অক্সিজেন-হাটহাজারী অংশের সংস্কারকাজে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের অক্সিজেন-হাটহাজারী অংশের সম্প্রসারণকাজ গতি পাচ্ছে না অর্থের অভাবে। এর জন্য যানজটের কবলে পড়ে প্রতিদিন নাকাল হচ্ছে উত্তর চট্টগ্রামের লক্ষাধিক মানুষ।সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মহাসড়কটির সাড়ে ১২ কিলোমিটার (অক্সিজেন-হাটহাজারী অংশ) সম্প্রসারণ প্রকল্পের জন্য এ যাব ৎ ১২৯ কোটি টাকার বিপরীতে পাওয়া গেছে ১১ কোটি টাকা। এর মধ্যে গত অর্থবছরের আট কোটি ও চলতি অর্থবছরের তিন কোটি টাকা।এ ব্যাপারে স্থানীয় সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘সরকারের কাছে টাকা নেই। কী দিয়ে সড়ক সম্প্রসারণ হবে? যানজট সমস্যা থেকে মানুষ কেমনে রেহাই পাবে?’সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া সরকারের কাছ থেকে সময়মতো প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘প্রকল্পের মোট ১২৯ কোটি টাকার মধ্যে এ পর্যন্ত মাত্র ১১ কোটি পেয়েছি। এর মধ্যে আট কোটি টাকা প্রকল্প খাতে খরচও হয়ে গেছে।’সওজ বিভাগের দায়িত্বশীল আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারের কাছ থেকে পর্যাপ্ত টাকা পাওয়া যাচ্ছে না। ফলে কাজের গতিও বাড়ছে না। এ পরিস্থিতিতে আগামী পাঁচ বছরেও প্রকল্প বাস্তবায়ন হবে কি না, সন্দেহ।জানা যায়, ২০১০ সালের মে মাসে এই প্রকল্পের কাজ উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। ২০১২ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে। ২০০৯ সালে নগরের সঙ্গে উত্তর চট্টগ্রামের যোগাযোগব্যবস্থার উন্নয়ন করতে সড়কের এই অংশ চার লেন করার উদ্যোগ নেয় সরকার। বিআরটিএ সূত্র জানায়, এই সড়ক দিয়ে নাজিরহাট, ফটিকছড়ি, রাউজান, রাঙামাটি, খাগড়াছড়িসহ উত্তর চট্টগ্রামের বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ১৫ থেকে ১৬ হাজার যানবাহন চলাচল করে। বিআরটিএর সহকারী পরিচালক শহীদুল আযম বলেন, ১৫ বছর আগে এই রুটে চলাচলকারী যানবাহনের সংখ্যা ছিল দৈনিক চার থেকে পাঁচ হাজার। এখন আরও দুই গুণ বেড়েছে। কিন্তু সড়ক তো আর প্রশস্ত হয়নি। ফলে যানজট সমস্যা দূর হচ্ছে না। মানুষের কষ্ট বাড়ছে।ভুক্তভোগীরা জানায়, সড়কটির অক্সিজেন-হাটহাজারী অংশে বড়দীঘিরপাড়, চৌধুরীহাট, ফতেয়াবাদ এলাকা সবচেয়ে যানজটপ্রবণ। ফতেপুর এলাকার বাসিন্দা মো. আবুল হোসেন বলেন, বাসে চড়ে একসময় শহর থেকে হাটহাজারী যেতে সময় লাগত ৪০ মিনিট। এখন অক্সিজেন থেকে হাটহাজারী যেতে এক থেকে দেড় ঘণ্টা লাগছে।জানতে চাইলে জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক মীর গোলাম ফারুক বলেন, ‘যানজট সমস্যা নিরসনের জন্য এই মুহূর্তে সড়কটি সম্প্রসারণ জরুরি। আমরা ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা দিচ্ছি। তবে বিদ্যমান ট্রাফিক-ব্যবস্থা আরও কার্যকর করতে হলে পুলিশের জনবল বাড়াতে হবে।’