
বস্তির সহজ-সরল ছেলে বিলু হঠাৎই খুন করে বসল দুই মাদক ব্যবসায়ীকে। ভিক্ষুক ও মাদক বিক্রেতা বিলু কী আসলেই নিষ্ঠুর অপরাধী? নাকি আর দশজন মধ্যবিত্তের মতো সেও সাধারণ মানুষ। বিলুদের মতো বস্তিবাসীর সুখ–দুঃখ নিয়ে রাহমান নাছির উদ্দীনের রচনা ও নির্দেশনায় নাটক বাতিলের ঘরবসতি মঞ্চস্থ হয় ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় নগরের জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অঙ্গনের দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবের শেষ দিনে এই নাটক ছাড়াও ছিল সমবেত সংগীত, নাচ ও তথ্যচিত্র প্রদর্শনী।
মেঘে মেঘে ২৫ বছর কেটে যাওয়া তো কম কথা নয়। এই ২৫ বছরে অঙ্গনের সদস্যরা বিশ্ববিদ্যালয় আর শহরের সাংস্কৃতিক আঙিনায় বহু বর্ণময় ঢেউ তুলেছেন। ১০ ফেব্রুয়ারি রজতজয়ন্তী উৎসবের শুরুর দিন সেই ঢেউ যেন পুনর্বার আছড়ে পড়ল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কবিগান, শোভাযাত্রা, নাটক, আবৃত্তি, নাচ আর সংগীতের সুরে ভাসলেন শিক্ষার্থীরা।
এবারের উৎসবের স্লোগান ছিল ‘সুস্থ সংস্কৃতি হোক মানবিক সমাজ গঠনের হাতিয়ার’। ১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় ইউসুফ কবিয়ালের কবিগান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। কবিগানের পর জারুলতলা থেকে শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রার পর অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা বেলুন ও কবুতর উড়িয়ে রজতজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এই সময় অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন সংগঠনের সদস্যরা। এরপরেই অধ্যাপক রাহমান নাছির উদ্দীনের সভাপতিত্বে শুরু হয় কথামালা। এতে অংশ নেন অঙ্গনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাস্কর রঞ্জন সাহা, প্রতিষ্ঠাকালীন সদস্য কানাই লাল মজুমদার, হাসিনা আরজু, হোসনে আরা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন অঙ্গনের সাধারণ সম্পাদক শাহরিয়ার তানজিম।
কথামালার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘ধনধান্যে পুষ্পেভরা’, ‘তারে ধরি ধরি’, ‘কালো জলে কুচলা তলে’ ও ‘ও আমার দরদি’। এরপর ছিল যুগল কণ্ঠে গান। গান পরিবেশন করেন অপু, পিয়াঙ্কা, ফারজানা, টুম্পা, মোবারক, রকি, মেহেদী, হেলাল, সুমি, পায়সা, অম্রা, পাপিয়া প্রমুখ।
উৎসবের শেষ দিনে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠান সাজানো হয় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে। বিকেল সাড়ে পাঁচটায় ‘হইহই রইরই ব্যাপার, মেঘে মেঘে অঙ্গনের ২৫ বছর পার’ সমবেত সংগীত পরিবেশন করেন সংগঠনের সদস্যরা। গানের সঙ্গে সঙ্গে বেলুন ওড়ান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। এরপরই তিনি অঙ্গনের রজতজয়ন্তী উৎসবের স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
উৎসবে নাচ ও গানের পাশাপাশি ছিল আবৃত্তি। ‘আমি কোনো আগন্তুক নই নয়’—এই কবিতা শুনিয়ে দর্শকদের মুগ্ধ করেন শাহরিয়ার তানজিম। অঙ্গন নিয়ে তৈরি তথ্যচিত্রও মুগ্ধ করেছে দর্শকদের। অঙ্গনের ২৫ বছরের পথচলা নিয়ে নির্মিত এই তথ্যচিত্র ছিল ২৫ মিনিটের। সবশেষে সন্ধ্যা সাড়ে সাতটায় মূল মিলনায়তনে পরিবেশিত হয় অঙ্গনের নাটক বিভাগের তৃতীয় প্রযোজনা বাতিলের ঘরবসতি। নাটকটিতে অভিনয় করেন হিমেল, আলাউদ্দীন, তানজীম, সুমিতা, দীপ্ত, নিশী, হেলাল, সৌরভ, মেহেদী, মিতু, সানজী, সুমন, দয়া ও সোয়াইব।