অচল টেকনাফ স্থলবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফঁাকা টেকনাফ স্থলবন্দর l প্রথম আলো
ফঁাকা টেকনাফ স্থলবন্দর l প্রথম আলো

বিরোধী জোটের টানা অববোধ ও হরতালে অচল হয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর। মিয়ানমার থেকে নৌপথে আনা আমদানি পণ্য ট্রাকে বোঝাই করে চট্টগ্রাম-ঢাকা সরবরাহ না হওয়ায় কমে গেছে সরকারের রাজস্ব আয়ও।
ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৫ দিনের টানা অবরোধ ও হরতালে এই বন্দরের ÿক্ষতি হয়েছে প্রায় ১০ কোটি টাকা। গত ২৯ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, কর্মচঞ্চল স্থলবন্দর ফাঁকা। বন্দরের ১ নম্বর জেটিতে (নাফ নদীর তীরে) মালবোঝাই পাঁচটি কাঠের ট্রলার নোঙর করে রাখা হয়েছে। কিন্তু মালামাল খালাস করা হচ্ছে না। পাশের ২ নম্বর জেটিতে নোঙর করা আরও সাতটি ট্রলার। দুটি ট্রলার থেকে কয়েকজন শ্রমিক মাছ ও কাঠ খালাস করছেন। এদিকে মালামাল ট্রাকে বোঝাই করা বন্ধ।
টেকনাফ স্থলবন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তা (কাস্টম সুপার) নূরে আলম জানান, টানা অবরোধ ও হরতালে বন্দরে কার্যক্রম সচল থাকলেও পণ্যবাহী ট্রাক বন্দর ছেড়ে যেতে পারছে না। এ কারণে সরকারের দৈনিক ১০ লাখ টাকার বেশি রাজস্ব আয় কমে গেছে। অন্যান্য মাসে মিয়ানমার থেকে আনা আমদানি পণ্যের বিপরীতে সরকার প্রায় ছয় কোটি টাকার মতো রাজস্ব আদায় করলেও গত মাসে আদায় হয়েছে আড়াই কোটি টাকা। এ ক্ষেত্রে সরকারের রাজস্ব আয় কমে গেছে সাড়ে তিন কোটি টাকা। আমদানি-রপ্তানি পণ্যের বিপরীতে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ÿক্ষতির পরিমাণ আরও বেশি।
টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক জানান, টানা অবরোধ ও হরতালে কারনে সীমান্ত বাণিজ্যে ধস নেমেছে। গত ২৫ দিনে আমদানি–রপ্তানিকারকদের ব্যবসায়িক ক্ষতি হয়েছে সাড়ে ছয় কোটি টাকা। হরতাল–অবরোধ চলতে থাকলে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তখন মিয়ানমারে অগ্রিম টাকায় কিনে রাখা ব্যবসায়ীদের বিপুল পরিমাণ মাছ, আদা, মসলাসহ খাদ্যদ্রব্য নষ্ট হবে।
শ্রমিকেরা জানান, আগে এই বন্দর দিয়ে পণ্য বোঝাই করে দৈনিক ৬০ থেকে ৭০টি ট্রাক চট্টগ্রাম, ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যেত। আর এখন যাচ্ছে দু-তিনটি। তাও ঝুঁকি নিয়ে। টানা অবরোধ-হরতাল চলতে থাকলে পাঁচ শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়বেন। ইতিমধ্যে দুই শতাধিক শ্রমিক অভাব-অনটনে দিন কাটাচ্ছেন।
স্থলবন্দরের শুল্ক বিভাগ সূত্র জানায়, গত ডিসেম্বর মাসে এই বন্দর দিয়ে মিয়ানমারে ৩ কোটি ১৪ হাজার টাকার পণ্য রপ্তানি হয়েছে, যা জানুয়ারি মাসে নেমে এসেছে ১ কোটি ২০ লাখ টাকায়। অন্যদিকে গত ডিসেম্বর মাসে মিয়ানমার থেকে প্রায় ৭০ কোটি টাকার পণ্য আমদানি হলেও জানুয়ারি মাসে তা কমে ৩৫ কোটি টাকার নিচে নেমে এসেছে।
স্থলবন্দরের আদা-হলুদ ব্যবসায়ী আবুল হাশেম ও মাছ আমদানিকারক মো. কায়সার জানান, মিয়ানমার থেকে নৌপথে মালামালভর্তি ট্রলার স্থলবন্দরে পৌঁছালেও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পণ্য খালাস করা যাচ্ছে না।
স্থলবন্দর থেকে মালবোঝাই ট্রাক ঢাকা যাওয়ার সময় চট্টগ্রামের সাতকানিয়া, ফেনী ও নারায়ণগঞ্জ এলাকায় হামলার শিকার হচ্ছে। এ কারণে ব্যবসায়ীরা ঝুঁকি নিচ্ছেন না, পরিবহন মালিকেরাও ট্রাক ভাড়া দিতে রাজি হচ্ছেন না। আবার ট্রাক পাওয়া গেলেও ভাড়া দাবি করা হচ্ছে দ্বিগুণ। তাই ব্যবসায়ীরা হাত গুটিয়ে বসে আছেন।