বাংলাদেশে নিজের নতুন পোশাক সংগ্রহের প্রদর্শনী করছেন কলকাতার ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। ‘লাইফ ইজ বিউটিফুল’ শীর্ষক এই প্রদর্শনীর পোশাক তোলা হবে নিলামে। এ থেকে পাওয়া অর্থ দেওয়া হবে এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলে। অগ্নিমিত্রার পোশাক পরে র্যাম্পে হাঁটবেন ভারতের অভিনয়শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, লকেট চ্যাটার্জি প্রমুখ। বাংলাদেশের শিল্পী তিশা, মীম, মমসহ অনেকেই থাকবেন। এই ফ্যাশন শোর প্রস্তুতির কাজে বাংলাদেশে এসেছিলেন অগ্নিমিত্রা পাল। ২৪ জানুয়ারি ঢাকার ওয়েস্টিন হোটেলে কথা হয় তাঁর সঙ্গে।কলকাতার চলচ্চিত্রের পোশাক আর অগ্নিমিত্রা পাল—দুটো ব্যাপার এখন খুব কাছাকাছি। মিঠুন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, জীৎ, কোয়েল, স্বস্তিকা, দেব, শুভশ্রী, ইন্দ্রনীল প্রমুখ তারকার ব্যক্তিগত পোশাক সংগ্রহ মানেও যেন অগ্নিমিত্রা পালের পোশাক। তিনি পোশাক বানিয়েছেন শ্রীদেবীর জন্যও। নিজের সংস্কৃতি আর ঐতিহ্যের পরিচয় তুলে ধরে, এমন পোশাকই তৈরি করেন তিনি। ‘যেকোনো পোশাকের নকশা করার আগে ভেবে দেখি, এটি আমি নিজে পরতে পারব তো?’ জানালেন অগ্নিমিত্রা। ‘দেশি কাপড় নিয়েই কাজ করি। এখন যেমন বিষ্ণুপুরি আর বালুচরির ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছি। ভারতীয় কাপড় ব্যবহার করে পশ্চিমা ধাঁচের পোশাক তৈরি করছি।’বাংলাদেশে অগ্নিমিত্রার এটাই প্রথম প্রদর্শনী ও ফ্যাশন শো। আসছে ৩ ফেব্রুয়ারি ঢাকায় হবে এই ফ্যাশন শো। এতে সহযোগী হিসেবে অংশ নিচ্ছে মেনজ ক্লাব ও অ্যাপেক্স অ্যাডেলকি ফুটওয়্যার লিমিটেড। ‘ভালো লাগছে একটা ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পেরে। আমার এই প্রদর্শনী থেকে উপকৃত হবে এসিডদগ্ধ মেয়েরা। এ জন্য দেশ টিভির আরিফ হোসেনকে ধন্যবাদ দিতে চাই। তাঁদের পক্ষ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়।’ বলেন তিনি।‘এসিডদগ্ধ হওয়া মানেই তো জীবনের শেষ নয়। তারাও উপভোগ করবে জীবনের সব রং। আর এ জন্যই এই প্রদর্শনীর নাম দিয়েছি লাইফ ইজ বিউটিফুল। ভোরের আকাশের নানা রঙের ছোঁয়া থাকবে এই সংগ্রহের পোশাকগুলোতে। আমার শো স্টপার কিন্তু কোনো তারকাশিল্পী নন। আমার সঙ্গে মঞ্চে হাঁটবে এসিডদগ্ধ দুইজন মেয়ে। তাদের জন্য বিশেষ দুটি পোশাক বানাব।’ মূলত, শাড়িই থাকবে অগ্নিমিত্রার সংগ্রহে। কিছু আনারকলি, লেহেঙ্গাও রয়েছে। ভারতীয় কাপড়ের সঙ্গে ঢাকাই শাড়িও ব্যবহার করেছেন। আর অগ্নিমিত্রা নিজে পরবেন ফিউশন ধাঁচের একটি পোশাক। ‘আমি পরব স্ট্রেট স্কার্ট। সামনে শাড়ির মতো কুঁচি থাকবে। আর পাশে স্লিট থাকবে। হাঁটার সময় পাশ থেকে স্লিট আর জুতা চোখে পড়বে।’‘আমাদের পোশাকের রং, নকশা, কাপড়—সবকিছু অনন্য। শুধু বিপণনে পিছিয়ে আছি আমরা। তবে আমাদের চলচ্চিত্র এখন আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিত। এটা ডিজাইনারদের জন্য ভালো সুযোগ করে দিয়েছে।’ বলেন অগ্নিমিত্রা।এ বছরের ট্রেন্ড নিয়েও বলেন তিনি। ‘শীতে এখন ট্রেঞ্চকোট, নানা কাটের খাটো পোশাক চলছে। লেগিংস আর খাটো স্কার্টের ট্রেন্ডও দেখা যাচ্ছে। নিয়ন রংগুলো খুব চলছে পোশাকে। ছেলেদের পোশাকের বেলায় আবার চেক ও স্ট্রাইপের প্রাধান্য বেশি।’অগ্নিমিত্রা আরও জানালেন বিয়ের সাজের ধরন নিয়ে, ‘কলকাতায় বিয়েতে এখনো ঐতিহ্যবাহী সাজ-পোশাকের চল বেশি। বেনারসিই পরা হচ্ছে। অনেকে আবার মা-ঠাকুরমার পুরোনো শাড়ি এনে বলে সেটা নতুনের মতো করে দিতে। এ ধরনের কাজ করতে খুব ভালো লাগে।’বাংলাদেশে এসে ঘুরে দেখার সময় মোটেই পাননি অগ্নিমিত্রা। তবে এর মধ্যেই বাংলাদেশি খাবারের ভক্ত হয়ে গেছেন তিনি। এখানকার ফ্যাশন ডিজাইনারদের মধ্যে বিবি রাসেলের কাজ দেখেছেন বলে জানান।