অগ্রণী চিকিৎসকেরা
আমাদের দেশের অনেক চিকিৎসক ছিলেন এবং আছেন, যাঁদের দেখে আমরা উদ্বুদ্ধ হতে পারি। যাঁরা দেশ-বিদেশে মানুষের কাছে পৌঁছে গেছেন। চিকিৎসাসেবা ও শিক্ষাদানকে ব্রত হিসেবে গ্রহণ করে তাঁরা মানবতার উপকার করেছেন।জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের কথাই বলা যাক। এমবিবিএস, এমআরসিপি ও এফসিসিপি অর্জনকারী এই চিকিৎসক ১৯৫৬ সালে প্রতিষ্ঠা করেন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব পাকিস্তান, পরে ঢাকায় তা প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর ডায়াবেটিস (বারডেম) প্রতিষ্ঠা করেন। পুরো এশিয়ায় এটিই ছিল এ ধরনের প্রথম প্রতিষ্ঠান। পরবর্তী সময়ে এটিকেই সফল উদাহরণ হিসেবে গ্রহণ করে এ অঞ্চলের অন্যান্য দেশও এ ক্ষেত্রে এগিয়ে যায়। জোহরা কাজী উপমহাদেশের পথিকৃৎ মুসলিম নারী চিকিৎসক। বিশ শতকে যখন একজন মুসলিম নারীর বাইরে যাওয়ায় কঠিন ছিল, তখন জোহরা কাজী চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষা লাভ করেন। তাঁর দেখানো পথ ধরেই ধীরে ধীরে মেয়েরা চিকিৎসা পেশায় আসতে আগ্রহী হন। তিনি ঢাকা মেডিকেল কলেজে স্ত্রীরোগ ও ধাত্রিবিদ্যা বিভাগ প্রতিষ্ঠা করেন।জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম আইপিজিএমআরের (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। তিনি চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টও ছিলেন। ভারত তাঁকে ‘চিকিৎসারত্ন’ এবং পাকিস্তান ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পদকে ভূষিত করে। তিনি ধূমপানকে নিরুৎসাহিত করতে ‘আধূনিক’ (আমরা ধূমপান নিবারণ করি) প্রতিষ্ঠা করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০৫ সালে তাঁর ধূমপানবিরোধী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ডিরেক্টর জেনারেলের বিশেষ পদক প্রদান করে।জাতীয় অধ্যাপক এম আর খান আন্তর্জাতিক পরিমণ্ডলেও একজন খ্যাতিমান শিশুরোগ বিশেষজ্ঞ। তিনি ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজিক্যাল সোসাইটি অ্যাওয়ার্ড, ম্যানিলা অ্যাওয়ার্ডসহ জাতীয় ও আন্তর্জাতিক অনেক পদক অর্জন করেন। তাঁর দূরদৃষ্টি আর বিচক্ষণ নির্দেশনায় বাংলাদেশ আজ প্রায় পোলিওমুক্ত। তাঁর হাত ধরেই এ দেশে প্রথম পোলিও, ডিপথেরিয়া, পারটুসিস ও টিটেনাসের টিকার ব্যবহার শুরু হয়। তিনি ঢাকার শিশু ফাউন্ডেশন হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা।ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম ফজলুল করিম এ দেশের একজন গর্বিত সন্তান। ক্যানসার চিকিৎসায় ইউরোপসহ সারা বিশ্বেই তিনি খ্যাতিমান। তিনি নির্বাচিত হয়ে দীর্ঘদিন ‘ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব ক্যানসার এডুকেশন’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।অধ্যাপক ডা. রশিদউদ্দিন আহমদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউরোসার্জন। তিনি বাংলাদেশের সোসাইটি অব নিউরোসার্জনের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি সার্ক নিউরোসার্জিক্যাল সোসাইটির দ্বিতীয় সভাপতি ছিলেন। তিনি ২০০০ সালে জাপানের নাগায়োতে অনুষ্ঠিত এশিয়ান কংগ্রেস অব নিউরোসার্জারির উদ্বোধনী অধিবেশনে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন দেশে ৫০টির বেশি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি ২০০৯ সালে মাদার তেরেসা স্বর্ণপদকে ভূষিত হন।