অগ্নিদুর্ঘটনার ঝুঁকিতে সরকারি-বেসরকারি স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয় গাড়ি ও সেচযন্ত্রের অভাব, পানি সংরক্ষণের ব্যবস্থা না থাকা এবং খারাপ যোগাযোগ-ব্যবস্থার কারণে খাগড়াছড়িতে ফায়ার সার্ভিস বিভাগের কাজকর্ম ব্যাহত হচ্ছে। এ ছাড়া অ্যাম্বুলেন্সসহ পর্যাপ্ত সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ পরিচালনায় হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। এ অবস্থায় অগ্নিদুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে জেলার সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা জানান, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়ে আগুন লাগার আশঙ্কা থাকে বেশি। এ সময় বৃষ্টিপাত হয় না, সব জিনিসপত্র থাকে শুকনো। তাই একটি ছোট্ট স্ফুলিঙ্গ থেকেও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। অথচ এ সময় পাহাড়ি অঞ্চলে পানি থাকে না। এমনকি জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত ও রাজস্ব কর্মকর্তার কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশেও জলাশয় কিংবা পানির ট্যাংক নেই। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে মোকাবিলার মতো প্রত্যেক তলার (ফ্লোরের) বারান্দায় অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার রাখা আছে। তবে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটলে তা মোকাবিলার কোনো প্রস্তুতি নেই। তিনি জানান, কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিকাণ্ড মোকাবিলায় গ্যাস সিলিন্ডার ব্যবহার সম্পর্কে তেমন ধারণা নেই। অন্তত প্রতিবছর একবার করে আগুন নেভানোর মহড়া দেওয়া উচিত বলে তিনি মত দেন। মিজানুর রহমান বলেন, অতীতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় পুড়ে গিয়েছিল। সে সময় অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়। জেলা প্রশাসক কার্যালয়ের পাশাপাশি সিভিল সার্জন, পুলিশ সুপার, জেলা জজ আদালত এবং হিসাবরক্ষণ কার্যালয়ের নিরাপত্তার জন্য অবশ্যই বড় ধরনের পানি সংরক্ষণাগার থাকা দরকার। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, রামগড় ছাড়া জেলার সাত উপজেলা এবং রাঙামাটি জেলার বাঘাইছড়ি ও লংগদু উপজেলা এ কার্যালয়ের আওতাভুক্ত। কিন্তু জেলা-উপজেলার বেশির ভাগ সড়ক সরু। ফলে কোনো উপজেলায় আগুন লাগলে সেখানে গাড়ি নিয়ে যেতে অনেক সময় আড়াই থেকে তিন ঘণ্টা সময় লেগে যায়। তিনি আরও জানান, খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনে মাত্র দুটি গাড়ি ও তিনটি পাম্প মেশিন আছে। একটি অ্যাম্বুলেন্স থাকলেও সেটির অবস্থা খুবই নাজুক। তা ছাড়া, উদ্ধার কার্যক্রম পরিচালনার মতো কোনো সরঞ্জামও নেই। আগামী এক বছরের মধ্যে মাটিরাঙা ও দীঘিনালা উপজেলায় নতুন ফায়ার স্টেশন চালু করা হবে বলে তিনি আশা করেন। সূত্র জানায়, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে জেলার বিভিন্ন এলাকায় ২১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৪৭ লাখ টাকার সম্পদ। প্রায় সোয়া পাঁচ কোটি টাকার সম্পদ উদ্ধার বা নিরাপদ করা হয়েছে। তিনটি দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একজন নিহত ও তিনজন আহত ব্যক্তিকে। খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, ‘পৌরসভার মধ্যে নতুন নতুন বসতি গড়ে উঠছে। অগ্নিনির্বাপণের সতর্কতার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা সড়ক বড় করার উদ্যোগ নিয়েছি। কমপক্ষে ১০ ফুট চওড়া না হলে সে সড়কের পাশে কোনো উন্নয়নকাজ করতে দিচ্ছি না। এ ছাড়া জেলা প্রশাসককে অনুরোধ করেছি পৌরসভার মধ্যে খাস জায়গা চিহ্নিত করতে, যাতে প্রয়োজন অনুসারে পুকুর বা পানি সংরক্ষণাগার তৈরি করা যায়।’