
এই ডাব্বাটা আর দুই নম্বর জিনিসটা কীভাবে আমাদের মধ্যে এসে জুটল, আমার হিসাবে আসে না!
খামোশ! ‘দুই নম্বর জিনিসটা’ বললে কিন্তু আমি ‘এক নম্বর স্টুপিড’ বলতে বাধ্য হব!
আর আমাকে যে ডাব্বা বলল! অথচ নামীদামি তারকা তো বটেই, সাধারণ মানুষজন পর্যন্ত আমার ফিগার পেতে চায়। কত বড় সাহস, ডাব্বা বলে!
এই যে, ঝগড়াঝাঁটি করলে আমার ত্রিসীমানার বাইরে গিয়ে করো। ভাল্লাগে না এসব।
চার, তোমার ব্যাপার-স্যাপার আমি বুঝি না। ইংরেজি আটের চেহারাসুরত কপি-পেস্ট করে জেন্টলম্যান হয়ে বসে আছ। পুরাই কনফিউজিং চেহারা!

অন্যের চেহারা নিয়ে কমেন্ট করার আগে নিজের চেহারার দিকে ভালোভাবে একবার তাকিয়ে দেখো। বাংলার পাঁচ একটা!
অবস্থাটা দেখো, নিজেদের মধ্যেই যদি এমন হয়, তবে এরা পাশাপাশি বসে সংখ্যা হবে কীভাবে! একেকটার কী যে লোয়ার ক্লাস অঙ্কত্ব!
ওরে নীতিমান রে! অঙ্কত্ব নিয়ে লেকচার দিতে আসছে। নয়ের সঙ্গে মিলে কী করো, সেটা সবার জানা আছে!
এর মধ্যে আবার আমাকে জড়ানো হচ্ছে কেন? ও ভাই সাত, তুমি চুপ যে। কই, পাঁচের সঙ্গে যে তোমার খাতির, সেটা নিয়ে তো কারও মাথাব্যথা দেখছি না!
আমাকে নিয়ে আবার কে কী বলবে! খুন করে ফেলব না। জানো তো আমার খুনের অপরাধও মাফ! হাউ লাকি আই অ্যাম!
একটা ‘অড নাম্বার’ হয়ে তুমি যে কীভাবে লাকি হও, অষ্টপ্রহর ভেবেও এর কোনো কূলকিনারা পাই না! আজিব আজিব সব হিসাব!