অগ্নিকাণ্ড থেকে দুর্গতদের উদ্ধার করবে রোবট
শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুনের মাত্রা বেড়ে গেলে উদ্ধারকাজেও বেগ পেতে হয়। এ সমস্যা মাথায় রেখেই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের চার শিক্ষার্থী উদ্ভাবন করেছেন রেসকিউ (উদ্ধারকারী) ক্রমিক রোবট। উদ্ভাবনকারীরা হলেন—ইনসান আরাফাত, কামরুল হাসান, রেজাউর রহমান ও তানজীর আহমেদ। অগ্নিকাণ্ডসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে দুর্গত মানুষকে উদ্ধারে রোবটগুলো কাজ করবে। সাহায্য করবে দুর্গত মানুষকেও।রোবটটির কাজের প্রক্রিয়া সম্পর্কে গবেষকেরা বলেন, প্রাথমিকভাবে রোবটকে লাইন ফলোয়ার (লাইন ধরে চলা) হিসেবে কাজ করানো হয়েছে। ঘরে আগুন লাগলে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করবে, সংকেত দেবে এবং উদ্ধারকাজ শুরু করবে। নতুন সংযোজন হিসেবে আগুন থেকে উদ্ধার করার জন্য রোবটে একটি মডিউল ব্যবহার করা হয়েছে। তাপমাত্রা একটি নির্দিষ্ট মাত্রা পেরোলে এটি নিজ থেকেই কাজ শুরু করবে। মাইক্রো কন্ট্রোলারের যে লজিক দেওয়া আছে সে অনুসারে শুরু করবে উদ্ধার প্রক্রিয়া। সমপ্রতি টেলিটক-চুয়েট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উত্সবে উদ্ধারকারী রোবট তৃতীয় পুরস্কার লাভ করে।গবেষকেরা জানান, আরও কয়েক ধরনের উদ্ধারকারী রোবট নিয়ে গবেষণা করছেন তাঁরা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভূমিকম্প থেকে উদ্ধারকারী রোবট ও উভচর রোবট। চুয়েটের রোবটবিষয়ক গবেষণা সংগঠন অ্যাসরোর দুটি দল উদ্ধারকারী রোবট নিয়ে গবেষণা করছেন। উভচর রোবটের কাজ প্রায় শেষের পথে। এ ধরনের রোবটের মূলকাজ হবে ঘূর্ণিদুর্গত মানুষকে উদ্ধার ও সাহায্য করা। একই সঙ্গে রোবটকে স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াও প্রায় শেষ হওয়ার পথে। উদ্ধারকারী রোবট গবেষণায় দলটিকে সাহায্য করছেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক সজলচন্দ্র বণিক। গবেষকেরা জানান, ‘দেশে রোবট তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান তেমন পাওয়া যায় না। বিভিন্ন বৈদ্যুতিক উপাদান বিদেশ থেকে আনতে হয়।’ পরবর্তী রোবটগুলোতে ইনফ্রারেড ক্যামেরা যুক্ত করে লাইভ অবজেক্ট ডিটেক্ট করার প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করা হচ্ছে বলে গবেষকেরা জানান। এটা সম্ভব হলে ক্রমিক রোবটগুলোকে আরও কার্যকর করা যাবে। কিন্তু এ প্রযুক্তি খুবই ব্যয়বহুল। এ জন্য সরকারের কাছে পৃষ্ঠপোষকতার আবেদন জানিয়েছেন তাঁরা। সঠিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা পেলে দেশেই উন্নততর রোবট তৈরি সম্ভব হবে। চার গবেষকের স্বপ্ন এবিইউ রোবোকনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা।