৩১ শয্যার আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স নষ্ট ১০ মাস ধরে। অচল হয়ে পড়ে আছে পটিয়ার একটি গ্যারেজে। ২৬ বছরের পুরোনো এক্স-রে যন্ত্রটিও এখন বিকল। সেটিও এক বছর ধরে তালাবদ্ধ। ফলে সেবা পাচ্ছেন না হাসপাতালে আসা লোকজন। মুমূর্ষু রোগীদের জেলা সদরের হাসপাতাল কিংবা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্বজনদের।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছর ২৫ জানুয়ারি অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে চমেক হাসপাতালে যায়। ওই দিন ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি। তখন থেকে এটি গ্যারেজে পড়ে আছে। মেরামত-খরচ চেয়ে একাধিকবার দাপ্তরিক পত্র পাঠালেও প্রয়োজনীয় অর্থ মেলেনি এখনো।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক আব্দুল জব্বার বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি চট্টগ্রামের পটিয়ায় একটি গ্যারেজে রাখা হয়েছে। এটি ঠিক করতে এক লাখ ৬০ হাজার টাকা লাগবে। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. মোখলেছুর রহমান বলেন, অ্যাম্বুলেন্স মেরামতের জন্য স্বাস্থ্যবিভাগ থেকে ৮০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গিয়েছিল। কিন্তু এতে মেরামতের খরচ সংকুলান হবে না বলে সেই টাকা ফেরত পাঠানো হয়েছে। উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, ‘উপজেলা পরিষদের তহবিল থেকে অ্যাম্বুলেন্স মেরামতের জন্য ধার হিসেবে টাকা দিতে একাধিকবার সমন্বয় সভায় উত্থাপন করেছি। কিন্তু কমিটিকে রাজি করাতে না পারায় টাকা দেওয়া সম্ভব হয়নি।’ তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্স না থাকায় ভাড়ায়চালিত গাড়ি দিয়ে রোগী পরিবহন করতে হচ্ছে। এতে আর্থিক ক্ষতি হচ্ছে, পোহাতে হচ্ছে ভোগান্তিও। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটিও নষ্ট এক বছর ধরে। ফলে হাড়ভাঙা ও যেকোনো আঘাতজনিত রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। তাঁদের চলে যেতে হচ্ছে জেলা শহরে। এ বিষয়টি স্বাস্থ্য প্রকৌশল শাখায় জানানো হলেও এখনো সাড়া মেলেনি বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের রেডিওগ্রাফার জহিরুল হক। তিনি জানান, এক্স-রে যন্ত্রটি ১৯৮৬ সালে আনা হয়। যেকোনো ছবির জন্য ন্যূনতম ৩০০ এমএ (মিলি এমপিয়ার) ক্ষমতাসম্পন্ন এক্স-রে যন্ত্র দরকার। আর নষ্ট হওয়া যন্ত্রটি মাত্র ১০০ এমএ ক্ষমতাসম্পন্ন।এ ব্যাপারে বান্দরবান সিভিল সার্জন ডা. মং তেজের কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি জানান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদকে বিষয়টি জানানো হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্যবিষয়ক আহ্বায়ক ক্য সা প্রু মারমা বলেন, ‘অনেক দিন আগে থেকে বিষয়টি আমার নজরে আছে। সমস্যা সমাধানের জন্য জেলা পরিষদ চেয়ারম্যানকে আবার বলব।’