অঙ্গীকার-আনন্দ
বন্দরনগর রূপসী চট্টলায় প্রথম আলোর শপথযানের আগমনে পড়েছিল দীর্ঘ লাইন। অঙ্গীকার রক্ষায় দ্বিধাদ্বন্দ্বে পরাজিত হয়ে পর পর দুবার লাইন থেকে ফিরে আসা। অবশেষে অসংখ্য শপথের ভিড়ে অতি ক্ষুদ্র ও সাধারণ একটি অঙ্গীকার করেছিলাম পবিত্র কলমের আঁচড়ে শান্তির সাদা ব্যানারের বুকজুড়ে। প্রতিবছর জন্মদিন পালন করব ‘স্বেচ্ছায় এক ব্যাগ রক্তদান ও একটি চারাগাছ রোপণের মাধ্যমে’। আর সেই অঙ্গীকারনামা নিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে ছুটে গিয়েছিলাম লাখো শপথের মধ্যে একাত্মতা প্রকাশ করতে। বজ্রকঠিন শপথসংবলিত ব্যানার বুকে ধারণ করে নগ্ন পায়ে বালুকাবেলায় হাতে হাত ধরে দাঁড়িয়েছিলাম ভূখণ্ডের সীমারেখার অন্তিম প্রান্তে। পেছনে সাগরের নীল জলরাশির উত্তাল তরঙ্গ, মাথার ওপর বিস্তীর্ণ আকাশ, পায়ের নিচে প্রাণপ্রিয় জন্মভূমির মাটি আর সামনে স্বর্ণালি আগামীকে সাক্ষী রেখে এক প্রত্যয়ে, এক সুরে লাখো প্রাণের শপথধ্বনি আছড়ে পড়েছিল আপামর হূদয়ে। গত পয়লা সেপ্টেম্বর জীবনের ২৫তম শরতে পদার্পণ করলাম সেই ক্ষুদ্র অঙ্গীকারের সফল বাস্তবায়নের মাধ্যমে। অঙ্গীকারকে আনন্দরূপে আঁকড়ে রেখে জীবনের আগামী শরত্গুলো বদলে দিতে চাই কাশফুলের শুভ্রতায়। এখন অনুভব করি, অন্যকে বদলানোর চেয়ে নিজেকে বদলানো অনেক সহজ। তাই নিজেকে বদলাব আগে। মোহাম্মদ শাহজাহানচট্টগ্রাম বন্ধুসভা।