অচল সড়ক সচল করলেন গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙা রাস্তায় চলে না রিকশা, অটোরিকশা। আসে না অ্যাম্বুলেন্সও। প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন ফেনীর সোনাগাজীর চান্দলা গ্রামের বাসিন্দারা  l প্রথম আলো
ভাঙা রাস্তায় চলে না রিকশা, অটোরিকশা। আসে না অ্যাম্বুলেন্সও। প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন ফেনীর সোনাগাজীর চান্দলা গ্রামের বাসিন্দারা l প্রথম আলো

যানবাহন দূরে থাক, নুর মোহাম্মদ সড়ক দিয়ে হেঁটেও চলাচল করা ছিল কষ্টকর। বেহাল সড়ক দিয়ে অ্যাম্বুলেন্স কিংবা লাশবাহী গাড়িও যেতে পারত না। তবে সড়কটি সংস্কারের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে থাকেননি ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চান্দলা গ্রামের বাসিন্দারা। স্বেচ্ছাশ্রম দিয়ে নিজেরাই সচল করেছেন অচল সড়ক।
তিন কিলোমিটার দীর্ঘ ইট বিছানো এই সড়ক সংস্কারের জন্য চান্দলা গ্রামের বাসিন্দারা ৫০ হাজার টাকা চাঁদা তুলেছেন। সড়ক সংস্কারে অংশ নিয়েছেন অর্ধশত নারী-পুরুষ। তিন দিন ধরে চলা সংস্কারকাজ শেষ হয় ১০ অক্টোবর।
১০ অক্টোবর চান্দলা গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের তরুণ-যুবক ও বয়স্ক ব্যক্তিরা ইট, বালু দিয়ে সড়কের গর্ত ভরে দিচ্ছেন। বেলচা, কাঠ ও কোদাল দিয়ে এবড়োখেবড়ো সড়ক সমান করছেন। কেন এমন উদ্যোগ, প্রশ্ন করতেই গ্রামের সিঙ্গাপুর–প্রবাসী যুবক নুরুল আফসার বলেন, দুলাল হোসেন চৌধুরী নামের মিসর–প্রবাসী একজন গ্রামবাসী কোরবানির ঈদের আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। তাঁর লাশ ঢাকা বিমানবন্দর থেকে গ্রামের সীমানা পর্যন্ত আনার পর রাস্তা খারাপ থাকায় আর অগ্রসর হতে পারেনি অ্যাম্বুলেন্স। কয়েক কিলোমিটার দূর থেকে গ্রামবাসী খাটিয়ায় করে তাঁর লাশ নিয়ে আসেন বাড়িতে। এ ঘটনা গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। পরে সবাই মিলে নুর মোহাম্মদ সড়ক সংস্কারের উদ্যোগ নেন। গ্রামের ইকবাল হোসেন, মহসীন, সোহাগ, আজাদ, কামালসহ কয়েকজন যুবক সড়ক সংস্কারের জন্য গ্রামবাসীর কাছ থেকে চাঁদা তুলে তহবিল তৈরি করেন। ৫০ হাজার টাকা উঠে আসার পর ইটভাটা থেকে ইট এবং বালু সংগ্রহ করা হয়। শেষে তিন দিনেই সড়কটির সংস্কারকাজ শেষ হয়। বর্তমানে সড়কটি সম্পূর্ণ চলাচল–উপযোগী।
ইকবাল হোসেন বলেন, বেশ কয়েক বছর ধরে সড়কটি সংস্কার হয়নি। ছোট–বড় গর্তের সৃষ্টি হয়ে এটি যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রামবাসীর পক্ষ থেকে বারবার বলা হলেও কাজ হয়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এ কে এম তকি বলেন, গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার ও মেরামত করেছেন। এ জন্য তাঁরা প্রশংসার দাবিদার। তিন বছর আগে সড়কটি সংস্কার হলেও এবার আবার ভেঙে গেছে।