স্কুলের গণ্ডি পেরিয়ে কৈশোরের সব বন্ধুরা গ্রামছাড়া হয়েছি বহুকাল আগে। এসএসসির রেজাল্টের পর আমি চলে আসি ঢাকায়। স্থান পরিবর্তনের কারণে প্রথম প্রথম খুব খারাপ লাগত। এর প্রতিক্রিয়ায় তামাক সেবনের বদ অভ্যাস গড়ে ওঠে। রাজধানীর রাজপথে সিনা টান করে সিগারেট ফুঁকে এক ধরনের স্বাধীনতার স্বাদ পেতাম। হাজারো লোক, কিন্তু কেউ কাউকে চেনে না। গ্রামীণ সামাজিকতার কোনো বালাই নেই; বাবা মায়ের কাছে অভিযোগ যাওয়ার ভয় নেই।
সময়ের সঙ্গে ধীরে ধীরে আবেগ কমতে থাকে। একপর্যায়ে বাস্তবতার সঙ্গে আবেগের সামঞ্জস্য ঘটায় খারাপ লাগার মাত্রাও কমে যায়। নিজেকে খাপ খাইয়ে নেই শহুরে জীবনের সঙ্গে।
কৈশোর জীবনে বেড়ে ওঠা জায়গাগুলোর প্রতি দুর্বলতা থেকে প্রতিবছরই ঈদে গ্রামে যাই। ১৯৯৫ সালে শীতকালে এক ঈদে গ্রামে গেলে হঠাৎ করে দেখা হয়ে যায় বাল্যবন্ধু পলাশের সঙ্গে। দুজন মিলে ঘুরে বেড়াই মাঠঘাটে, কখনো বা নদীর কুলে।
ঈদের বেশ কয়েক দিন পরের ঘটনা। জ্যোৎস্নাস্নাত এক রাতে আমরা বসে ছিলাম নদীর কূলে বাধা একটি নৌকায়। সঙ্গে ছিল প্যাকেট ভর্তি সিগারেট। গল্পের একপর্যায়ে ওঠে আসে পলাশের বিয়োগান্ত প্রণয় কাহিনি। কাহিনির আবেগঘন মুহূর্তে পলাশের তামাক সেবনের ইচ্ছে জাগে। সিগারেট মুখে লাগানোর পর উপলব্ধি করলাম—আমরা সঙ্গে অগ্নিসংযোগের কোনো বস্তু আনিনি। দুজনেরই মনটা খুব খারাপ হয়ে যায়।
হঠাৎ আমাদের থেকে কিছুটা দুরে এক লোককে দেখলাম। তিনি তখন প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিলেন। মুখমণ্ডল সমেত পুরো দেহটা চাদরে ঢাকা থাকলেও লোকটার মুখে ছিল জ্বলন্ত সিগারেট। শিগগিরই আগুন পাওয়ার সম্ভাবনায় পলাশের চোখমুখ উজ্জ্বল হয়ে ওঠে। দুজনেই গেলাম তার কাছে। পলাশ লোকটার খুব কাছে গিয়ে বলল, ‘চাচা… ! ও… চাচা…! কামডা শ্যাষ হলে আগুনডা দিয়া যাইয়েন।’
ফিরে এলাম নৌকায়, কাহিনি আবার শুরু হলো। কিছুক্ষণ পর দেখতে পেলাম, বহু কাঙ্ক্ষিত আগুন নিয়ে লোকটা আমাদের দিকে এগিয়ে আসছে। প্রায় কাছাকাছি আসামাত্র আমাদের স্কুলশিক্ষক নিতীশ স্যারের মুখটা স্পষ্ট হয়ে উঠল। গল্পে মশগুল পলাশ ব্যাপারটা খেয়াল করেনি। আমি ওকে বললাম, ‘তুই থাক আমি আসছি! এক মিনিট।’
দ্রুত নেমে নৌকার অপর পাশে চলে এলাম আমি। আড়াল থেকে শুনতে পেলাম স্যার পলাশকে বলছেন, কিরে আগুন লাগবে না তোদের, নে ধর আগুন নে। আর একটা গেল কোথায়? স্যারের কথা শেষ হতে না হতেই ধপাস করে পানিতে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পাই। আড়াল থেকে বের হয়ে দেখি পলাশ পানির মধ্যে। দ্রুত পালাতে গিয়ে ও পানিতে পড়ে যায়। আমি আর স্যার মিলে ওকে কূলে টেনে তুললাম। স্যার বলল, ‘তোরা এখনো ছোটই রয়ে গেছিস।’
আমরা বাড়িতে ফিরতে শুরু করলাম। পথে আমার চাপা হাসি আর পলাশের কটু বাক্য সমানতালে চলতে লাগল।