অগ্রগামী ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার মেয়াদ চার বছর হলেও বাংলাদেশের ওবায়দুল হকের অসামান্য কৃতিত্বের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বছর আগেই তাঁকে ডিগ্রি প্রদান করে। ওবায়দুল হক যে মাত্র তিন বছরেই পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন তা-ই নয়, নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যেকোনো পিএইচডি শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ নম্বরও পেয়েছেন তিনি। ওবায়দুলের ছয়টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিশ্বের সেরা সব বিজ্ঞান জার্নালে, যার মধ্যে রয়েছে ‘রিডিউসড ডেথ রেট ফ্রম সাইক্লোন ইন বাংলাদেশ, হোয়াট মোর নিডস টু বি ডান’ নামক এই গবেষণাপত্রটি জেনেভা থেকে প্রকাশিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বুলেটিনে। পিএইচডির অংশ হিসেবে ওবায়দুল শিক্ষাসফর করেছেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড, নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডান্ডি ও যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল সিস্টেম রিসার্চ ইনস্টিটিউটে। আর এখন পড়ছেন নরওয়ে ইউনিভার্সিটি অব লাইফ সায়েন্সে। ওবায়দুল থাইল্যান্ড, ঘানা, কঙ্গো, কলম্বিয়াতেও বিভিন্ন ধরনের গবেষণাকাজের সঙ্গে যুক্ত ছিলেন। ওবায়দুল হক তাঁর কাজের মধ্য দিয়ে বিশ্বব্যাপী বাংলাদেশের মুখ উজ্জ্বল করে চলেছেন। সেই সঙ্গে এটাও জানিয়ে দিচ্ছেন যে বাংলাদেশিরা সুযোগ পেলে ভালো কাজের স্বাক্ষর রাখতে পারেন দুনিয়ার যেকোনো প্রান্তে।