সমাজের সনাতন প্রথা, শ্রেণিবিভেদ ও অচলায়তন ভাঙতে প্রয়োজন একটি নব শক্তির উত্থান। নতুন জীবনের সন্ধানে মুক্তির বার্তা নিয়ে এগিয়ে চলার কাহিনি নিয়ে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক তাসের দেশ।
গত ২৯ জানুয়ারি থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। বিকেল চারটায় ও সন্ধ্যা সাতটায় চলে দুটি প্রদর্শনী। ক্যানসারে আক্রান্ত নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শামসুল ইসলামের চিকিৎসার সহযোগিতায় এই নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়। নাটকের নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের সভাপতি অসীম দাশ।
নাটকের শুরুতে দেখা যায়, রাজপুত্রের জীবন সর্বদা সুখকর রাখতে চেষ্টা করে চলেছেন রাজমাতা। অথচ বৈচিত্র্যহীন একঘেয়ে জীবন কিছুতেই মেনে নিতে পারে না প্রাণোচ্ছল রাজপুত্র। অজানাকে জানার উদ্দেশ্য নিয়ে সাগরে পালতোলা নৌকা ভাসিয়ে রাজপুত্র একদিন বেরিয়ে পড়ে বন্ধু সওদাগরপুত্রকে নিয়ে। সাগর পাড়ি দিয়ে তাদের নৌকা ভেড়ে তাসের দেশে।
রাজপ্রাসাদের বদ্ধ পরিবেশ থেকে মুক্ত হয়ে মনের আনন্দে নেচেগেয়ে বেড়ায় দুজন। কিন্তু তাসের দেশে পৌঁছে তারা দেখে, এই দেশের মানুষেরা চলাফেরা, কথাবার্তা ও আচরণ সব করে পুতুলের মতো। তাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস নেই। দ্বন্দ্ব-সংঘাত ও কাজের প্রক্রিয়াটিও নির্দিষ্ট নিয়মের মধ্যে। রাজার আদেশেই পরিচালিত হয় সবকিছু। এদিকে রাজপুত্রের চঞ্চলতা আর চিন্তাধারা প্রবাহিত হয় ইস্কাপন, রুইতন, হরতনী, চিঁড়তনী ও তাসের দেশের নারী-পুরুষদের মধ্যে। রাজপুত্রের সঙ্গে তারা গাইল নিয়মভাঙার গান। অবচেতনে সবাই মানুষ হয়ে ওঠার বাসনায় যোগ দেয় বিদ্রোহে। একপর্যায়ে রানিও যোগ দেয় তাদের সঙ্গে। শেষে রাজা জনমতকে মেনে নিয়ে তাসের দেশের সব নিয়মকানুন ও অচলায়তন জলে ভাসিয়ে গাইলেন মুক্তির গান।
সংলাপে ঠাসা, নাচ, গান, আলোর প্রক্ষেপণ, সাবলীল অভিনয় ও পরিকল্পিত নাট্যরূপে উঠে এসেছে সমাজবদলের জয়ধ্বনি।
নাটকে রাজপুত্র চরিত্রে অভিনয় করেছেন শহীদুল ইসলাম, সওদাগরপুত্র কে এম সানাইল হক, রাজা আবির মণ্ডল ও রানি শরাবন তাহুরা। ভালো লেগেছে রুইতন চরিত্রে মামুনুল হক, হরতনী নিশিগন্ধা দাশগুপ্তা, ছক্কা নাজমুল হুদা, পাঞ্জা ইমরান হোসেন ও গোলাম চরিত্রের মাহমুদুল হকের অভিনয়। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চিঁড়তনী মুসলিমা খাতুন, ইস্কাপন লতিফা ইয়াসমিনসহ নাট্যকলা বিভাগের ৩৪ জন শিক্ষার্থী।
নাটকের দুটি প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। দ্বিতীয় প্রদর্শনীর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এতে সভাপতিত্ব করেন নাট্যকলা বিভাগের সভাপতি অসীম দাশ। সঞ্চালনা করেন নাট্যকলার িশক্ষক কুন্তল বড়ুয়া। আরও বক্তব্য দেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ। সিটি মেয়র শামসুল ইসলামের চিকিৎসায় এক লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।
শামসুল ইসলামের চিকিৎসা সহযোগিতা করতে পারেন যে কেউ। সাহায্য পাঠানোর ঠিকানা: সভাপতি, নাট্যকলা বিভাগ, হিসাব নম্বর: ০২০০০০২০৪২৪৮৬, অগ্রণী ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। বিকাশ: ০১৭৭১৮৪৯৯১৭।