অগ্রণী ব্যাংকে আইসিটি অফিসার পদে ১০০ নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনিও হতে পারেন অগ্রণী ব্যাংকের আইসিটি অফিসার l ছবি : প্রথম আলো
আপনিও হতে পারেন অগ্রণী ব্যাংকের আইসিটি অফিসার l ছবি : প্রথম আলো

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেডে অফিসার (আইসিটি) পদে ১০০ জনকে নিয়োগ করা হবে। সম্প্রতি বিভিন্ন পত্রিকায় বাংলাদেশ ব্যাংক এ নিয়োগ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৬ আগস্ট ২০১৬ পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছর মেয়াদি স্নাতক(সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট গ্রহণযোগ্য হবে না। সাধারণ প্রার্থীদের বয়স ০১-০৩-২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। আর মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে একই তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

এ পদে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে (erecruitment.bb.org.bd) অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে। ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Tracking Number Formটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা গ্রহণের পর উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে আবেদনে উল্লেখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র আহ্বান করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে কোটা-সংক্রান্ত নীতিমালা ও অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।

বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটি সূত্রে জানা গেছে, আবেদনের নির্ধারিত সময় শেষে প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছায়ের পর প্রার্থীদের ধাপে ধাপে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে এসব পরীক্ষা কত নম্বরে হবে, সে বিষয়টি এখনো প্রক্রিয়াধীন আছে বলে সূত্র জানায়। এসব পরীক্ষার তারিখ পরবর্তীকালে বিভিন্ন পত্রিকা ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত একজন অফিসার (আইসিটি) জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬ হাজার টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।