উত্তর চট্টগ্রামের ২২টি গন্তব্যে (রুটে) চলাচলরত যানবাহনগুলোর জন্য স্থায়ী কোনো টার্মিনাল নেই। তত্ত্বাবধায়ক সরকারের আমলে অক্সিজেন মোড় এলাকায় অস্থায়ী টার্মিনাল গড়ে উঠলেও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে সেখানে চলছে চরম বিশৃঙ্খল অবস্থা। নির্ধারিত স্থানে গাড়ি রাখতে (পার্কিং) না পারায় বায়েজিদ সড়ক ও রউফাবাদ এলাকায় সড়কের উভয় পাশ অঘোষিত বাস ও ট্রাক টার্মিনালে পরিণত হয়েছে। এ অবস্থায় উত্তর চট্টগ্রাম থেকে প্রতিদিন শহরে যাতায়াতকারী দুলাখেরও বেশি যাত্রীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। নাজিরহাট ও রাঙামাটি সড়ক হয়ে নাজিরহাট, ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাউজান, রাঙামাটি, বাগানবাজার, হেঁয়াকো, তকিরহাট, মারিশ্যাসহ ২২টি রুটের প্রায় সাড়ে ৫০০ বাস-মিনিবাস প্রতিদিন চলাচল করছে।সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ হাটহাজারী সড়ক সম্প্রসারণের জন্য অক্সিজেন মোড়ের বেশ কিছু অংশ খুঁড়ে ফেলে রেখেছে প্রায় দুই মাস আগে। ফলে যাত্রীরা নির্বিঘ্নে দাঁড়িয়ে বাসে এরপর পৃষ্ঠা ২ কলাম ৩উঠতে পারছেন না। নির্ধারিত স্থানে গাড়ি রাখতে না পারায় ব্যস্ততম বায়েজিদ সড়ক ও রউফাবাদ এলাকায় সড়কের উভয় পাশে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলার কারণে আশপাশের এলাকায় অসহনীয় যানজট হচ্ছে প্রতিদিন। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। চট্টগ্রাম খাগড়াছড়ি আন্তজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘প্রতিদিন উত্তর চট্টগ্রামের ২২টি রুটের দুলাখের বেশি মানুষ নগরে যাওয়া-আসা করেন। স্থায়ী টার্মিনাল না থাকায় যাত্রীদের পাশাপাশি চালক-সহযোগীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট লোকজনের মাথাব্যথা নেই।’ তিনি জানান, ‘বায়েজিদ সড়কের রুবি গেটের বিপরীতে তিন একর আয়তনের সরকারি একটি পরিত্যক্ত জায়গায় বাস টার্মিনাল গড়ে তোলার বিষয়টি প্রক্রিয়াধীন থাকলেও তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেই।’ শুক্রবার সকাল থেকে অক্সিজেন মোড়ে অবস্থান করে দেখা যায়, অক্সিজেন মোড়ের দক্ষিণ ও পশ্চিম পাশে প্রায় এক কিলোমিটারজুড়ে সড়কের উভয় পাশে দাঁড়িয়ে রয়েছে বিপুলসংখ্যক বাস-ট্রাক। মূল সড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করছেন চালক-সহযোগীরা। বাসের পাশাপাশি দেখা যায় ট্যাক্সিচালকদের দৌরাত্ম্যও। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। কর্তব্যরত ট্রাফিক পুলিশকে দেখা গেছে নীরব দর্শকদের ভূমিকায়। এ প্রসঙ্গে জানতে চাইলে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল নাম প্রকাশ না করে বলেন, ‘স্থায়ী টার্মিনাল না হওয়া পর্যন্ত সমস্যা থেকে যাবে। আর স্থায়ী টার্মিনাল কেন হচ্ছে না তা সরকারকেই জিজ্ঞেস করুন।’ সড়কের ওপর দাঁড়ানোর কারণ জানতে চাইলে চট্টমেট্রো ব-৮ নম্বরের গাড়ির সহকারী রহিম আহমদ বলেন, ‘টার্মিনালে তো রাস্তা খোঁড়াখুঁড়ি। সেখানে দাঁড়ানোর জায়গা কোথায়?’খাগড়াছড়ির দীঘিনালার বাসিন্দা যাত্রী সুজিত চাকমা ও অরুণ চাকমা বলেন, ‘আমরা প্রায় প্রতিদিন শহরে আসি। কিন্তু অক্সিজেন মোড়ে এলে মনে হয় দেশে কোনো সরকার নেই।’ তাঁরা প্রশ্ন করেন, দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের জন্য বহদ্দারহাটে স্থায়ী টার্মিনাল রয়েছে। উত্তর চট্টগ্রামবাসীর অপরাধটা কী? রাউজানের ডাবুয়া এলাকার বাসিন্দা ফরাশ উদ্দিন বলেন, ‘এখানে যাত্রী ওঠানামায় কোনো শৃঙ্খলা নেই। গাড়ি ধরার জন্য প্রায় সময় এদিক-ওদিক দৌড়াদৌড়ি করতে হয়।’ নাজিরহাট এলাকার বাসিন্দা আহমদ হোসেন পরিবার নিয়ে মুরাদপুরের বড় ভাইয়ের বাসায় এসেছিলেন ১৬ মার্চ। গত শুক্রবার পরিবার নিয়ে ফিরছিলেন বাড়িতে। গাড়িতে ওঠার জন্য সঙ্গের থলে-পোটলা নিয়ে এদিক-সেদিক দৌড়ঝাঁপ করতে গিয়ে যান ও জনজটে আটকা পড়ে বিরক্ত হয়ে বললেন, ‘কত কষ্ট পাচ্ছি তা তো দেখতেই পাচ্ছেন।’ যোগাযোগ করলে নগর ট্রাফিক পুলিশের উপকমিশনার ফারুক আহমদ যাত্রীদের ভোগান্তির কথা স্বীকার করে বলেন, ‘উত্তর চট্টগ্রামবাসীর জন্য স্থায়ী টার্মিনাল গড়ে তোলার বিকল্প নেই।’ একই রকম মন্তব্য করেছেন জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মীর গোলাম ফারুক। তিনি বলেন, ‘অনতিবিলম্বে অলংকার কিংবা আশপাশের এলাকায় আন্তজেলার ৩৫টি রুটের জন্য একটি এবং উত্তর চট্টগ্রামের জন্য স্থায়ী একটি টার্মিনাল গড়ে তোলা দরকার।’ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ বলেন, ‘ওই মোড়ে জেলা পরিষদের মার্কেট নির্মাণ নিয়ে স্থানীয় এক মহিলা ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে সমস্যা ছিল। তবে আমরা উন্নয়নকাজ শেষ করে জায়গাটি দ্রুত যান চলাচলের উপযোগী করব।’