খাগড়াছড়ির দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয় ২০১১ সালের প্রথম দিকে। এক কক্ষে ১৩টি কম্পিউটার নিয়ে ল্যাবটি স্থাপন করা হয়েছিল বিদ্যালয়ের কস্পিউটার শিক্ষার শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের জন্য। কিন্তু বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে চালানো যাচ্ছে না কম্পিউটার। ফলে গত এক বছর ধরে ল্যাব আর ব্যবহার হচ্ছে না। শুধু দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয় নয়, একই অবস্থা উপজেলার হাচিনসনপুর, বড়দাম, মেরুং ও বাবুছড়া উচ্চবিদ্যালয়ের। এই চারটি বিদ্যালয়েও লো-ভোল্টেজের কারণে অচল হয়ে পড়ে আছে ল্যাব । সরেজমিনে ঘুরে এ চিত্র পাওয়া গেছে।দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা জানান, বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ২৫ জন। লো-ভোল্টেজের কারণে ল্যাব বন্ধ থাকায় শিক্ষার্থীদের হাতে-কলমে কম্পিউটার শিক্ষা দেওয়া যাচ্ছে না। বেশ কয়েকবার চালু করার চেষ্টা করে উল্টো কম্পিউটারে সমস্যা হয়েছে।হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া বলেন, ল্যাব স্থাপনের পর থেকে বিদ্যুৎ সমস্যার কারণে কম্পিউটারগুলো এক দিনও চালানো সম্ভব হয়নি। এখানে কম্পিউটার শিক্ষার শিক্ষার্থী রয়েছে ৩০ জন।ওই বিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম, মোমেনা আক্তার, স্বপন চাকমা, পরেশ চাকমা ও অজয় চাকমা জানায়, তারা কম্পিউটার শিক্ষা বিভাগের শিক্ষার্থী। কিন্তু ব্যবহারিক ক্লাস করতে না পারায় পিছিয়ে পড়ছে। তা ছাড়া তাঁদের পরিবারের ব্যক্তিগতভাবে কম্পিউটার কেনার সামর্থ্যও নেই। এদিকে বাবুছড়া উচ্চবিদ্যালয়ে ৩৪ জন, মেরুং উচ্চবিদ্যালয়ে ১০ জন ও বড়দাম উচ্চবিদ্যোলয়ে.. জন শিক্ষার্থী রয়েছে। এই বিদ্যালয় তিনটিতেও ল্যাব চালু না থাকায় শিক্ষার্থীরা ব্যবহারিক ক্লাস করতে পারছে না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১৩টি উচ্চবিদ্যালয়ের মধ্যে কম্পিউটার ল্যাব রয়েছে পাঁচটিতে। ছয়টি বিদ্যালয়ে রয়েছে একটি করে কম্পিউটার। এ ছাড়া দুইটি দাখিল মাদ্রাসায় কম্পিউটার রয়েছে একটি করে। উল্লিখিত এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষা বিভাগের শিক্ষার্থী ভর্তি করানো হয়েছে।এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ বলেন, ‘আমার কার্যালয়ের কম্পিউটারটি ইউপিএস লাগিয়েও চালানো যাচ্ছে না। বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবগুলোতেও একই সমস্যা। ফলে শিক্ষার্থীদের কম্পিউটারচর্চা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি আমি উপজেলার সমন্বয় সভায় আলোচনা করব।’ জানতে চাইলে দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা বলেন, দীঘিনালায় বিদ্যুতের লো-ভোল্টেজের সমস্যা দীর্ঘদিনের। উপকেন্দ্রে ২২০ ভোল্টের মধ্যে পাচ্ছি ১৬০ থেকে ১৮০ ভোল্ট পর্যন্ত। লো-ভোল্টেজের সমস্যাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।