বকাপে তার সাফল্য শতভাগ (৮/৮)। আর সামগ্রিক সাফল্য ৮৬ শতাংশ (১২/১৪)। স্পেনের শহর ওকারাবালিনোর নাগরিকেরা পলকে ‘সম্মানিত বন্ধু’ হিসেবে ঘোষণা দিয়েছে। সাধারণ একটি অক্টোপাসের আয়ু দুই বছরের বেশি নয়। তাই ধারণা করা হচ্ছে, ইউরো ২০১২-তে পল আর ভবিষ্যদ্বাণী করতে পারবে না। অবশ্য জার্মান সি লাইফ সেন্টার কর্তৃপক্ষের পূর্বঘোষণা অনুযায়ী, ১২ জুলাই পল অবসরে গেছে। ২০১০ বিশ্বকাপে সঠিক ভবিষ্যদ্বাণীর পুরস্কার হিসেবে ইতিমধ্যেই সি লাইফের কর্মীরা পলকে বিশ্বকাপ ট্রফির একটি রেপ্লিকা উপহার দিয়েছেন। ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম