অক্সফোর্ড ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের গল্প
ঘড়িতে রাত ১০টা ১৫। রাস্তায় গাড়ির ভিড় খুব একটা নেই। দুই পাশের রঙিন বাতিগুলো উজ্জ্বল হয়ে জ্বলছে। রাস্তায় পড়ে আছে অজস্র সেঞ্চুরির শুকনো পাতা। প্রচণ্ড শীতের মাঝে আমি ও আমার সহপাঠী বন্ধু জাহেদ হেঁটে চলেছি বাংলা খাবারের সন্ধানে। শীতের তীব্র বাতাস সুঁইয়ের মতো এসে শরীরে বিঁধছে। মজার বিষয় হলো, আশপাশের কেউ আমাদের দিকে আশ্চর্য হয়ে বড় বড় চোখে তাকাচ্ছে না কিংবা আমাদেরও ভয় হচ্ছে না ছিনতাইকারীর কথা ভেবে। বলছিলাম যুক্তরাজ্যের লন্ডন শহরের কথা।‘ওয়ার্কশপ অন মেডিয়েট এনভায়রনমেন্টাল এজেন্ডাস ইন বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণের সুবাদে সুযোগ হয়েছিল যুক্তরাজ্যে যাওয়ার।কর্মশালাটি ছিল ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের গোল্ডস্মিথ কলেজের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের মধ্যকার একটি লিংক প্রজেক্টের অংশ। কর্মশালায় বাংলাদেশ থেকে দুটো গবেষণা নিয়ে আলোচনা হয়। একটি ছিল এনভায়রনমেন্টাল ডকুমেন্টারি এবং আরেকটি হলো সংবাদপত্রের আলোকচিত্রে পরিবেশবিষয়ক বিষয়বস্তুর ফ্রেমিং। গবেষণা দুটো উপস্থাপন করেন বিভাগের চার শিক্ষক ফাহমিদুল হক, এস এম শামীম রেজা, সাবরিনা সুলতানা চৌধুরী ও সাইফুল হক। শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আমি ও সহপাঠী জাহেদুর রহমান এ কর্মশালায় অংশ নিই।২.লন্ডন বিশ্ববিদ্যালয়ের গোল্ডস্মিথ কলেজটি ছবির মতো সাজানো। বিশাল মাঠজুড়ে নানা ধরনের হলুদ, লাল পাতার গাছ ক্যাম্পাসটিকে রঙিন করে তুলেছে। তার পাশেই মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ। সেখানেই দেখা হলো ভিজ্যুয়াল এনথ্রোপলজির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মার্টিন সারা, ক্যাথরিন, জেনি ও মলির সঙ্গে। ক্যামেরা ট্রাইপড ও বুম নিয়ে চলছিল তাঁদের প্র্যাকটিক্যাল ক্লাস। পরিচয়ের পর আলাপ শুরু। বাংলাদেশ সম্পর্কে জানো কি না এ প্রশ্ন করতেই সারা জানায়, ‘বাংলাদেশ সম্পর্কে আমি শুনেছি এর অতীত ইতিহাসের কথা। ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সে সম্পর্কে আমি জানি কিছুটা।’ বর্তমানের বাংলাদেশ সম্পর্কে জানো? এ প্রশ্ন করতেই হাসিমুখে সারার উত্তর ‘ক্রিকেট!’ এবার বিশ্বকাপে সে বাংলাদেশের খেলা দেখেছে। বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবালকে সে চেনে।মার্টিন জানায় ‘আমি বাংলাদেশকে চিনি ড. মুহাম্মদ ইউনূসের দেশ হিসেবে। নোবেল বিজয়ী ইউনূস সম্পর্কে জানতে গিয়ে বাংলাদেশ সম্পর্কে জেনেছি। এ ছাড়া যেটা শুনেছি, তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা তুলনামূলক বেশি।’আমরা লন্ডনে ছিলাম মোট সাত দিন। এই পুরো সময়টায় যখনই সময় পেয়েছি চলেছে ‘লন্ডন আবিষ্কার’। লন্ডনের বিখ্যাত সব জায়গা আমরা ঘুরেছি। ট্রাফালগার স্কয়ার, বিগ বেন, টেমস নদী, টাওয়ার ব্রিজ, চায়না টাউন, ব্রিকলেন, বাকিংহাম প্যালেস, ন্যাশনাল মিউজিয়াম, অক্সফোর্ড ইউনিভার্সিটি সব ঘুরে ঘুরে দেখেছি। আগে যা টিভি বা সিনেমায় দেখতাম এখন তা বাস্তবে দেখছি। সত্যিই এ অনুভূতি রোমাঞ্চকর!লন্ডনের ন্যাশনাল মিউজিয়ামে যখন ঢুকলাম তখন বেলা পড়ে এসেছে। মিউজিয়াম থেকে বের হতে হতে সন্ধ্যা। এবার গন্তব্য বিগ বেন। টেমসের পাশে নীল জলরাশি লন্ডন আইয়ের নীল বাতি আর বিগ বেনের লাল আলো সব মিলিয়ে অদ্ভুত ভালোলাগার এক পরিবেশ। এরপর চায়না টাউন। উজ্জ্বল লাল-হলুদ বাতিতে আলোকিত চায়না টাউন। এখানে এসে মনে হচ্ছিল যেন চীনে ঘুরতে এসেছি। চলে আসার দুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম ব্রিটিশ মিউজিয়াম ও অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। মিসরীয়, আফ্রিকান, এশীয়, আমেরিকান, ইউরোপিয়ান সব সভ্যতার প্রাচীন নিদর্শন ও ঐতিহ্যগুলো স্থান পেয়েছে এ মিউজিয়ামে। সবচেয়ে আকর্ষণীয় ছিল মিসরীয় মমি। একেকটা মমির ওপর কারুকার্য দেখে মনে হচ্ছিল প্রাচীন মানুষগুলোর সৃষ্টিশীল ভাবনার কথা।৩.লন্ডন শহরের কিছুটা বাইরে পড়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। দু-তিনবার ট্রেন বদলে এক ঘণ্টায় আমরা পৌঁছে গেলাম অক্সফোর্ড। লন্ডন শহরের চেয়ে বেশি ঠান্ডা এখানে। গায়ের ভারী জ্যাকেটগুলোয় বাধা মানছে না শীতের তীব্র বাতাস। অক্সফোর্ড পুরোটা ঘুরে দেখতে আমরা সেখানকার পর্যটকদের জন্য বাস সার্ভিসের টিকিট কাটলাম। অক্সফোর্ড ইউনিভার্সিটির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, সায়েন্স মিউজিয়াম, ইউনিভার্সিটি পার্ক প্রভৃতি জায়গা না দেখলে এর গুরুত্ব উপলব্ধি করা যায় না।অক্সফোর্ডে এসে সহপাঠী জাহেদুর রহমান ভীষণ উত্তেজিত। মিউজিয়াম, একাডেমিক ভবন, শিক্ষার্থীদের জন্য রেস্টুরেন্ট সব জায়গা সম্পর্কে খুঁটিনাটি তথ্য সে জানার চেষ্টা করছে। সে জানায়, আমার কাছে লন্ডন ভ্রমণের সবচেয়ে স্মরণীয় দিন হলো অক্সফোর্ড দেখা। অক্সফোর্ডের সংগ্রহশালা দেখে জাহেদুর বলে, ‘ইস! ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এমন সংগ্রহশালা থাকত!’ অক্সফোর্ড ক্যাম্পাসে পরিচয় হয় টমাসের সঙ্গে। সে রসায়নের শিক্ষার্থী। কিন্তু ও রসায়নবিদ হতে চায় না, হতে চায় লেখক। ইতিমধ্যেই সে একটি বইয়ের অর্ধেক লিখে ফেলেছে। বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম টমাসের কাছ থেকে।সন্ধ্যা ঘনিয়ে আসছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। আমরাও লন্ডনের উদ্দেশে অক্সফোর্ড ছাড়লাম। লন্ডনে থাকা সাতটা দিন স্বপ্নের মতো কেটে গেল। এবার ফেরার পালা। ১০ অক্টোবর খুব ভোরে আমরা রওনা দিলাম হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে। ভোরের লন্ডন যেন আরও স্নিগ্ধ, আরও মনোমুগ্ধকর। একদিন বাংলাদেশও হবে অত্যাধুনিক, সুন্দর ও দৃষ্টিনন্দন পরিচ্ছন্ন একটি দেশ। এই স্বপ্ন মনে আঁকতে আঁকতেই ফিরে এলাম প্রিয় বাংলাদেশে।[email protected]