অখ্যাত চিত্রকর্ম
জীবনে কত চিত্রকর্ম দেখলাম। কিন্তু এখন বিখ্যাত ওই সব মানুষের চিত্রকর্ম আমাকে টানে না। টানছে অখ্যাত এক মফস্বলের দেয়ালে ফেলে আসা সেই চিত্রকর্মগুলো। আমাদের পাড়ায় একটা ছেলে ছিল। আঁকাআঁকিতে যেন লেওনার্দো দা ভিঞ্চির বাংলাদেশি সংস্করণ।
তাঁর অনেক কাজের মধ্যে একটা ছিল আমার নাম নিয়ে গান গাওয়া আর প্রতিদিন দেয়ালের ওপর আমার চশমা-পরা মুখ এঁকে তার চিত্রকর্ম অক্ষয় রাখা। সাদা দেয়ালের ওপর লাল পোড়া ইট ঘষে ঘষে তার আঁকা চশমাওয়ালা মুখটা ছিল দেখার মতো। আম্মুও হেসে দিত মাঝেমধ্যে। আর আমার ওই চশমা-পরা চোখে টলটল করত পানি। কী নির্দয় সময়ই না গিয়েছে তখন আমার! কিন্তু এখন মনে পড়লে হাসি আসে।
প্রতিনিয়ত চোখে টলটল পানি আর বুকের ভেতরে প্রবল ব্যাকুলতা নিয়ে খুঁজে বেড়াই সেসব সময়। সময় কত পাল্টে দেয় সবাইকে, সবকিছুকে। মুছে দেয় অখ্যাত মফস্বলের এক চঞ্চল কিশোরের সাদা দেয়ালের ওপর লাল পোড়া ইট ঘষে ঘষে আঁকা চিত্রকর্মকে...।
পিয়া,
সিলেট