চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মডেল জাতিসংঘ অধিবেশনে অংশ নেন ৭০টি দেশের পাঁচ শতাধিক শিক্ষার্থী, যেখানে বাংলাদেশের পাঁচ শিক্ষার্থী ছিলেন সামনের কাতারে।‘চীনের মহাপ্রাচীর বেয়ে চলছি তো চলছিই। এর উচ্চতা ও বিশালত্ব কাছে না গেলে অনুমান করাটাও কঠিন। মহাপ্রাচীরের এক জায়গায় চোখ আটকে গেল। গাইড জানালেন, এর নাম লাভ লক। ওখানে ঝুলছে অসংখ্য ছোট তালা। এসব তালার মধ্যেই প্রেমিকযুগল ভালোবাসাকে প্রতিষ্ঠা ও চিরস্থায়ী করার লক্ষ্যে নিজেদের ভালোবাসাকে “লক” করে রাখেন।’ এভাবেই চীন সফরের নানা বিস্ময়ের একটি তুলে ধরেন বাংলাদেশ দলের এক সদস্য।এশিয়ান ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড ন্যাশনস (মুন) ২০১১-এ অংশ নিয়ে চীন থেকে সম্প্রতি দেশে ফিরেছেন বাংলাদেশ দলের পাঁচ ‘নবীন কূটনীতিক’—ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেফায়া রাশমিন ও তানজিমুল ইসলাম এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কানিজ ফাতেমা, আদিবা নাসের ও ফারাহ মাহবুব। হ্যাঁ, তাঁরা কূটনীতিকই বটে! আগামী দিনের কূটনীতিক। বাক্যুদ্ধে তাঁদের লড়াই করতে হয়েছে ৭০টি দেশের পাঁচ শতাধিক শিক্ষার্থীর সঙ্গে। এশিয়ার অন্যতম বৃহৎ এ সম্মেলন ‘এশিয়ান আন্তর্জাতিক মডেল জাতিসংঘ’ (এআইমুন) প্রতিবছর আয়োজন করে থাকে বিশ্বের অন্যতম খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান পিকিং ইউনিভার্সিটি, বেইজিং, চীন। এবারের অধিবেশনটি চলেছে ২৪-২৭ মার্চ।মুন-বিষয়টি স্পষ্ট করলেন কানিজ ফাতেমা, মডেল ইউনাইটেড ন্যাশনস বা সংক্ষেপে এমইউএন—মুন হলো একটি প্রতীকী জাতিসংঘ সম্মেলন, যেখানে বিশ্বের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তরুণ প্রজন্মের চিন্তাভাবনা প্রকাশ পায়। ঠিক জাতিসংঘের মতোই জিএ, জি-২০, ইউএনইপি, ইউনেসকো, ইউনিসেফ, ডব্লিউএফপি, এডিবি বা এইচএসসি কমিটি তাদের পূর্বনির্ধারিত বিষয় নিয়ে আলোচনা শুরু করে এবং নির্ধারিত চার দিনের মধ্যে বিভিন্ন যুক্তি, তর্ক-বিতর্ক, আলোচনা ও ছোট ছোট দল গঠন করে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করতে কাজ করে। এবারের মতো চতুর্থবার বাংলাদেশ থেকে এই অধিবেশনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।শুনে একটু খটকা লাগল যে, এ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন দুজন চীনা শিক্ষার্থী। কেন? বাংলাদেশি শিক্ষার্থীরা তবে কী করলেন? কানিজ ফাতেমা ও ফারাহ মাহবুব কেন অংশ নিলেন ইন্দোনেশিয়ার পক্ষে? আর রেফায়া রাশমিন, তানজিমুল ইসলাম ও আদিবা নাসেরই বা কেন নাইজেরিয়ার স্বার্থ রক্ষায় এত উদগ্রীব ছিলেন? এসব প্রশ্নের জবাব মিলল রেফায়ার কাছে, এটাই মুন সম্মেলনের নিয়ম। কেউ নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন না। অন্য দেশের সামাজিক, অর্থনৈতিক ও সংস্কৃতি সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করার স্বার্থে এমনটা করা হয়। তবে কে কোন দেশের প্রতিনিধিত্ব করবেন, তা ছয় মাস আগেই চূড়ান্ত হয়। সেভাবেই সবাই প্রস্তুতি নেন।বিভিন্ন দেশ থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে ৭০টি গ্রুপে ভাগ করা হয়, যাঁরা আবার ১১টি কমিটিতে অংশ নেন। আমাদের পাঁচ তরুণ অংশগ্রহণকারীর মধ্যে রেফায়া রাশমিন ও আদিবা নাসের ছিলেন সাধারণ পরিষদ, ফারাহ মাহবুব ও কানিজ ফাতেমা ছিলেন জি-২০ এবং তানজিমুল ইসলাম অংশ নিয়েছেন নিরাপত্তা কাউন্সিলবিষয়ক কমিটিতে।চতুর্থ দিন সম্মেলন শেষ হলেও আয়োজকদের সহযোগিতায় বাংলাদেশি প্রতিনিধিদল বেইজিংয়ের বিভিন্ন ঐতিহাসিক স্থান যেমন—চীনের প্রাচীর, সামার প্যালেস, ফরবিডেন সিটি, মিং সম্রাটদের রাজকীয় সমাধি, বিশ্বখ্যাত সিল্ক তৈরির কারখানা প্রভৃতি পরিদর্শন করে। আর পাঁচজনই যে জায়গায় গিয়ে সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন তা হলো, ‘ডক্টর টি’ নামের চায়ের বিশাল এক মার্কেট দেখে। সেখানে সব দোকানে শুধু চা আর চা। কতশত রকম চা যে সেখানে, তার হিসাব নেওয়া ভার।‘ওদের গল্প শুনেই বোঝা গেল যে তাদের বেড়ানোর ঝুড়িটাও অনেক বড়। শুধু তাই নয়, আমাদের অংশগ্রহণকারীদের মধ্যে আদিবা নাসের তো একেবারেই চীনা হয়ে গিয়েছিলেন চপস্টিক দিয়ে খাওয়ার ক্ষেত্রে পারদর্শিতা দেখিয়ে।’ জানালেন ফারাহ মাহবুব।আমাদের দেশের সঙ্গে পার্থক্যটা তুলে ধরতেই যে কথাটা তাঁরা বলেন তা হলো, চীনে ‘লেট নাইট’ বলে কোনো বিষয় নেই। সারা রাত অবধি মেয়ে কিংবা ছেলে সবাই প্রয়োজনমতো চলাফেরা করতে পারছেন। অগ্রসর সমাজের এক প্রতিচ্ছবি হচ্ছে চীন। ছবির মতো সাজানো বেইজিং শহর এবং অমায়িক ও আন্তরিক মানুষগুলোকে মনের মধ্যে ধারণ করে আমাদের তরুণেরা সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নিয়ে নিজ দেশে ফিরেছেন। তাঁদের মনে এখন একটাই স্বপ্ন—নিজ দেশকে সুন্দরভাবে সাজানোর, সহজভাবে দেশের সব সমস্যা সমাধান করার। কারণ, সময়টা যে অতিদ্রুত সামনে এগিয়ে চলেছে।এই পাঁচ তরুণের প্রাথমিক লক্ষ্য—মডেল ইউনাইটেড ন্যাশনসকে (মুন) দেশের সব শিক্ষার্থীর কাছে পরিচিত করে তোলা এবং নতুনদের অংশগ্রহণের সুযোগ অবারিত করা। তানজিমুল ইসলাম বলেন, এ জন্য এ বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁরা একটি কমিটি গঠন করেছেন। ‘আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ে জাতীয়ভাবে মুন আয়োজন করার। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে আন্তর্জাতিকভাবে এ সম্মেলন বাংলাদেশে আয়োজন করার।’ এশিয়ান মুন সম্মেলনে যাঁরা অংশ নিতে আগ্রহী, তাঁরা যোগাযোগ করতে পারেন ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে (ইউনিস্যাব)। বিস্তারিত তথ্য: http://www.unysab.org/। কানিজ ফাতেমা জানান, এবারের চীন সফরে সার্বিক সহযোগিতা করেছে ইউনাইটেড গ্রুপ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।