
চিরায়ত প্রশ্নের বাইরে গিয়ে আমরা প্রথমেই তাঁকে জিজ্ঞেস করি, বাংলা বর্ণমালার কোন বর্ণটি আপনার সবচেয়ে প্রিয়? তিনি হেসে বলেন, ‘প’। তারপর নিজে থেকেই ব্যাখ্যা দেন, ‘প-তে পড়ালেখা, প-তে পরিশ্রম। এই দুটি কাজই আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন।’
‘প’-কে ভালোবেসে জীবনের বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে এসেছেন অদ্রিকা এষণা। মৃদু কুয়াশার চাদর জড়ানো এক শীতের বিকেলে তাঁর সঙ্গে কথা হয় রাজধানীর মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে তিনি আমাদের সামনে মেলে ধরেন তাঁর জীবনের পড়ালেখা আর পরিশ্রমের গল্প।
অদ্রিকা জানান, এই দুই প-এর কল্যাণে তিনি ইতিমধ্যেই সামান্য খ্যাতি আর সম্মান কুড়িয়েছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের এই মেধাবী শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক শিক্ষায় যেমন পেয়েছেন সাফল্য, তেমনি সহশিক্ষা কার্যক্রমেও রয়েছে তাঁর অর্জন। বিভাগে ভালো ফলের জন্য উপাচার্য পদক এবং ডিনস পদক পেয়েছেন। ২০০৯ সালে ও-লেভেল পরীক্ষায় সেরা ফলের জন্য পেয়েছিলেন ডেইলি স্টার অ্যাওয়ার্ড।
সবকিছু ঠিক থাকলে আগামীকাল তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় গ্লোবাল ইউনাইটেড নেশনস কনফারেন্সে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। বাংলাদেশ থেকে কনফারেন্সে অংশ নিতে যে ১১ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন, তাঁদের মধ্যে তিনি অন্যতম। সহশিক্ষা কার্যক্রমের অর্জনের তালিকায় রয়েছে ইউনিস্যাব ইউনাইটেড নেশনস কনফারেন্সের প্রতিনিধি সনদ, ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন বিশেষ পুরস্কার, ব্র্যাক ইউনিভার্সিটি ক্যারিয়ার ফেয়ারের চেয়ারপারসন হিসেবে সনদ, গ্লোবাল মডেল ইউনাইটেড নেশনসের ডেলিগেশন সনদ, ব্রিটিশ কাউন্সিল সেরা পড়ুয়া সনদ। এ ছাড়া স্কুলে পড়ার সময় ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফিটাও শোভা পাচ্ছে তাঁর ঘরে।
অদ্রিকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ ও সেভেন বিলিয়ন সংগঠনে। ক্লেমন আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের তিনি ছিলেন মুখপাত্র।
এখানেই শেষ নয়; বিশ্ববিদ্যালয়ের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই সেখানে রয়েছে অদ্রিকার অংশগ্রহণ। নাচ, গান, র্যাম্প মডেলিং কিংবা অনুষ্ঠান উপস্থাপনা—কোনো না কোনোভাবে তাঁর মঞ্চে ওঠা অনিবার্য। খেলাধুলাতেও তিনি এগিয়ে। ব্যাডমিন্টন, সাঁতার ও বাস্কেটবলে দখল রয়েছে। গল্প কিংবা কবিতা লেখার মতো সৃজনশীল কাজও অদ্রিকার প্রিয়।
বাবা তৌহিদুল ইসলাম বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। মা ফৌজিয়া তৌহিদ অর্থ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের একটি যৌথ প্রজেক্টের ঊর্ধ্বতন কর্মকর্তা। পরিবারের মানুষদের দেখে দেখেই পরিশ্রম আর পড়ালেখার সঙ্গে ভাব করেছেন। অদ্রিকা জানান, উচ্চশিক্ষা নিতে দেশের বাইরে যেতে চান। পিএইচডি ডিগ্রি নিতে চান এমআইটি অথবা ক্যালটেক থেকে। আর পুরো জীবনটা সঁপে দিতে চান মানবকল্যাণে।